এমএলএসে খেলবেন রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্রহী দলগুলোকে নিয়ে বেশ ভালোই ‘খেলছেন’ ক্রিস্টিয়ানো রোনালদো। ভবিষ্যৎ প্রশ্নে নানা রকম ইঙ্গিত দিয়েই চলেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। একবার বলছেন আমার ইংল্যান্ড ভালো লাগে, তো আবার দেখা গেল প্যারিস সেন্ট-জার্মেই কোচের সঙ্গে ম্যাচের পর ‘কানাঘুষা’ করছেন। পরবর্তী মৌসুমে রোনালদো কোথায় থাকবেন, এ নিয়ে সংশয় তাই বেড়েই চলেছে। সিআর-৭-এর একেবারেই নতুন দেওয়া ইঙ্গিত, একটা বছর হলেও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলতে চান।
এমনিতে ফুটবলারদের ‘বৃদ্ধাশ্রম’খ্যাত এমএলএস। ডেভিড বেকহাম সেখানে খেলেছেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়, যদিও এমএলএসকে জনপ্রিয় করার পেছনে তাঁর অনেক অবদান। এই মৌসুমেই বেসবল-বাস্কেটবলের দেশে ফুটবল খেলতে গেছেন পিরলো-জেরার্ড-ল্যাম্পার্ডরা। এফএইচএম সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে সেখানে যাওয়ার কথা ‘ভালোভাবেই ভাবছি’ জানিয়ে ৩০ বছর বয়সী রোনালদো বললেন, ‘আমি বিশ্বের কোনো লিগের দরজাই বন্ধ করছি না। যুক্তরাষ্ট্রে এক বছর খেলার কথা ভালোভাবেই ভাবছি। সব সময়ই বলেছি, ওখানে থাকা বা খেলার সম্ভাবনা আছে।’
কদিন ধরেই রিয়ালে রোনালদোর থাকা না-থাকা নিয়ে বেশ গুঞ্জন সংবাদমাধ্যমে। রিয়াল তারকার নিজেরও এতে ‘অবদান’ আছে। এই তো চ্যাম্পিয়নস লিগে ম্যাচের পর পিএসজি কোচের কানে কানে কী যেন বলেছেন। ম্যাচের আগে ‘বিশেষ ইঙ্গিতবাহী চোখ পিটপিটানি’ করেছেন পিএসজির মালিক নাসের এল-খেলাইফির সঙ্গেও। গোলডটকম।