এবারও রিয়াল, নাকি অ্যাটলেটিকো?
অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য এটি নিয়তির মতো হয়ে গেছে! রিয়াল মাদ্রিদের কাছে হেরে শেষ হবে তাদের চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন। ২০১৩-১৪ মৌসুমে লিসবনের ফাইনালে পারেনি, পারেনি দুই বছর পর সান সিরোর ফাইনালেও। মাঝে ২০১৪-১৫ মৌসুমে বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনালে হেরেই। সেই রিয়ালই এবার সেমিফাইনালে প্রতিপক্ষ। দুই নগরপ্রতিদ্বন্দ্বী আগামীকাল প্রথম লেগটা খেলবে সান্তিয়াগো বার্নাব্যুতে। এবার কি রিয়াল-জুজু তাড়াতে পারবে অ্যাটলেটিকো?
শহর একই হলেও ইতিহাস, ঐতিহ্য আর সাফল্যের পাল্লায় দুই দলের মধ্যে মেরু ব্যবধান। শুধু আভিজাত্যেই নয়, রিয়ালের ঐতিহ্যেও বনেদিয়ানা৷ স্পেন কিংবা ইউরোপে সাফল্যে তাদের সমকক্ষ কোনো দল নেই। সবচেয়ে বেশি ১১ বার ইউরোপ-সেরা হয়েছে তারা। তুলনায় অ্যাটলেটিকো নিতান্তই ফুটবলের নিম্নমধ্যবিত্ত। ভালোবেসে সমর্থকেরা যে নামে ডাকে (তোশকের কারিগর) সেটাই বলে তারা খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। রিয়ালের মতো চোখের পলকে মিলিয়ন মিলিয়ন ইউরো খরচের সামর্থ্য নেই, ছিল না কখনোই। তারকায় ঠাসা দল গড়া তাদের কাছে স্বপ্নের মতো ব্যাপার। অথচ সেই অ্যাটলেটিকোই কোচ ডিয়েগো সিমিওনের কৌশল আর খেলোয়াড়দের আত্মবিশ্বাসের জোরে সাম্প্রতিককালে চ্যাম্পিয়নস লিগের বড় এক শক্তি। তবে সর্বশেষ তিন মৌসুমে দুবার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি রিয়াল-বাধায়!
ঠিক এ কারণেই গত ২১ এপ্রিল চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ড্রটা হয়ে যাওয়ার পর রিয়াল কোচ জিনেদিন জিদান সম্ভবত স্বস্তির নিশ্বাস ফেলেছেন। ফরাসি কোচ তো জানেন, আর যা-ই হোক অ্যাটলেটিকোর বিপক্ষে মানসিকভাবে অন্তত এগিয়ে থাকবে তাঁর দল। ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে দুই দল সাতবার মুখোমুখি হয়েছে, রিয়াল সরাসরি জিতেছে ৪টি ম্যাচ, অ্যাটলেটিকো একটি। দুটি ড্রয়ের একটি আবার রিয়াল জিতেছে টাইব্রেকারে (গতবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল)। এ রকম বড় ম্যাচে মানসিকভাবে এগিয়ে থাকাটাও অনেক সময় ব্যবধান গড়ে দেয়।
সিমিওনের কাজটা এ কারণেই আরও কঠিন। রিয়াল-বাধা টপকানোর সামর্থ্য যে তাদের আছে, সেটাও বোঝাতে হবে তাঁর খেলোয়াড়দের। সে জন্য অবশ্য একটা কৌশল নিতে পারেন অ্যাটলেটিকোর আর্জেন্টাইন কোচ। প্রতিশোধের মন্ত্র জপে দিতে পারেন খেলোয়াড়দের কানে। দুবার ফাইনালে উঠে হারার আক্ষেপ তাতে ফুরাবে না, তবে সেমিফাইনাল থেকেই রিয়ালকে বিদায় করতে পারলে যন্ত্রণাটা একটু তো কমবে। লা লিগা জেতার আশা এরই মধ্যে শেষ হয়ে গেছে অ্যাটলেটিকোর। সবকিছু নিয়ে এখন তাই চ্যাম্পিয়নস লিগের জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন সিমিওনে।
রিয়ালের অবশ্য এখনো ডাবল জয়ের আশা টিকে আছে। লিগে ওরা প্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে বেশ সুবিধাজনক জায়গায়। ওদিকে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগ যুগে শিরোপা ধরে রাখার হাতছানি। সেই পথে অ্যাটলেটিকোকে কি বাধা হয়ে দাঁড়াতে দেবে রিয়াল? উয়েফাডটকম।