এভারটনের কোচ হচ্ছেন চেলসির ল্যাম্পার্ড
২০২১ সালের শুরুতে চেলসির কোচের পদ থেকে বিদায় নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এর পর থেকেই বেকার সময় কাটাচ্ছেন চেলসি কিংবদন্তি। বেকারত্বের অবসান হতে যাচ্ছে সাবেক মিডফিল্ডারের।
তাঁকে কোচ হিসেবে পেতে চায় স্বদেশি ক্লাব এভারটন। ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ল্যাম্পার্ডের এভারটন ক্লাবের কোচ হওয়াটা নিশ্চিত।
প্রিমিয়ার লিগে এভারটন ধুঁকছে। ২০ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষোলোতম স্থানে আছে লিভারপুলের ক্লাবটি। এর জেরে ১৬ জানুয়ারি প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা রাফায়েল বেনিতেজকে।
তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ক্লাবের পুরোনো মুখ ডানকান ফার্গুসন। ক্লাবের সাবেক খেলোয়াড়ের অধীনে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলে ১-০ গোলে হেরেছে এভারটন।
ফার্গুসনকে স্থায়ী কোচ হিসেবে রাখার ইচ্ছা নেই এভারটনের। কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন পর্তুগিজ কোচ ভিতর পেরেইরাকে। কিন্তু তাঁর ব্যাপারেও সন্তুষ্ট হতে পারেনি ক্লাব। ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল ওয়েইন রুনিকে।
চ্যাম্পিয়নশিপ লিগের ডার্বি কান্ট্রি ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন সাবেক এই ইংলিশ তারকা স্ট্রাইকার। কিন্তু আপাতত সে দায়িত্ব ছেড়ে এভারটনের দায়িত্ব নিতে রাজি হননি রুনি। তাই ল্যাম্পার্ডের দিকে হাত বাড়ানো। গতকাল ল্যাম্পার্ডের সাক্ষাৎকার নেওয়ার পর তাঁর ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এভারটন।
২০১৯-২০ মৌসুমে চেলসির ডাগআউটে দুর্দান্ত শুরু করেছিলেন ল্যাম্পার্ড। শীর্ষ পর্যায়ে প্রথমবারের মতো কোচ হয়ে এসেছিলেন, তা-ও নিজেরই ‘ঘর’ চেলসিতে। তারুণ্যনির্ভর চেলসিকে রেখেছিলেন শীর্ষ চারে। নিশ্চিত হয়েছিল চ্যাম্পিয়নস লিগও। কিন্তু গত মৌসুমে লিগের অর্ধেক পেরিয়ে যাওয়ার পরও চেলসির খেলায় ছিল অবনতির ছাপ। যে কারণে বরখাস্ত হতে হয়েছিল ল্যাম্পার্ডকে।