এবারও একই লক্ষ্য রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক পাশে লিওনেল মেসি, আর পাশে ক্রিস্টিয়ানো রোনালদো! জিয়ানলুইজি বুফন চাইলে ছবিটার এই ক্যাপশন দিতেই পারেন। পরশু মোনাকোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে তিনজন মনোনয়ন পেয়েছিলেন উয়েফার বর্ষসেরার সেরা তিনে। যে পুরস্কারটি শেষে উঠেছে রোনালদোর হাতে l ডেইলি মেইল
এক পাশে লিওনেল মেসি, আর পাশে ক্রিস্টিয়ানো রোনালদো! জিয়ানলুইজি বুফন চাইলে ছবিটার এই ক্যাপশন দিতেই পারেন। পরশু মোনাকোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে তিনজন মনোনয়ন পেয়েছিলেন উয়েফার বর্ষসেরার সেরা তিনে। যে পুরস্কারটি শেষে উঠেছে রোনালদোর হাতে l ডেইলি মেইল

‘টানা দুবার সেরা হলেন, সব মিলিয়ে তিনবার। এই মৌসুমের লক্ষ্য কী?’ পরশু উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারজয়ী ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রশ্নটা করলেন অনুষ্ঠানের বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্চালক রেশমিন চৌধুরী। একটুও না ভেবে রিয়াল উইঙ্গার জানিয়ে দিলেন, ‘প্রতিবছর আমার একই লক্ষ্য থাকে। যদি সম্ভব হয়, ক্লাব ও জাতীয় দলের হয়ে সবকিছু জেতা। চ্যালেঞ্জ সব সময় এই একটাই।’

তার মানে রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয়বারের পর এবার টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ জিততে চায়? মোনাকোতে পরশু রাতে এই প্রশ্নটার উত্তর দিলেন উয়েফার বর্ষসেরা দলে জায়গা পাওয়া রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোস, ‘রিয়াল কখনো জিতে জিতে ক্লান্ত হয় না। এবারও চ্যাম্পিয়নস লিগ জেতাই আমাদের লক্ষ্য।’

সেই লক্ষ্য পূরণের পথে এবার অবশ্য শুরুতেই কঠিন পরীক্ষা বর্তমান চ্যাম্পিয়নদের। ড্রতে বরুসিয়া ডর্টমুন্ড ও টটেনহামের মতো দলকে নিজেদের গ্রুপে পেয়েছে রিয়াল। এই গ্রুপের চতুর্থ দল সাইপ্রাসের অ্যাপোয়েল নিকোশিয়া। সরাসরি ‘মৃত্যুকূপ’ না বললেও এই গ্রুপটাকে খুবই কঠিন মনে করছেন রিয়াল মাদ্রিদের মুখপাত্র ও ক্লাবের সাবেক স্ট্রাইকার এমিলিও বুত্রাগুয়েনো, ‘মোটেই সহজ হবে না গ্রুপটা। এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যেতে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে।’

সর্বশেষ মৌসুমেও রিয়াল ও ডর্টমুন্ড একই গ্রুপে ছিল। দুবারের মুখোমুখি লড়াইয়ে অবশ্য কোনো দলই জিততে পারেনি একবারও। দুটি ম্যাচই ২-২ ড্র হয়েছিল। ওই মৌসুমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে উঠেছিল ডর্টমুন্ড। তবে এবার কাজটা বেশ কঠিন মনে করছেন ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হানস-জোয়াকিম ভাটস, ‘এটা সবচেয়ে কঠিন গ্রুপ, খুবই চ্যালেঞ্জিং। আমরা এই চ্যালেঞ্জ জয়ের লক্ষ্যে লড়াইয়ে নামব।’

তবে গ্রুপের অন্য দল টটেনহামের স্ট্রাইকার হ্যারি কেন কিন্তু দারুণ রোমাঞ্চিত রিয়ালকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে, ‘এটা সেরা ক্লাবগুলোর লড়াই। আপনি যদি বিশ্বসেরা ক্লাবের বিপক্ষে নিজেদের শক্তির পরীক্ষা দিতে চান, তাহলে এটাই সুযোগ। কারণ এ মুহূর্তে রিয়াল বিশ্বের সেরা দল।’

মোনাকোর ড্র নিশ্চিত করে দিয়েছে সাবেক ক্লাব পিএসজির মুখোমুখি হচ্ছেন বায়ার্ন মিউনিখ কোচ আনচেলত্তি। ৫৮ বছর বয়সী ইতালিয়ান কোচও রোমাঞ্চিত, ‘আমার জন্য এটা তো একটা দারুণ গল্প হবে।’ এই গ্রুপের অন্য দুই দল আন্ডারলেখট ও সেল্টিক।

দুই বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরে বেশ সহজ গ্রুপই পেয়েছে লিভারপুল। ‘ই’ গ্রুপে তাদের প্রতিপক্ষ রাশিয়ার স্পার্তাক মস্কো, স্পেনের সেভিয়া ও স্লোভেনিয়ার মারিবর। ইউরোপের পরাশক্তিদের গ্রুপ পর্বে এড়াতে পেরে খুশি লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘বার্সেলোনা, বায়ার্ন, জুভেন্টাস বা রিয়ালের মতো দলও পড়তে পারত গ্রুপে। ওই দলগুলো না থাকায় আমাদের জন্য খারাপের চেয়ে ভালোই বেশি হলো।’ এএফপি, রয়টার্স।