এভাবেও হারে চ্যাম্পিয়নরা!
দ্বিতীয়ার্ধে আরও একটা গোল হজম করার পর টিভি ক্যামেরায় ইয়ুর্গেন ক্লপকে দেখানো হলো। মুখ হাসি হাসি। গোটা ব্যাপারটায় যেন মজা পাচ্ছেন—ভাবটা এমন। মাত্র গত মৌসুমে যে দলটা প্রিমিয়ার লিগে উঠে এসেছে, একদম শেষ ম্যাচে অবনমন এড়িয়েছে, তাঁদের কাছেই কিনা বর্তমান চ্যাম্পিয়নরা একের পর এক গোল খেয়ে শেষ পর্যন্ত ৭-২ গোলে হেরে গেল! ক্লপ হাসছিলেন, কারণ ততক্ষণে তিনি সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিলেন।
২০২০ সাল এ পর্যন্ত কত কিছুই না দেখাল। ফুটবলপাড়াও এর এক কিস্তি দেখল গত রাতে। অ্যাস্টন ভিলার মাঠে খেলতে গিয়ে ৭ গোল খেয়ে এসেছে লিভারপুল। প্রিমিয়ার লিগ এমন স্কোরলাইন এর আগে কবে দেখেছে, গবেষণার বিষয় হতে পারে। চ্যাম্পিয়নরা সাত গোল কবে খেয়েছে, সেটাও কি নয়? ফুটবল পরিসংখ্যানবিদরা জানিয়েছেন, সেই ১৯৬৩ সালে সর্বশেষ নিজেদের জালে সাতটা গোল ঢুকতে দেখেছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। টটেনহামের বিপক্ষে সে ম্যাচের স্কোরলাইনও ছিল ৭-২। ওদিকে নিজেদের প্রিমিয়ার লিগ ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষের জালে সাত গোল দিল অ্যাস্টন ভিলা, প্রথম উদাহরণ উইম্বলডনের বিপক্ষে— ১৯৯৫ সালে। আর ইংলিশ লিগ চ্যাম্পিয়ন কোন দল পরের মৌসুমেই সাত গোল খেয়েছে, এমন উদাহরণ সর্বশেষ ছিল আর্সেনালের, স্যান্ডারল্যান্ডের বিপক্ষে বেহাল দশা হয়েছিল তাদেরও। তাও সেই ৬৭ বছর আগের কথা।
দলের স্ট্রাইকাররা গোল-বিমুখ, যে কারণে বড় আশা করে মৌসুমের শুরুতে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ দাম দিয়ে ব্রেন্টফোর্ড থেকে ইংলিশ স্ট্রাইকার অলিভার ওয়াটকিন্সকে কিনে এনেছিল ভিলা। প্রথম দুই ম্যাচে ওয়াটকিন্সও পূর্বসূরিদের অনুসরণ করেছিলেন, গোল পাচ্ছিলেন না। কিন্তু কোচের চিন্তা দূর করার জন্য ওয়াটকিন্স যে এমন মোক্ষম উপলক্ষ খুঁজে বের করবেন, তা হয়তো কোচ ডিন স্মিথও ভাবেননি। প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন সাবেক আর্সেনাল তারকা থিয়েরি অঁরিকে আইডল মানা এই স্ট্রাইকার। সঙ্গে মিডফিল্ডার জন ম্যাকগিনের গোল মিলিয়ে প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায় ভিলা। লিভারপুলের পক্ষে গোলটা করেন মোহাম্মদ সালাহ। আরেকটি তথ্য এখানে দেওয়া যেতে পারে। লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগে এই নিয়ে দশ বছর পর কোন খেলোয়াড় হ্যাটট্রিক করলেন। এর আগে ২০১০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বুলগেরিয়ান স্ট্রাইকার দিমিতার বারবেতভের ছিল এই কীর্তি।
ওয়াটকিন্স হ্যাটট্রিক করলেও, পেছন থেকে কলকাঠি নেড়েছেন দলের অধিনায়ক জ্যাক গ্রিলিশ। ইংলিশ এই মিডফিল্ডার বহুদিন ধরেই বড় ক্লাবগুলোর নজরে আছেন। মরিসিও পচেত্তিনোর সময়ে টটেনহাম খুব করে চেয়েছিল তাঁকে। এমনকি কিছুদিন আগেও শোনা যাচ্ছিল, ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী এই তারকার প্রতি। কেন আগ্রহী, সেটার একটা প্রমাণ দেখালেন গত রাতে। তিন গোল বানিয়ে দেওয়ার পাশাপাশি নিজে করেছেন দুই গোল। বাকি গোলটা সদ্যই চেলসি থেকে ধারে আসা মিডফিল্ডার রস বার্কলির।
মৌসুমের শুরু থেকেই লিভারপুলের রক্ষণভাগের দুর্দশা চোখে পড়ছিল। কিন্তু আক্রমণভাগের তারকারা গোল পাচ্ছিলেন, ম্যাচ জেতাচ্ছিলেন দেখে সেগুলো অত সামনে আসেনি। গতকাল সালাহ একাই দুই গোল করেও দলের রক্ষণভাগের দুর্দশা ঢাকতে পারলেন না। ম্যাচের ঠিক আগে অনুশীলন করতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন দলের মূল গোলরক্ষক আলিসন। সে চোটের কারণে পরে মাঠে নামতে পারলেন না ব্রাজিল তারকা, মূল একাদশে এলেন স্প্যানিশ গোলরক্ষক আদ্রিয়ান। এর আগে চ্যাম্পিয়নস লিগে আতলেতিকোর বিপক্ষে বাদ পড়া, কিংবা এফএ কাপে চেলসির বিপক্ষে বাদ পড়ার পেছনে আদ্রিয়ানের বাজে কিপিংকেই দায়ী করা হয়। গতকাল আবারও আদ্রিয়ান সেই দুঃস্বপ্ন ফিরিয়ে আনলেন। একের পর এক ভুল করে ডোবালেন দলকে। তাঁর সঙ্গে লিভারপুল রক্ষণভাগের বাকিরা যেন প্রতিযোগিতায় নামল। আক্রমণের সময়ে সবাই উঠে গেলেও প্রতিপক্ষ প্রতি আক্রমণে আসলে যে সময়মতো নামতে হয়, সবাই যেন তা বেমালুম ভুলে গিয়েছিলেন। ভুলগুলোর শাস্তি দিতে অ্যাস্টন ভিলা দেরি করেনি মোটেও। থিয়াগো আলকানতারা, অধিনায়ক জর্ডান হেন্ডারসন, সাদিও মানে-দের অনুপস্থিতিও লিভারপুলকে ভুগিয়েছে বেশ।
ম্যাচ শেষে ভিলাকে প্রাপ্য প্রশংসা করতে দেরি করেননি ক্লপ, ‘আপনাকে বলতে হবে ভিলা অনেক ভালো খেলেছে। ওরা শারীরিকভাবে ছিল অনেক সক্ষম, অনেক কৌশলী ও সোজাসাপ্টা ফুটবল খেলে গেছে। আমরা যা করতে পারিনি। আমরা গোল করার অনেক সুযোগ পেয়েছিলাম, যেগুলো আমরা কাজে লাগাতে পারিনি। কিন্তু আপনি যখন সাত গোল হজম করেন, তখন আপনি বলতে পারেন না যে স্কোরলাইন ৭-৭ করার সামর্থ্য ছিল আপনার দলের। আমরা বড় বড় অনেকগুলো ভুল করেছি। প্রথম গোল থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা ভুলগুলো করেই গিয়েছি।’