এভাবেই হারিয়ে যায় ফয়সালরা

কত স্বপ্ন ওদের চোখে! দেশের শীর্ষ পর্যায়ে ফুটবল খেলবে একদিন, জাতীয় দলের জার্সি তুলবে গায়ে। সেই পথে ভালোভাবেই পা বাড়িয়েছিল ওরা। গত বছর আগস্টে সিলেটে সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে ঘোষণা করেছিল আগমনী বার্তা।
কিন্তু এ দেশের ফুটবলের চোরাবালি আটকে দিল ওদের অনেকের পথ। সেই অনেকের ভিড়ে একজন ফয়সাল আহমেদ। সাফজয়ী দলের গোলরক্ষক ফুটবলে আর আশার আলো দেখেননি। জীবনের চাকা সচল রাখতে যোগ দিয়েছেন পুলিশ কনস্টেবল পদে!
ফয়সালকে কেন এই পথ বেছে নিতে হলো, তা অনেকেরই জানা। প্রতিভা পরিচর্যায় বাফুফের চরম উদাসীনতা নবীন ফুটবলারদের ঠেলে দিচ্ছে অন্য দিকে। অথচ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দলটা নিয়ে সে কী উচ্ছ্বাস বাফুফের কর্তাদের! খোদ সভাপতি কাজী সালাউদ্দিন প্রতিশ্রুতি দিলেন এই দলটাকে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দেবেন, খেলোয়াড়দের সবার দায়িত্ব নেবে বাফুফে। কিন্তু বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যায়নি।
তাই হতাশা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের বাড়ি থেকে সাফজয়ী দলটির দ্বিতীয় গোলরক্ষক নুর আলম বলেন, ‘আমাদের স্বপ্ন দেখানো হয়েছিল, চার বছর প্রশিক্ষণ দেওয়া হবে, বিদেশ থেকে কোচ আনা হবে। একসঙ্গে রাখতে চেয়েছিল, কিন্তু পরে আর রাখেনি।’
নুর আলম দুই দিন আগে ঢাকায় এসে অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালে টিকেছেন। তবে বন্ধু ফয়সালকে এসে পাননি, শুনেছেন তাঁর পুলিশে যোগ দেওয়ার কথা। ‘একটা ছেলে খেলা ছেড়ে দিল, এটা কখন হয়, যখন একটা খেলোয়াড় ফুটবলে থেকে কিছুই করতে পারে না’—কাল ফোনে নুর আলমের কণ্ঠে ঝরল হতাশা আর বন্ধুর জন্য আক্ষেপ।
ফয়সালের কথা শুনে দলটির কোচ সৈয়দ গোলাম জিলানী বললেন, ‘গরিবের ছেলে ফয়সাল হয়তোবা একটি চাকরি পেয়েছে বলে চলে গেছে। তবে এটা শুনে ভীষণ খারাপ লেগেছে। ফয়সালরা টিকে থাকুক, ফুটবলে বেড়ে উঠুক, এটাই আমরা চাই। সেটা না হলে শুধু আমরা দুঃখই করতে পারি।’
অনূর্ধ্ব-১৬ সেই চ্যাম্পিয়ন দলটির ৯ খেলোয়াড় ছিল বিকেএসপির। টুর্নামেন্ট শেষে ওরা চলে যায় নিজেদের প্রতিষ্ঠানে। ৫ জন প্রিমিয়ার লিগে খেলছেন। আবাহনীতে স্ট্রাইকার সাদ ও ডিফেন্ডার সজীব। শেখ জামালে স্ট্রাইকার নিপু। অধিনায়ক শাওন ব্রাদার্সে। আরামবাগে ডিফেন্ডার খলিল ভুইয়া। চ্যাম্পিয়নশিপের দল ভিক্টোরিয়ায় আরেক ডিফেন্ডার আতিক। বাকি ৯ জন কোথায় আছেন, কী করছেন, বাফুফে জানেই না।
বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায় স্বীকার করে নিলেন বাস্তবতা। মেনে নিলেন, বাফুফের যা করণীয়, সেটা তারা করতে পারেনি, ‘সব সময়ই আমাদের সীমাবদ্ধতা ছিল। তবু ডেভেলপমেন্ট কমিটি চেষ্টা করেছে। কিন্তু নীতিনির্ধারকেরা লম্বা সময়ের জন্য ওই খেলোয়াড়দের রাখার প্রতিশ্রুতি দিলেও সেটা পূরণ করেননি। ছেলেরা তাই ফুটবল ছেড়ে যাচ্ছে হতাশায়, যাওয়ারই তো কথা!’
ফয়সালের পুলিশে যোগ দেওয়ার কথা শুনে জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ প্রথমেই যে প্রতিক্রিয়া দিলেন, বোঝা গেল অল্প দুঃখে অমন কথা বলেননি। উদীয়মান কোনো ফুটবলার এই জগৎ ছেড়ে যাক, এটা কেউই চাইবেন না। আলফাজও চাননি। কিন্তু বাফুফের কাজকর্ম দেখে আলফাজ বলছেন, ‘ফয়সাল ঠিক কাজটিই করেছে। সে ফুটবলে থাকলে কী করত! জীবনের জন্য তার তো একটা পথ বেছে নিতে হবে। ফেডারেশন তো ওদের খোঁজ রাখে না।’
পুলিশের হয়ে যদিও ফয়সালের খেলার সুযোগ আছে। কিন্তু সেখানে তো তিনি খেলতে যাননি, গেছেন জীবিকার তাগিদে। এভাবেই হারিয়ে যায় একেকটি প্রতিভা।