এভাবে চলে গেলেন তিওতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ তিওতে—নামটা বললে ওই গোলটাই সবার আগে চোখে ভাসে। ২০১১ সালে লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের দুর্দান্ত ভলি! যে গোলেই ম্যাচের ২৫ মিনিটে ৪-০-তে পিছিয়ে পড়া নিউক্যাসল ম্যাচটা ড্র করে ৪-৪ গোলে।

গোলটা ছয় বছর আগের স্মৃতি। পরশু তিওতে নিজেও হয়ে গেলেন তা-ই। চীনের ক্লাব বেইজিং এন্টারপ্রাইজেসের অনুশীলনে হঠাৎই লুটিয়ে পড়েন আইভরি কোস্টের মিডফিল্ডার, তখনই হাসপাতালে নিয়েও আর বাঁচানো গেল না। মাত্র ৩০ বছর বয়সেই চলে গেলেন অন্যলোকে!

যৌথ পরিবারে বড় হয়েছেন অভাবের মধ্যে। ফুটবল খেলার আরেকটা উদ্দেশ্যই ছিল পরিবারকে আর্থিক সচ্ছলতা এনে দেওয়া। এই ফেব্রুয়ারিতে নিউক্যাসল ছেড়ে চীনের ক্লাবে যাওয়াও সে কারণেই। এখন অবশ্য সব দায়দায়িত্ব ভুলে স্বর্গে মনের আনন্দে ফুটবল খেলতে পারবেন আইভরি কোস্টকে ২০১৫ আফ্রিকা কাপ অব নেশনস জেতানো মিডফিল্ডার। এএফপি।