এবারও কি দেশকে তারা দেবে বিস্ময়-উপহার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতবার টুর্নামেন্ট জিতে এসেছিল এই মেয়েরা। ফাইল ছবি
গতবার টুর্নামেন্ট জিতে এসেছিল এই মেয়েরা। ফাইল ছবি

অনুশীলনের সময় প্রায়ই এমনটা ঘটে কোচ গোলাম রব্বানী ছোটনের। কে অনুচিং মগিনি আর কে আনাই মগিনি ঠাওরে উঠতে পারেন না। ধন্দ লেগে যায়। যেমনটা হতো রিক্তা-মুক্তাদের বেলায়। জাতীয় মহিলা দলে খেলা সাতক্ষীরার যমজ বোনদের পর আরও এক যমজকে এবার সামলাতে হচ্ছে ছোটনকে।


এবারের এএফসি অন-র্ধ্ব-১৪ মহিলা ফুটবল দলে সুযোগ পেয়েছেন যমজ বোন আনাই ও অনুচিং। আনাই বড়। অনুচিং ছোট। দুজনের বয়সের ব্যবধান তিন মিনিট!

শুধু অনুচিং, আনাই নন-ছোটনের নজর এখন পুরো দলের ওপরই। এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে খেলতে এই দলটির আজ উড়ে গেল তাজিকিস্তান যাওয়ার কথা। ২৬ এপ্রিল থেকে ১ মে দুশানবেতে হবে মধ্য ও দক্ষিণ এশীয় অঞ্চলের প্রতিযোগিতা। গত বছর এই টুর্নামেন্টে অনেককে চমকে দিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। যে টুর্নামেন্টে তারা ইরানের মতো দলকেও হারিয়ে দিয়েছিল। আবারও বড় কিছু করার স্বপ্ন নিয়ে, দেশকে বিস্ময়-উপহার দেওয়ার স্বপ্ন এঁকে বিদেশযাত্রা।

তবে এই মেয়েদের এবারের বিদেশ যাত্রাটা একটু অন্যরকম। গত বছর এপ্রিলে যখন নেপালে এই টুর্নামেন্টে খেলতে গিয়েছিল সানজিদা-মাবিয়ারা, তাদের ওপর ছিল না কোনো প্রত্যাশার চাপ। ভুটানকে ১৬-০ গোলে হারিয়ে দেওয়ার পরও হয়তো খুব বেশি নজরে আসেনি এই মেয়েরা। ২৫ এপ্রিল ফাইনালের দিন ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। ফাইনাল স্থগিত হওয়ার পর মৃত্যুকূপ থেকে দুঃস্বপ্ন নিয়ে ফিরে আসে বাংলাদেশের মেয়েরা। সেই মেয়েরাই পরে ডিসেম্বরে নেপালকে হারিয়ে হয়েছে চ্যাম্পিয়ন। এই মেয়েরাই সেদিন সারা দেশে ছড়িয়ে দিয়েছিল আনন্দের ‘ভূকম্পন’।

এবার ওই একই টুর্নামেন্টে খেলতে তাজিকিস্তানে যাওয়া। বয়স পেরিয়ে যাওয়ায় গতবারের দল থেকে বাদ পড়েছে সানজিদা, কৃষ্ণা, মৌসুমী, রুমা, স্বপ্না, জোত্স্না, রুপা, শিউলি, নার্গিস ও রাজিয়া।

ওরা নেই বলে মোটেও ভয় পাচ্ছেন না কোচ। এবারের দলেও আছে একঝাঁক প্রতিভাবান ফুটবলার। গত বছরের টুর্নামেন্টে এই দলে খেলেছে ময়মনসিংহের কলসিন্দুর গ্রামেরই দশ ফুটবলার। এবারও আছে আটজন—মার্জিয়া, তাসলিমা, মাহমুদা, শামসুন্নাহার, নাজমা, মারিয়া, তহুরা ও সাজেদা। বাকিদের মধ্যে রাঙামাটির রুপ্না, মনিকা, খাগড়াছড়ির আনাই, অনুচিং, কুষ্টিয়ার নীলা, দীপা, রংপুরের আশা ও সিরাজগঞ্জের আঁখি।

বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে দুশানবের এভিয়েটর স্টেডিয়ামে। ঢাকায় যখন গরমে জেরবার সবাই, দুশানবেতে তখন হাড় কাঁপানো শীত। সেখানে তাপমাত্রা ওঠানামা করছে ১০-১২ ডিগ্রির মধ্যে। এত শীতে কিভাবে খেলবে মেয়েরা? অধিনায়ক মার্জিয়ার কণ্ঠে আত্মবিশ্বাস, ‘আমরা এর আগে নেপালে ও শিলংয়ে গিয়েও শীতের মধ্যেই খেলেছি।’

গত ডিসেম্বরে নেপাল থেকে শিরোপা নিয়ে ফেরার পর থেকেই খেলার মধ্যে আছে সবাই। এই দলের অনেকে ফেব্রুয়ারি মাসে ভারতে এসএ গেমসে খেলতে গিয়েছিল। এরপর জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে মেয়েরা। মার্জিয়া তো এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য গত তিন মাস বাড়িতেই যেতে পারেনি। কলসিন্দুরের মেয়ে কাল আক্ষেপ করে বলছিল, ‘সেই যে এসএ গেমসে খেলার পর দশ দিনের জন্য বাড়ি গিয়েছিলাম, এরপর আর যাইনি। বাবা-মা সারাক্ষণ পথ চেয়ে থাকে।’ বাকিদেরও ত্যাগ কম নয়। বয়সই বা কত ওদের!

কিন্তু ওরা জানে, এবার তাজিকিস্তানেও দারুণ কিছু করতে পারলে দেশের সবার মুখে ফুটবে হাসি। যার মূল্য নিজেদের এই কষ্ট আর ত্যাগের চেয়ে অনেক ​অনেক বেশি।