এবারও দেখা শেষ আটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে সেটিও ছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচ। নির্ধারিত আর অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য যাওয়ায় টাইব্রেকার। সেখানে প্যারাগুয়ের ২-০ গোলের জয় থামিয়ে দিয়েছিল কোপা আমেরিকায় ব্রাজিলের পথচলা।
এবারও কোয়ার্টার ফাইনাল, সামনে আবারও প্যারাগুয়ে। ফলটা কি বদলাতে পারবে কার্লোস দুঙ্গার দল?
ব্রাজিল কোচকে অনেক কিছু ভাবতে হচ্ছে। নেইমার খেললে কিছুটা নির্ভাবনায় থাকতে পারতেন। কিন্তু শুধু এই ম্যাচ নয়, ব্রাজিল ফাইনাল পর্যন্ত গেলেও নেইমারকে দর্শক হয়েই থাকতে হবে গ্রুপে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শেষে লাল কার্ডে চার ম্যাচে নিষিদ্ধ হওয়ায়। একদিকে নেইমারহীন ব্রাজিল, অন্যদিকে আত্মবিশ্বাসী প্যারাগুয়ে। আত্মবিশ্বাসী এ কারণে, এবারের কোপায় গ্রুপ পর্বের শেষে যে তিনটি দল অপরাজিত তার একটি প্যারাগুয়ে (অন্য দুটি আর্জেন্টিনা, চিলি)। কাজটা যে ব্রাজিলের জন্য বেশ কঠিন, সেটা মানছেন গতবার শেষ আটে প্যারাগুয়ের বিপক্ষে খেলা ব্রাজিল ডিফেন্ডার থিয়াগো সিলভা, ‘প্রতিপক্ষ হিসেবে তারা কত কঠিন, সেটা গতবারই সবাই দেখেছে। আমি বলছি না যে আমরা ওই ম্যাচে শোধ নেব। কিন্তু জিততে হলে আমাদের সেরাটাই খেলতে হবে।’
সেরাটা খেলার প্রতিশ্রুতি দিচ্ছেন প্যারাগুয়ে ডিফেন্ডার পাওলো ডা সিলভাও। প্রতিপক্ষ সেরা খেলোয়াড়টিকে হারিয়ে ধাক্কা খেয়েছে, এটা তো অজানা নয়। কিন্তু দলটা ব্রাজিল বলেই স্বস্তিতে থাকতে পারছেন না সিলভা, ‘নেইমার ব্রাজিলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বার্সেলোনার হয়ে সে অসাধারণ এক মৌসুম কাটিয়েছে। কিন্তু তাকে ছাড়াও ব্রাজিল দুর্দান্ত দল। আমরা শেষ চারে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামব। তবে তাদের বিপক্ষে বিন্দুমাত্র ভুল করলে সেটার চড়া মূল্য দিতে হবে।’
পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষে। মুখোমুখি আগের ৭৪ সাক্ষাতে ব্রাজিলের জয় ৪৫ ম্যাচে, প্যারাগুয়ে জিতেছে ১০ ম্যাচ। কোপা আমেরিকায় দুই দলের সর্বশেষ ১১ দেখায় ব্রাজিল হেরেছে মাত্র একবার (জয় ৫ ড্র ৫)। কিন্তু সব পরিসংখ্যান পক্ষে থাকার পরও ব্রাজিলের জন্য যেটি দুশ্চিন্তার সেটি হচ্ছে নকআউট ম্যাচ নেইমারকে ছাড়া খেলা। দুঙ্গার অধীনে যতই ১৩ ম্যাচের ১২টি জিতুক ব্রাজিল, বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের ক্ষত যে এখনো দগদগে সেটি ব্রাজিলের গোলকিপিং কোচ ক্লদিও তাফারেলও, ‘দলটা এখনো ওই ভার বয়ে চলেছে।’
প্যারাগুয়ের বিপক্ষে জয় দিয়ে কি সেই ভার কিছুটা কমাতে পারবে দুঙ্গার দল?
মুখোমুখি ব্রাজিল–প্যারাগুয়ে

ম্যাচ ব্রাজিল প্যারাগুয়ে ড্র
মোট ৭৪ ৪৫ ১০ ১৯
কোপা আমেরিকায় ২৯ ১৩ ৭ ৯