এবারও বিদেশি কোচের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ফুটবলে তাহলে এবারও বিদেশি কোচের মেলা বসছে!
ব্যাপারটা তো তা-ই। গতবার প্রিমিয়ার লিগের ১০ দলের ৬টিতেই দেখা গেছে বিদেশি কোচ। এবারও এখন পর্যন্ত পাঁচজন কোচের আসা নিশ্চিত। মেলা তো বলাই যায়।
এবার ব্যতিক্রমী ছবি, সাম্প্রতিক বছরে স্থানীয় কোচেই আস্থা রাখা মুক্তিযোদ্ধা কিনা নতুন মৌসুমের জন্য বিদেশি আনছে। বছর পাঁচেক আগে ফুটবলে ফিরে আসা বিজেএমসিও এই প্রথম হাঁটছে বিদেশির পথে।
গতবার আবাহনী, মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল, ব্রাদার্সের তাঁবু আলো করেছিল বিদেশি কোচ। মৌসুমের মাঝপথে ফেনী সকারেও দেখা মেলে একজন বিদেশির। এবার শেখ জামাল, মোহামেডানে এখন পর্যন্ত স্থানীয় কোচ। সকারেও সম্ভবত দেশেরই একজন থাকবেন। কিন্তু মুক্তিযোদ্ধা-বিজেএমসির বিদেশি কোচের দিকে ঝোঁকাটা বেশ তাৎপর্যপূর্ণই।
মুক্তিযোদ্ধা সর্বশেষ বিদেশি কোচ এনেছে ২০০৫ সালে—জর্জ কোটান। ৯ বছর পর এবার একজন ইতালিয়ান কোচ নিয়োগ দিচ্ছে দলটি। যাঁর বড় পরিচয় রোমার সাবেক খেলোয়াড়। ডিয়েগো ম্যারাডোনা নাপোলিতে খেলার সময়ই নাকি রোমার হয়ে খেলতেন ফ্লাবিও রাফো। সর্বশেষ ওমানের ক্লাব আল ইতিহাদের কোচ ছিলেন। মুক্তিযোদ্ধার ম্যানেজার ফিরোজ মাহমুদের (টিটু) দেওয়া তথ্য, আপাতত ছয় মাসের চুক্তি। রাফো আসবেন ২৮ ডিসেম্বর।
বাংলাদেশে কাজ করে যাওয়া পুরোনো কোচদের ওপরই বেশি আস্থা দেখা যাচ্ছে ক্লাবগুলোর। আজ সকালেই আসছেন জর্জ কোটান। ২০০৩ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের এই অস্ট্রিয়ান কোচকে দেখা যাবে আবাহনী তাঁবুতে।
বিজেএমসি আনছে পাকির আলীকে। আশির দশকে আবাহনীতে খেলেছেন, বাংলাদেশে পরে ক্লাব কোচিংও করিয়েছিলেন এই শ্রীলঙ্কান। বছর চারেক আগে এসেছিলেন শেখ জামালে। ব্রাদার্সকে তো দ্বিতীয় বাড়ি বানিয়ে ফেলেছেন সৈয়দ নইমুদ্দিন। গত কয়েক বছরের ধারাবাহিতায় এবারও গোপীবাগের দলটিতে দেখা যাবে ভারতের এই দ্রোণাচার্য কোচকে। গতবারের মন্টেনেগ্রান কোচ দ্রাগান দুকানোভিচকে এই মৌসুমেও আনছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এই তিনজন কদিন পর আসবেন ঢাকায়।
ক্লাবগুলোর এই বিদেশিপ্রীতি নতুন নয়। তবে তুলনামূলক অল্প পারিশ্রমিকে ভালো বিদেশি কোচ পাওয়া যায় বলে প্রবণতাটা যেন বর্ধমান। বিশেষ করে বাংলাদেশে কাজ করে যাওয়া পুরোনোদের ওপরই আস্থা বেশি বর্তমান ক্লাব কর্মকর্তাদের। খোদ বাফুফেই তো তিক্ততা ভুলে বিদায়ী কোচ লোডভিক ডি ক্রুইফকে ফেরাতে চায়। ক্লাব ও বাফুফের চিন্তা যেন মিলছে একই বিন্দুতে।
জর্জ কোটানকে আনার পেছনে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর যুক্তি, ‘নতুন কোচ আনলে সবকিছু বুঝতে অনেক সময় ব্যয় হয়। পুরোনো কোচের এই সমস্যা নেই।’ এ কারণেই বারবার নইমুদ্দিনকে আনা বলে জানালেন ব্রাদার্সের ম্যানেজার আমের খান।
কিন্তু বিদেশি কোচ এনে আদতে এ দেশের ক্লাব ফুটবলে গুণগত কোনো পরিবর্তন আসছে কি? প্রশ্নটা প্রাসঙ্গিক। সম্প্রতি খেলা ছেড়ে কোচিংয়ে আসা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদ বিদেশি কোচ আনাকে সমর্থনই করেন। তবে সেটি শর্ত সাপেক্ষে, ‘বিদেশি কোচ এসে খেলোয়াড় তৈরি করতে পারলে তবেই কোচ আনা সার্থক বলব। কিন্তু আমাদের এখানে ছয় মাসও টিকতে পারেন না বিদেশি কোচ। অল্প কিছুদিনে খেলোয়াড়েরা হয়তো কিছুটা উপকৃত হয়, নতুনত্ব আসে, দলের ম্যাচ পরিকল্পনায়ও পরিবর্তন দেখা যায়, কিন্তু বৃহত্তর দৃষ্টিকোণ থেকে কোচকে সময় না দিলে কোনো লাভ নেই।’
বাস্তবতা বলছে, বাংলাদেশে লম্বা সময় পান না বিদেশি কোচরা। তবু বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিদেশি কোচ আনার পক্ষে। স্থানীয় কোচরা দলকে নিয়ন্ত্রণ করতে পারেন না ভালোভাবে, তাঁদের অনেকের ম্যাচ পরিকল্পনায় ঘাটতি আছে...অনেকবার বলা কথাগুলো কাল আবার বললেন সালাউদ্দিন। ক্লাবগুলোর বিদেশি কোচ আনার বিষয়টাকে তিনি দেখছেন ইতিবাচকভাবে, ‘ভেরি গুড, ভেরি গুড। ফুটবলের উন্নয়নে এটা একটা বড় পদক্ষেপ।’
কিন্তু যেখানে ক্লাবের একটি মাঠই নেই, সেখানে বিদেশি কোচ এসে কী-ই বা করতে পারেন!
আবাহনীতে আজ আসছেন জর্জ কোটান
মুক্তিযোদ্ধায় ইতালিয়ান ফ্লাবিও রাফো
শেখ রাসেলে
দ্রাগান দুকানোভিচ
বিজেএমসিতে
পাকির আলী
ব্রাদার্স ইউনিয়নে সৈয়দ নইমুদ্দিন