এভাবে বাদ পড়বেন ভাবেননি মামুনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দল থেকে বাদ পড়ে মন খারাপ মামুনুলের। ছবি: প্রথম আলো।
জাতীয় দল থেকে বাদ পড়ে মন খারাপ মামুনুলের। ছবি: প্রথম আলো।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় দল থেকে বাদ পড়ার মানসিক প্রস্তুতি তাঁর ছিলই। যদিও দুই হলুদ কার্ডের জন্য জর্ডানের সঙ্গে এমনিতেই খেলতে পারতেন না বলে সান্ত্বনা খোঁজেন মামুনুল ইসলাম। ২৪ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বের ওই শেষ ম্যাচটার আগে অবশ্য ১৮ মার্চ আরব আমিরাতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচে তো খেলতে পারতেন মামুনুল! কিন্তু সাফ ফুটবলের ব্যর্থতা তদন্তে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁকেসহ সাত ফুটবলারকে দল থেকে বাদ দিয়ে কারণ দর্শানো নোটিশ দিয়েছে ফুটবল ফেডারেশন। আগামীকাল বৃহস্পতিবারই অভিযুক্ত ফুটবলাররা জাতীয় দল কমিটির সামনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।

মামুনুল সেই সুযোগ নিতে মুখিয়েই আছেন। প্রতিটি মিনিটই এখন যেন একেকটি ঘণ্টা তাঁর কাছে। এই মুহূর্তে জাতীয় দল থেকে বাদ পড়ে বেদনায় ভারাক্রান্ত এই মিডফিল্ডার। তাই মনের কষ্টটা লুকাতে পারেন না, ‘কিছুই ভালো লাগছে না। বারবার ফিরে আসছে জাতীয় দলে খেলার স্মৃতিগুলো। সবার সঙ্গে থাকা, ড্রেসিংরুম ভাগাভাগি করা...এসব যেন জীবনেরই অংশ হয়ে গিয়েছিল। হঠাৎই তা মিস করতে হচ্ছে। সত্যি কথা বলতে, এভাবে দল থেকে বাদ পড়ব ভাবিনি কখনো। আমি আমার সর্বোচ্চটাই দিয়েছি মাঠে। তবু বাদ পড়ে খুবই খারাপ লাগছে।’

২০০৭ সালে একই সঙ্গে দুটি জাতীয় দল গঠন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। একটি দল যায় সৈয়দ নইমুদ্দিনের নেতৃত্বে দিল্লিতে নেহেরু কাপ খেলতে। আরেকটি দল মালয়েশিয়ায়, মারদেকা কাপে, যেটির কোচ ছিলেন হাসানুজ্জামান বাবলু। মারদেকায় সেবার জাতীয় দলে অভিষেক হয়েছিল চট্টগ্রাম থেকে উঠে আসা নবীন ফুটবলার মামুনুলের। কার্ড বা চোট হয়তোবা কখনো কখনো দুই এক ম্যাচ ছিটকে দিয়েছে। নইলে গত আট-নয় বছরে জাতীয় দলে নিরবচ্ছিন্ন সহযাত্রীই ছিলেন মামুনুল। দলের বড় ভরসা তো বটেই, সাম্প্রতিক বছরগুলোতে দেশ সেরা ফুটবলারের তকমাও লেগে গেছে তাঁর গায়ে। প্রায় বছর তিনেক ধরে তিনি জাতীয় দলের অধিনায়কত্ব করে আসছিলেন। এখন আকাশ থেকে হঠাৎ মাটিতে নেমে আসার পেছনে সাফ ফুটবলে ব্যর্থতা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন রেখেছে বড় ভূমিকা। ওই কমিটিই মামুনুলসহ সাত ফুটবলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছে। 


তবে আবারও মামুনুলের দাবি, ‘আমি শৃঙ্খলা ভঙ্গ হওয়ার মতো কিছু করিনি। জোর দিয়ে দাবি করব, কোনো অন্যায়ও করিনি।’ তারপরই বলেন, ‘ফেডারেশনকে সব কথা বলব। তারপরও দেখি তারা কী করে।’ যদি এমন হয় জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তই বহাল থাকল? মামুনুল ভেবে রেখেছেন পরবর্তী করণীয়ও, ‘ফেডারেশন যে সিদ্ধান্ত দেবে তা মেনে নেব।’ তবে তার আগে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করবেন, ‘আমার বিশ্বাস নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারব।’ ব্যর্থ হলে ঘরোয়া ফুটবলে পারফর্ম করেই ফিরে আসার প্রতিজ্ঞা আরও একবার শোনা যায় জাতীয় দলের বিদায়ী অধিনায়কের কণ্ঠে।