এভাবে হার মানতে পারছেন না তাঁরা

নিজের ব্যবসায়িক প্রয়োজনে বৃহস্পতিবার চীনে ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি। বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের ফল জানতেই ইন্টারনেটে চোখ রেখেছিলেন তিনি। কিন্তু ফল দেখেই হতভম্ব জনি। ৫-০ গোলে বাংলাদেশের হার! এও কি সম্ভব! ৩১ বছর আগে মালদ্বীপকে ঢাকার মাঠে ৮-০ গোলে হারানোর স্মৃতিটা ক্ষণিকের জন্য হলেও ভেসে উঠেছিল জনির মানসপটে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়েছেন। ৫-০ গোলে হারার পর ৩১ বছর আগের সেই স্মৃতি মনে করাটা অনর্থকই মনে হয়েছে তাঁর কাছে। প্রথম আলোর সঙ্গে হারের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কিছুটা আবেগপ্রবণই হয়ে গেলেন ১৯৮৫ সালে মালদ্বীপকে উড়িয়ে দেওয়া দলের অধিনায়ক, ‘ফুটবলের অবস্থা এর চেয়ে আর নিচে নামতে পারে না। এটা আমাদের ফুটবলের সবচেয়ে বড় কলঙ্ক। মালদ্বীপ যত উন্নতিই করুক, বাংলাদেশকে ৫-০ গোলে হারাবে—এটা মেনে নেওয়া যায় না। ১০ বছর আগেও বাংলাদেশের ফুটবল একটা মানদণ্ডে মোটামুটি অবস্থানে ছিল। খুব বেশি সাফল্য হয়তো ছিল না। কিন্তু কয়েকটি দলের তুলনায় আমরা বেশ এগিয়ে ছিলাম। মালদ্বীপ তাদের একটা। আমরা এখন তাদের কাছে লজ্জাজনক ভাবে হারি। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
জনির মতোই বৃহস্পতিবার রাত থেকেই মনটা খুব খারাপ আশীষ ভদ্রের, জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ও ক্লাব পর্যায়ে মালদ্বীপের জাতীয় দল ও দেশটির একাধিক ক্লাবের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে আশীষের। পুরোনো দিনের কথা বলার কোনো উৎসাহই দেখালেন না তিনি, ‘অতীতের কথা বলে লাভ নেই। বর্তমানে থাকি। বর্তমানের বাস্তবতা, আমরা মালদ্বীপকে হারাতে পারি না। ড্রও অনেক ভালো ফল আমাদের কাছে। কিন্তু কেন এটা হচ্ছে তা আমরা সবাই বুঝলেও আসল লোকেরাই বুঝতে পারছে না।’
জনি প্রশ্ন রাখলেন, ‘গত আট বছরে আমাদের ফেডারেশন ফুটবলার তৈরির কোনো কার্যক্রম কি হাতে নিয়েছে? আমাদের মূল সমস্যা আমাদের জাতীয় দলে আন্তর্জাতিক পর্যায়ে মাঠে নামার মতো খেলোয়াড় হাতে গোনা দু-একজন। বাকিদের অবস্থা এমনই যে মালদ্বীপের ফরোয়ার্ডদের কয়েকটি ভালো আক্রমণেই তারা ভেঙে পড়েছে। আট বছর অনেক দীর্ঘ সময়। এই আট বছরে আমরা প্রতিভাবান দুই-তিনজন ফুটবলারও তৈরি করতে পারিনি। এই ব্যর্থতা ফেডারেশন কীভাবে এড়াবে!’
জনির মতে, ‘এর চেয়ে বাজে ফল তো আর হয় না। এবার ফেডারেশন দয়া করে একটু নড়েচড়ে বসুক। তৃণমূলে জোর দিক। ১০, ১২, ১৪, ১৬—এমন কিছু বয়সভিত্তিক দল তৈরি করুক। প্রতিভাহীন খেলোয়াড়দের পেছনে বিনিয়োগ কমিয়ে তৃণমূলে বিনিয়োগ বাড়াক। ক্লাবগুলোকে চাপ দিক বয়সভিত্তিক দল তৈরি করার। সাবেক খেলোয়াড় হিসেবে আমরা কেবল পরামর্শই দিতে পারি। দায়িত্ব তো ফেডারেশনের।’
আশীষ অবশ্য হারের ব্যাপারটা একটু খতিয়ে দেখার পক্ষে। তিনি জাতীয় দলের খেলোয়াড়দের প্রতি একটু সহানুভূতিশীলও, ‘আমাদের দলটা কি এতটাই খারাপ! মালদ্বীপের কাছে ৫-০ গোলে হারার মতো দল কি বাংলাদেশ। ফেডারেশনের উচিত মালদ্বীপ থেকে দল ফিরলে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসা। কোচ, টেকনিক্যাল ডিরেক্টর, ম্যানেজার, দলনেতা, খেলোয়াড়—সবার সঙ্গে বসে পুরো বিষয়টা তদন্ত করে দেখা। মালদ্বীপ সময় রাত নয়টায় খেলাটা শুরু হয়েছে। এত রাতে বাংলাদেশে খেলা হয় না। এটা একটা কারণ হতে পারে। তবে, একটা বিষয় বলতেই হয়, এই ফলটা কিন্তু আমাদের ফুটবলের সবচেয়ে দুঃখজনক ও লজ্জাজনক হার।’
আশাবাদী হতে চান আশীষ, ‘এই হার থেকেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে। জাতীয় দলের ২৫–৩০ জন খেলোয়াড়কে নিয়েই যদি ফেডারেশন ভাবে, তাহলে খুব ভুল করবে। খেলোয়াড় তৈরি করতে হবে। এটা করতে হবে ফেডারেশনকেই। জেলা পর্যায়ের লিগ নিয়মিত হোক—এটা খুব গুরুত্বপূর্ণ। স্কুল ফুটবলটাকে খুব সিরিয়াসলি করতে হবে। মেয়েদের ফুটবল কিছু প্রতিভাবান খেলোয়াড় পেয়েছে, কারণ একটা পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় তৈরি করছে। তৃণমূল থেকে প্রতিভাবান নারী ফুটবলারদের যদি খুঁজে বের করা যায়, তাহলে পুরুষ ফুটবলারও খুঁজে বের করা সম্ভব।’