এবার 'জার্মান' ব্যালন ডি'অর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুইজের প্রশ্ন হতে পারে, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বাইরে সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছিলেন কে? গৌরবটা কাকার, সেটাও সাত বছর আগে। এর পর থেকে শুধুই মেসি-রোনালদোর রাজত্ব। চার বছর ধরে অবশ্য পুরস্কারটা ফিফা-ব্যালন ডি’অর নামে দেওয়া হচ্ছে। সেই রাজ্যপাটে শিগগিরই অন্য কেউ হানা দেবেন এমন সম্ভাবনাও কম। তবে মিশেল প্লাতিনি চান এবার ধারাটির শেষ হোক। উয়েফা সভাপতি মনে করেন, মেসি বা রোনালদো নন, বিশ্বকাপজয়ী জার্মানির কারোরই পাওয়া উচিত পুরস্কারটা।

ব্যালন ডি’অর নির্বাচনে ভোট দেওয়ার অধিকার শুধু ফিফার সদস্যদেশগুলোর কোচ, অধিনায়ক ও সাংবাদিকদের। প্লাতিনির ভোটাধিকার নেই। সেটা মনে করিয়ে দিয়েই ফরাসি কিংবদন্তি বলছেন, ‘আমি ব্যালন ডি’অরের জন্য ভোট দিতে পারি না। কিন্তু নীতিগতভাবে বিশ্বকাপজয়ী দলের হয়ে যার দুর্দান্ত পারফরম্যান্স থাকে, তারই পুরস্কারটা জেতা উচিত। তাই এই বছর এটা পাওয়া উচিত কোনো জার্মানের।’ নির্দিষ্ট করে কারও নাম অবশ্য তিনি বলেননি।

গত বিশ্বকাপজয়ী স্পেনের ক্ষেত্রেও প্লাতিনির কথাটা খাটেনি। স্পেন বিশ্বকাপ জিতলেও ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি। মেসিরই বার্সেলোনা-সতীর্থ স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা হয়েছিলেন দ্বিতীয়, আরেক সতীর্থ জাভি তৃতীয়। প্লাতিনি সেটা ভালোই জানেন, ‘এটা ঠিক ২০১০ সালেও গড়পড়তা একটা বিশ্বকাপের পরও মেসি জিতেছিল। এই বছর তাই কিছুই নিশ্চিত করে বলা যায় না।’ ২০১৪ বিশ্বকাপে মেসি তাঁর দল আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন, জিতেছেন গোল্ডেন বলও। তবে রিয়াল মাদ্রিদকে লা ডেসিমা এনে দেওয়া রোনালদোই পুরস্কারটা ধরে রাখবেন বলে মনে করা হচ্ছে।

উয়েফা সভাপতি নিজেও এই পুরস্কারটা জিতেছেন তিনবার। কিন্তু রোনালদো কি এবার তাঁর পাশে বসবেন? নাকি মেসি পুনরুদ্ধার করবেন ব্যালন ডি’অর? অথবা কোনো জার্মানেরই হাতে উঠবে সেটি। আভাস পাওয়া যাবে ২৮ অক্টোবর, ওই দিনই ২৩ জনের সংক্ষিপ্ত একটা তালিকা ঘোষণা করা হবে। গোলডটকম।