এমএসএনে বার্সার গোল উৎসব

লিগে আগের ম্যাচে ঘরের মাঠে নবাগত আলাভেসের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। এই মৌসুমেই লা লিগায় উঠে আসা আরেক নবাগত দল লেগানেসও তাই স্বপ্ন দেখছিল তেমন কোনো অঘটনের। কিন্তু সেটি তো হলোই না, উল্টো বার্সেলোনার আক্রমণের তোড়ে ভেসেই গেল দলটি। ঘরের মাঠে কাল তারা হারল ৫-১ গোলে।
বার্সা জিতেছে, তাতে অনুমিতভাবেই বড় অবদান বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ীর। লিওনেল মেসি করেছেন জোড়া গোল, গোল পেয়েছেন লুইস সুয়ারেজ-নেইমারও। অন্য গোলটি রাফিনহার। লেগানেসের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেছেন গ্যাব্রিয়েল।
ম্যাচের শুরুতেই একটা চমক দেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। টানা খেলার ধকল সামলে উঠতে মিডফিল্ডার সার্জিও বুসকেটসকে দলে রাখেননি, দলও সাজান ৩-৪-৩ ছকে। তবে এই ছকে অনভ্যস্ত বলেই হয়তো, প্রথম মিনিট দশেক একেবারেই ছন্দ খুঁজে পায়নি বার্সা। কৃতিত্ব আছে লেগানেসেরও। ক্রমাগত চাপে রেখে বল দখলে রাখছিল তারা বার্সার কাছ থেকে, বার্সা খেলোয়াড়দের বেরোতেও দিচ্ছিল না নিজেদের অর্ধ ছেড়ে।
কিন্তু ওই ১০ মিনিট পর্যন্তই। এরপরই শুরু ‘এমএসএনে’র দাপট। লেগানেস আক্রমণাত্মক খেলতে গিয়ে নিজেদের বক্স ছেড়ে অনেকটা বেরিয়ে রক্ষণ করেছে, আর এ সুযোগে বারবার ফাঁক গলে বেরিয়ে গেছেন মেসি-সুয়ারেজ-নেইমার। ‘তিনে মিলি করি গোল’ মন্ত্রই তখন জপছিলেন তাঁরা। তিনজনই গোল পেয়েছেন প্রথমার্ধে, গোলগুলো আবার গড়েছেন তিনজন মিলেই। ১৫ মিনিটে সুয়ারেজের পাসে মেসির লক্ষ্যভেদ, এর ১৬ মিনিট পর প্রতিদান আর্জেন্টাইন অধিনায়কের। বিরতির মিনিট খানেক আগে সুয়ারেজের পাস থেকে দলের তৃতীয় গোলটি করেন নেইমার।
প্রথমার্ধের গোল উৎসব বার্সেলোনা টেনে নেয় দ্বিতীয়ার্ধেও। ৫১ মিনিটেই নেইমারকে ফাউল করায় প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করেন মেসি। তবে ম্যাচের সবচেয়ে ব্যক্তিগত নৈপুণ্যে ভাস্বর দুটি গোল হয়েছে এরপর। ৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে বার্সেলোনার পঞ্চম গোল করেন রাফিনহা। আর ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে লেগানেসের সান্ত্বনাসূচক গোলটি এসেছে গ্যাব্রিয়েলের দুর্দান্ত ফ্রি-কিকে।
প্রত্যাশিতই ছিল, তবে এমন বড় জয় সব সময়ই তৃপ্তির। বার্সেলোনা কোচ লুইস এনরিকেও খুশি খেলোয়াড়দের নৈপুণ্যে, ‘আমরা ফাঁকা জায়গাগুলো বেশ ভালোভাবে কাজে লাগিয়েছি, শুরু থেকেই বেশ কার্যকর ছিলাম।’ স্প্যানিশ কোচের আনন্দটা বেড়ে যাচ্ছে নতুন ছকের ফাটকা কাজে লেগে যাওয়ায়, ‘(৩-৪-৩ ছক) কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল, তবে আমরা ভালোভাবেই ছকটা মেনে চলেছি।’ মিডফিল্ডার রাফিনহা অবশ্য গোল উৎসবের নেপথ্যে প্রতিপক্ষ লেগানেসের আক্রমণাত্মক মনোভাবেরও ‘অবদান’ দেখছেন, ‘ওরা অনেক গতি নিয়ে ম্যাচটা শুরু করেছিল, ওপরে উঠে এসে খেলছিল। এতে আমাদের জন্য অনেক জায়গা তৈরি হয়েছে। আর যখন আক্রমণে আমাদের দলের মতো এমন তিনজন থাকবে, গোল তো হবেই।’ গোলডটকম, মার্কা।
এক নজরে
ইংলিশ লিগ
ম্যান সিটি ৪: ০ বোর্নমাউথ
হাল সিটি ১: ৪ আর্সেনাল
লেস্টার ৩: ০ বার্নলি
স্প্যানিশ লিগ
লেগানেস ১: ৫ বার্সেলোনা
অ্যাটলেটিকো ৫: ০ স্পোর্টিং গিজন
জার্মান লিগ
বায়ার্ন ৩: ১ ইঙ্গলস্টাট
ডর্টমুন্ড ৬: ০ ডার্মস্টাট
*স্বাগতিক দল প্রথমে