এভাবে কেন ফুটবল দল পাঠানো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনামের সঙ্গে ২০০১ সালে বিশ্বকাপ বাছাইয়ে ড্র করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সেই ভিয়েতনাম এখন ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৯, বাংলাদেশ ১৭০। ব্যবধান যে আকাশ-পাতাল, তা নয়। তবে দলটি বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে অবশ্যই। মাঠে নেমে সেটি তারা ঠিকই বোঝাল। ইনচনে কাল আয়োজিত দুই দেশের অনূর্ধ্ব-২৩ দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা জিতল ৪-২ গোলে।

ওয়াহেদ ও তকলিচ করেছেন বাংলাদেশ দলের গোল দুটি। এশিয়ান গেমস শুরুর আগে ফরোয়ার্ডদের গোলের রাস্তা চেনা দলের জন্য ভালো খবরই। তাঁরা গোল করার আগেই অবশ্য ৩ গোল খাওয়ায় ম্যাচটা বাংলাদেশের নাগালের বাইরে চলে যায়। প্রথম গোল ১৮ মিনিটে। ২৫ মিনিটে বাংলাদেশ দলের গোলরক্ষক লিটন প্রতিপক্ষের এক খেলোয়াড়কে বক্সে ফেলে দিলে পেনাল্টিতে ২-০। ৬৩ মিনিটে ৩-০। তারপরই হঠাৎ করে প্রাণ ফিরে পায় বাংলাদেশ। ৭০ ও ৭৫ মিনিটে দুটি গোল ফিরিয়ে দিয়ে স্কোরলাইন করে ফেলে ৩-২। শেষ মিনিটে চতুর্থ গোল পেয়েছে ভিয়েতনাম।

এশিয়ান গেমসে বাংলাদেশের গ্রুপ সঙ্গী হংকংকে কদিন আগে নিজেদের মাঠে ৩-১ গোলে হারিয়েছে ভিয়েতনাম। সেই ভিয়েতনামের সঙ্গে ম্যাচের পর ফেসবুকে পাওয়া গেল বাংলাদেশ দলের সহকারী কোচ রেনে কোস্টারকে। ‘ইশ্, জিতলাম না কেন’ ধরনের আসফোস কোস্টারের!

তাঁর ভাষ্য, ‘বাংলাদেশ আটটি সুযোগ পেয়ে দুটি কাজে লাগিয়েছে, ভিয়েতনাম ছয়টি সুযোগ পেয়েও গোল করেছে চারটি।’ প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফের চোখে গোল নষ্ট করাই হারের বড় কারণ। সঙ্গে এও যোগ করেছেন, ‘রক্ষণভাগ আশানুরূপ ভালো খেলতে পারেনি। তবে ভালো খেলার চেষ্টা ছিল।’

যদিও এ ম্যাচে রক্ষণভাগ পায়নি নির্ভরযোগ্য ডিফেন্ডার আতিকুর রহমান মিশুকে। আগের দিন অনুশীলনে গোড়ালিতে চোট পাওয়ায় শুরুর আগেই এশিয়ান গেমস শেষ হয়ে গেছে তাঁর। কাল মাঠেই যেতে পারেননি, পায়ে ব্যান্ডেজ নিয়ে বসে ছিলেন হোটেলে।

মিশুর চিকিৎসা করছেন গেমসের সঙ্গে যুক্ত স্থানীয় চিকিৎসক। বাংলাদেশ দলের সঙ্গে যে কোনো ডাক্তার-ফিজিও নেই। নেই কোনো সহকারীও। বাফুফে বলছে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ১৮ জন খেলোয়াড়ের সঙ্গে চারজন কোচ-কর্মকর্তার খরচ দিয়েছে। বাফুফে নিজস্ব খরচে দুজন অতিরিক্ত খেলোয়াড় পাঠাতে পারলেও আর্থিক সংকটে ডাক্তার-ফিজিও-বয় দিতে পারেনি। এই যুগে এসে ডাক্তার-ফিজিও ছাড়া একটা ফুটবল দল বিদেশে যায়—এটা অবিশ্বাস্য! অনুশীলনে কোনো খেলোয়াড় আহত হলে বা তাঁর সেবার প্রয়োজন হলে কে দেখবে? গেমস ভিলেজের ডাক্তারই এখন বাংলাদেশ দলের ভরসা।

কিন্তু মিশুবিহীন রক্ষণে ভরসা দেবেন কে? তাঁর জায়গায় কোচ ডি ক্রুইফ কিনা জরুরি ভিক্তিতে স্ট্রাইকার মিঠুন চৌধুরীকে চেয়ে পাঠিয়েছেন। আগামী সপ্তাহেই শেখ রাসেলের হয়ে এএফসি প্রেসিডেন্টস কাপ খেলতে যাওয়ার কথা মিঠুনের। কিন্তু ‘দেশের স্বার্থে’ শেখ রাসেলের সঙ্গে কলম্বো সফরের প্রস্তুত নেওয়া এই স্ট্রাইকারকে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য তৈরি থাকতে বলেছে বাফুফে। তবে এশিয়ান গেমসের জন্য ৩০ জনের প্রাথমিক তালিকায়ও মিঠুনের নাম না থাকায় এখন তাঁকে পাঠানো যাবে কি না সংশয় আছে।

মিঠুন যেতে না পারলে হয়তো অন্য কাউকে খোঁজা হবে। তবে কোচ যেভাবে ডিফেন্ডারের বদলে স্ট্রাইকার চাইলেন, মনে হতে পারে তিনি বুঝি দক্ষিণ কোরিয়া গিয়ে এখন ‘আক্রমণই রক্ষণের কৌশল’ সূত্র বেছে নিয়েছেন!

এশিয়াডে ফুটবল দলের খেলা

                                         প্রতিপক্ষ

১৫ সেপ্টেম্বর                  আফগানিস্তান

১৮ সেপ্টেম্বর                  উজবেকিস্তান

২২ সেপ্টেম্বর                  হংকং