এভাবেও ফিরে আসা যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানফিল্ডে গত বৃহস্পতিবার কী দারুণ এক প্রত্যাবর্তনের উপাখ্যান লিখল লিভারপুল! সব আশা যখন শেষ মনে হচ্ছিল, শেষ ২৬ মিনিটে ৩ গোল করে বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-৩ গোলে হারিয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে গেল অলরেডরা। ইয়ুর্গেন ক্লপের অতীত ও বর্তমানের লড়াইয়ে যে ম্যাচের নামই হয়ে গিয়েছিল ‘এল ক্লপিকো’!
ম্যাচ শেষ হয়ে গেছে। তবে যে অকৃত্রিম ফুটবল-উন্মাদনার রেশ ছড়িয়ে দিয়ে গেছে ডর্টমুন্ড-লিভারপুল ম্যাচ, সেটি অনেক দিন চোখে লেগে থাকবে। তবে এটিই প্রথম নয়, নিশ্চিতভাবে শেষও নয়। ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় এমন আরও কিছু অসাধারণ ফিরে আসার গল্প আছে। সেসবের মধ্য থেকেই বেছে নেওয়া হলো পাঁচটি—

লিভারপুল-এসি মিলান
২০০৫ চ্যাম্পিয়ন লিগ
১১ বছর আগে ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালটি অনেকের চোখে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সেরা ফাইনাল। মালদিনি-কাকা-শেভচেঙ্কোদের এসি মিলানের কাছে ৪৪ মিনিটেই ৩-০ গোলে পিছিয়ে পড়েছিল লিভারপুল। শিরোপার আশা ওখানেই শেষ হওয়ার কথা। কিন্তু স্টিভেন জেরার্ডে অনুপ্রাণিত লিভারপুল হার মানেনি। ৫৪ থেকে ৬০—ছয় মিনিটের ঝড়ে ৩ গোল করে ম্যাচে সমতা নিয়ে এল। মহানাটকীয় ফাইনালের শেষ হলো টাইব্রেকারে, যাতে ৩-২ ব্যবধানে জিতে জয়োৎসব করল লিভারপুল।
ম্যানচেস্টার ইউনাইটেড-বায়ার্ন মিউনিখ
১৯৯৯ চ্যাম্পিয়নস লিগ

ট্রফিটিতে বায়ার্ন মিউনিখের নাম প্রায় লেখা হয়েই গিয়েছিল। ন্যু ক্যাম্পে ৯০ মিনিট শেষ, তখনো প্রথমার্ধের ৫ মিনিটে মারিও ডেসলারের ফ্রি-কিকে এগিয়ে বায়ার্ন। কিন্তু অতিরিক্ত তিন মিনিটে ডেভিড বেকহামের দুটি কর্নারে দুই বদলি খেলোয়াড়ের গোলে সব উল্টে গেল! ৯১ মিনিটে টেডি শেরিংহাম, ২ মিনিট পর ‘স্মাইলিং অ্যাসাসিন’ ওলে গানার সোলসকায়েরের গোল! রূপকথায় অভিভূত ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যাচ শেষের প্রতিক্রিয়াও চমকে দেওয়ার মতো, ‘ফুটবল, ব্লাডি হেল!’

ম্যানচেস্টার ইউনাইটেড-জুভেন্টাস
১৯৯৯ চ্যাম্পিয়নস লিগ
বায়ার্ন মিউনিখের সঙ্গে ফাইনালের এক ম্যাচ আগেই একটি দুর্দান্ত গল্প লিখে রেখেছিল ইউনাইটেড। ম্যানচেস্টারে প্রথম লেগে ১-১ সমতা। জুভেন্টাস স্টেডিয়ামে সেমিফাইনাল দ্বিতীয় লেগে ১১ মিনিটের মধ্যেই ফিলিপো ইনজাগির ২ গোল, জুভেন্টাসই ফাইনালে যাচ্ছে বলে মনে হচ্ছিল। কিন্তু অ্যালেক্স ফার্গুসনের শিষ্যরা হার মানলে তো! প্রত্যাবর্তনের শুরুটা করেন অধিনায়ক রয় কিন, এরপর ডুইট ইয়র্কের গোলে সমতা। কাজটা শেষ করেন অ্যান্ডি কোল, ৩-২ গোলে ম্যাচ জেতে ইউনাইটেড। তখন কে ভেবেছিল, এর চেয়েও অবিশ্বাস্য গল্প লেখা হবে পরের ম্যাচেই!

রিয়াল মাদ্রিদ-মোনাকো
২০০৪ চ্যাম্পিয়নস লিগ
মাদ্রিদে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ৪-২ গোলের হার। ঘরের মাঠে দ্বিতীয় লেগে জিদান-ফিগো-রাউল-রোনালদোদের বিপক্ষে এই বাধা পেরোনো মোনাকোর জন্য কঠিনই ছিল। কঠিন কাজটাকে ম্যাচের ৩৬ মিনিটে প্রায় অসম্ভবের পর্যায়ে নিয়ে গেলেন রাউল, দুই লেগ মিলিয়ে রিয়াল তখন ৫-২ গোলে এগিয়ে। কিন্তু মোনাকো অধিনায়ক লুডোভিক জুলির জোড়া গোল আর ওই মৌসুমেই রিয়াল থেকে ধারে আসা ফার্নান্দো মরিয়েন্তেসের গোলে অসম্ভবকেও সম্ভব করল মোনাকো। দুই লেগে ৫-৫ সমতা, অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে সেমিফাইনালে গেল ফ্রেঞ্চ ক্লাবটি।

বার্সেলোনা-মেটজ
১৯৮৪ ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ
ম্যাচটার বর্ণনায় উয়েফার ওয়েবসাইটে লেখা হয়েছিল, ‘দুটি সিট্রোয়েন সিভি হারিয়ে দিল ফেরারিকে!’ বার্সার খেলোয়াড়েরা যেখানে ফেরারিতে চড়তেন, মেটজের ভাগ্যে ছিল শুধু দুটি সিট্রোয়েন সিভি ও একটি রেনল্ট ৮! শেষ ৩২-এর প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৪-২ গোলে হেরেছিল মেটজ। অবস্থা এমন ছিল যে, ফ্রেঞ্চ টিভিগুলো দ্বিতীয় লেগটি সম্প্রচারই করেনি। শুধু পত্রিকার একজন সাংবাদিক ও রেডিওর এক উপস্থাপক ন্যু ক্যাম্পে যান ম্যাচটা কাভার করতে। দ্বিতীয় লেগেও প্রথমে গোল করে বার্সা। কিন্তু টনি কুরবোসের হ্যাটট্রিক ও সানচেজ ফিলিপসের আত্মঘাতী গোলে বার্সেলোনাকে চমকে দিয়ে দুই লেগ মিলিয়ে মেটজ জেতে ৬-৫ গোলে।

মিডলসবরো-স্টুয়া বুখারেস্ট
২০০৬ উয়েফা কাপ
সেমিফাইনালের প্রথম লেগে রোমানিয়ায় গিয়ে ১-০ গোলে হেরেছিল মিডলসবরো। ঘরের মাঠে দ্বিতীয় লেগেও স্টুয়া বুখারেস্টের কাছে ২৪ মিনিটে ২ গোলে পিছিয়ে পড়েছিল। জিততে হলে ৪ গোল করতে হবে, ২৬ মিনিটে স্বাগতিক কোচ নামিয়ে দেন স্ট্রাইকার মাসিমো ম্যাকারোনেকে। ৩৩ মিনিটে প্রথম ও ৮৯ মিনিটে মিডলসবরোর ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন ইতালিয়ান স্ট্রাইকার। মাঝে মার্ক ভিদুকা ও ক্রিস রিগটের গোল দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতিয়ে ফাইনালে তোলে ইংলিশ ক্লাবটিকে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও এফসি বাসেলের সঙ্গে দ্বিতীয় লেগে ৪ গোল করে জিততে হয়েছিল মিডলসবরোকে, ৯০ মিনিটে শেষ গোলটি করেছিলেন ম্যাকারোনে। তথ্যসূত্র: উয়েফাডটকম।