এবার হেলিকপ্টারও গেল নেইমারের!
তাঁর ব্যক্তিগত জেট, প্রমোদতরি আগেই জব্দ করা হয়েছিল। কর ফাঁকি-সংক্রান্ত মামলায় আদালত এবার নেইমারের ৩৮ লাখ ডলারের হেলিকপ্টারটিও জব্দ করার নির্দেশ দিয়েছেন।
চাইলে বাের্সলোনা ফরোয়ার্ড অবশ্য এখনো হেলিকপ্টারটি ব্যবহার করতে পারবেন। তবে সেটি এখনই বিক্রি করতে পারবেন না। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেটির ওপর কার্যত বার্সার ব্রাজিলিয়ান স্ট্রাইকারের মালিকানাও থাকছে না। নেইমারের আইনজীবীরা এর মধ্যেই জানিয়েছেন, তাঁরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করবেন।
গত সেপ্টেম্বরে সাও পাওলোর ফেডারেল আদালত নেইমারের প্রায় ৪ কোটি ৮০ লাখ ডলার পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। অপরাধ? ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে আয় কম দেখিয়ে কর ফাঁকি দিয়েছিলেন নেইমার। সেই রায়ের বিরুদ্ধে তখন আপিল করেছিলেন ব্রাজিল অধিনায়ক, তবে সেটি গত মাসে খারিজ হয়ে যায়। উল্টো সুদের হারের হিসাবে জরিমানার পরিমাণ আরও বেড়ে গেছে। শুধু হেলিকপ্টার বা জেট নয়, সঙ্গে ব্রাজিলের গুরাউয়া, সান্তোস, প্রাইয়া গ্রান্দে, সাও ভিসেন্তে, সাও পাওলো ও ইতাপেমা অঞ্চলে বার্সা ফরোয়ার্ডের কিছু ব্যক্তিগত সম্পত্তিও জব্দ করতে নির্দেশ দিয়েছেন আদালত। আইএএনএস।