এভারটনে আটকে গেল লিভারপুল

রোববার এভারটনকে হারালেও লিভারপুলের লিগ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হতো না। আরও একটি ম্যাচ জিততে হতো। কিন্তু তাই বলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ১২তম এভারটনকে হারাতে পারবে না ইয়ূর্গেন ক্লপের দল! ম্যাচটি গোলশূন্য ড্র করে পরিস্থিতি কিছুটা জটিলই করে তুলেছে তারা। পরের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতলেও খুব একটা স্বস্তিতে থাকবে না লিভারপুল। ২ জুলাই যে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। তবে সিটি তাদের পরের ম্যাচে বার্নলিকে হারাতে না পারলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ই ৩০ বছর পর লিভারপুলকে লিগ শিরোপা এনে দেবে।
মোহাম্মদ সালাহ ছিলেন না রোববার লিভারপুলের একাদশে। রবার্তো ফিরমিনো, সাদিও মানে, তাকুমি মিনামিনো ছিলেন। কিন্তু তাঁরা তেমন কিছুই করতে পারেননি। উল্টো এভারটন কোচ কার্লো আনচেলত্তির আক্ষেপ থাকতে পারে ম্যাচটা জিততে না পারায়।
মোহামেদ সালাহকে ছাড়াই নেমেছিল লিভারপুল। ফিরমিনো আর সাদিও মানের সঙ্গে ছিলেন তাকুমি মিনামিনো। এই ত্রয়ী তেমন কোনো আশার আলো দেখাতে পারেননি ক্লপকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই মিনামিনোর জায়গায় অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইনকে নামিয়ে ক্লপ চিত্রে কিছুটা বদল এনেছিলেন। তাতে পরের অর্ধে দারুণ শুরু করেছিল লিভারপুলও। তবে এভারটন গোলের যত কাছাকাছি গিয়ে খালি হাতে ফিরেছে, লিভারপুলের আর অতখানি যাওয়া হয়নি। পয়েন্ট টেবিলের ১৩-তে থেকে ম্যাচ শুরু করা কার্লো আনচেলোত্তির আফসোসটাই বেশি হওয়ার কথা এই ড্রয়ের পর।
খেলার শেষ দিকেই তাঁরা নষ্ট করেছেন ৩টি সুযোগ। এর মধ্যে টম ডেভিসের শটটি বারে লেগে প্রতিহত হওয়াটা ছিল এভারটনের জন্য সবচেয়ে হতাশার। এরপর লিভারপুল গোলরক্ষক অ্যালিসনে আটকে যান তাঁর দেশেরই রিচার্লিসন।
এক পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করে অবশ্য খুশি লিভারপুল কোচ ক্লপ, ‘ম্যাচটা দুর্দান্ত হয়েছে। দুই দলই দারুণ লড়াই করেছে।’
ক্লপ নিজ দলের রক্ষণ ও মধ্যমাঠের প্রশংসাই করেছেন, ‘আমার দলের রক্ষণ ভালো খেলেছে। মিডফিল্ডও প্রেস করে খেলেছে। কিন্তু বল পায়ে রাখার তুলনায় খুব বেশি সুযোগ আমরা সৃষ্টি করতে পারিনি। আমরা প্রভাব বিস্তার করে খেললেও বড় সুযোগটা এসেছিল এভারটনেরই।’