এমএসএনের জাদুর রহস্য

‘এক বনে তিন বাঘ থাকতে পারে না, তিনজনের ব্যক্তিত্বের সংঘাত হবেই’—এ রকম কত কথাই তো হয়েছিল এক সময়। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার দেখিয়ে দিয়েছেন, প্রচলিত ধারণাকেও কীভাবে মিথ্যা প্রমাণ করা যায়। কিন্তু আসলে এমএসএনের এই ত্রিতালের রহস্য কী? সেটা সবচেয়ে ভালো বলতে পারবেন নিশ্চয় লুইস এনরিকে। বার্সেলোনা কোচ জানাচ্ছেন, ‘জাদুমন্ত্র’ই তাঁদের সাফল্যের আসল কারণ!
না, ভড়কে যাবেন না। এনরিকের কথাটা অত ভারিক্কি চালে নেওয়ার কিছু নেই। বার্সা কোচ কথাটা বলেছেন রসিকতা করেই, ‘মেসি, নেইমার, সুয়ারেজকে নিয়ে কী আর বলব? এটা তো ভোজবাজির খেল, অ্যাব্রাক্যাড্যাব্রা!’
পরক্ষণেই এনরিকে আবার একটু ‘সিরিয়াস’ হলেন, ‘আসলে ওদেরকে তো আমি একসঙ্গে পেয়ে গেছি, আর আমি নিজেও অনেক খেটেছি। কখনো কখনো কী করতে হবে সেটা ওদেরকে বলে দিতে হয় না, নিজেরাই সেটা বুঝে ফেলে। ওদের বল দিতে আমাদের মিডফিল্ডারদেরই বরং বেশি কষ্ট করতে হয়।’
আজই চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের মুখোমুখি বার্সেলোনা। এই ম্যাচের আগে এমএসএনকে ভরিয়ে দিলেন প্রশংসায়, ‘আমাদের এমন তিনজন খেলোয়াড় আছে যারা সব সময় জয়ের জন্য সেরাটা ঢেলে দেয়। দুই বা তিন দিন পর তাদের প্রেরণারও অভাব হয় না। ওদেরকে অনুশীলন করতে দেখলে মনে হয়, ওদের পেয়ে আমি গর্বিত।’