এবার হিগুয়েইনের জবাব
এ সুযোগটারই অপেক্ষায় ছিলেন গঞ্জালো হিগুয়েইন? নাপোলির মাঠে নাপোলিরই জালে বল জড়িয়ে জবাব দেবেন সব সমালোচনার!
পরশু নাপোলির জালে দুবার বল জড়িয়েছেন এই মৌসুমেই বিতর্কিতভাবে নাপোলি ছেড়ে জুভেন্টাসে যাওয়া আর্জেন্টাইন স্ট্রাইকার। তাতেই পুড়ল নাপোলির কপাল। কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে পরশু ৩-২ গোলে জিতেছে নেপলসের ক্লাবটি, কিন্তু দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে ফাইনালে উঠল জুভেন্টাসই।
হিগুয়েইন জবাবটা দিয়েছেন আসলে নাপোলি সভাপতি অরেলিও ডি লরেন্তিসকে। জুভেন্টাসে যাওয়ার সময়ই বলেছিলেন, লরেন্তিসের বাজে আচরণের কারণেই নাপোলি ছাড়ছেন। লরেন্তিসকে ‘মিথ্যাবাদী অথবা তুখোড় অভিনেতা’ও বলেছিলেন। পরশু গোল করার পরই তাই হিগুয়েইন বুনো উদ্যাপন করলেন স্টেডিয়ামের ভিআইপি বক্সের সামনে গিয়ে, যেখানে বসে ছিলেন লরেন্তিস!
তবে লরেন্তিসের আচরণ হোক বা অন্য কোনো কারণে, হিগুয়েইনের প্রতিদ্বন্দ্বী ক্লাবে যাওয়া মেনে নেননি নাপোলি সমর্থকেরা। গত রোববারও এই মাঠে লিগের ম্যাচ খেলেছিল নাপোলি-জুভেন্টাস, যেটি ছিল জুভের জার্সিতে হিগুয়েইনের প্রথমবার নাপোলিতে ফেরা। সেই ফেরাকে কেন্দ্র করে নাপোলি সমর্থকেরা হিগুয়েইনকে যত রকমভাবে অপমান করা যায়, তা করেছেন। ১-১ ড্র সেই ম্যাচটিতে অবশ্য হিগুয়েইন ভালো খেলেননি, গোলও পাননি।
পরশু পেলেন, তা-ও আবার দুটি। ৩২ মিনিটে তাঁর গোল, ৫৮ মিনিটে ম্যাচে সমতা ফেরান নাপোলির মারেক হামসিক। ৫৮ মিনিটে আবার হিগুয়েইনের গোল, তবে ৬১ মিনিটে দ্রিস মের্টেনস ও ৬৭ মিনিটে লরেঞ্জো ইনসিনিয়ের গোলে ম্যাচটা জেতে নাপোলি। কিন্তু প্রথম লেগে জুভেন্টাসের মাঠে ৩-১ গোলের জয়, আর পরশু হিগুয়েইনের দুই গোলে শেষ হাসি জুভেন্টাসেরই। ২ জুন ফাইনালে তাদের প্রতিপক্ষ লাৎসিও। এএফপি।