এমএসএনের পরিসংখ্যান চমকে দেবে আপনাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলের জন্যই বড় যাওয়া এই ত্রিমূর্তি! ফাইল ছবি
ফুটবলের জন্যই বড় যাওয়া এই ত্রিমূর্তি! ফাইল ছবি

বলা হয়, পৃথিবীতে যা কিছু সুন্দর, তার শুরুটা ততটা সুন্দর না-ও হতে পারে। প্রজাপতিই দেখুন, ডানা মেলে ওড়ার পরই সে দৃষ্টি কাড়ে। কিন্তু তার আগের শুঁয়োপোকাটাকে কজন মনে রাখে? বা একটা অর্কেস্ট্রার কথাই ধরুন। আলাদা আলাদাভাবে প্রতিটি বাদ্যযন্ত্র একসঙ্গে মিললেই তো হয় অপূর্ব সুর-মূর্ছনা।

বিতং করে এত উপমা কেন দেওয়া হচ্ছে? যাঁদের ব্যাপারে বলা হচ্ছে, তাঁদের গল্পটাও যে অনেকটা এমনই। এমএসএন! বর্তমান সময়ের, এমনকি অনেকের চোখে সর্বকালেরই, সেরা আক্রমণত্রয়ী—লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার!
দুই বছর এক দিন আগে, ২০১৪ সালের ২৫ অক্টোবর, ত্রিরত্নের শুরুটা ছিল একটা দুঃসহ স্মৃতি। সেদিনই প্রথম তিনজন বার্সেলোনার জার্সিতে একসঙ্গে মাঠে নেমেছিলেন। সেটিও কার বিপক্ষে? রিয়াল মাদ্রিদ! মেসি আর নেইমার তো আগে থেকেই ছিলেন, বার্সেলোনার জার্সিতে সেদিন নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন সুয়ারেজও। ফুটবল রোমান্টিকদেরও কত জল্পনা-কল্পনা ছিল ম্যাচটিকে ঘিরে। একদিকে এঁরা তিনজন, অন্যদিকে রোনালদো-বেল-বেনজেমা। কিন্তু শুরুর গল্পটা এমএসএনের জন্য হলো হতাশায় মাখা। ম্যাচের শুরুতেই সুয়ারেজের পাসে নেইমারের গোলে এগিয়ে গেলেও বার্সেলোনা ম্যাচটা হেরে যায় ৩-১ গোলে। মেসি-নেইমার-সুয়ারেজের রসায়নটাও সেদিন একেবারেই জমেনি।
এরপরই তো প্রজাপতি হয়ে ওঠা তাঁদের। এরপর যত ম্যাচ গড়িয়েছে, ততই দিনে দিনে আরও ডানা মেলেছে তিনজনের বন্ধুত্ব। মাঠে যেমন, মাঠের বাইরেও। দক্ষিণ আমেরিকান তিন ‘শিল্পী’ মিলে সবুজ মাঠে ফুটবল পায়ে এঁকেছেন অপূর্ব শিল্প। বার্সেলোনার সমর্থক হোন না না হোন, ফুটবলপ্রেমী মাত্রই সেটিতে মুগ্ধ হয়েছেন। তবে শুধু হৃদয় জেতাই নয়, এমএসএনের কীর্তি রাঙিয়েছে পরিসংখ্যান বইও।
তিনজনই ফরোয়ার্ড, গোলের হিসেব দিয়েই শুরু করা যাক। ত্রিরত্নের দুই বছরে বার্সেলোনা সব প্রতিযোগিতায় গোল করেছে ৩৬৭টি। অন্য যেকোনো দলের চেয়ে বেশি। তা এর মধ্যে এমএসএনের গোল কটি? ২৬৪! চোখ ছানাবড়া করার মতো তথ্য তো এটিও—আর কোনো আক্রমণভাগ দূরে থাক, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এই সময়ে শুধু দুটি দলই এই তিনজনের চেয়ে বেশি গোল করেছে। রিয়াল মাদ্রিদ (২৯৬) ও প্যারিস সেন্ট জার্মেই (২৭০)।
এমএসএনের বন্ধুত্ব, একে অন্যের পাশে থাকা, তিনজনই তিনজনকে দিয়ে গোল করানো—এগুলো নিয়েও তো গত দুই বছরে কম কথা হয়নি। মেসি-নেইমার-সুয়ারেজ অনেকবারই বলেছেন, ম্যাচে তিনজনের কেউ একজন গোল না পেলে মন খারাপ হয় তিনজনেরই। তা একেবারে পুরো খুশিমনে মাঠ ছাড়তে পেরেছেন কদিন? মানে, তিনজনই গোল পেয়েছেন, এমন হয়েছে মোট ১৬ বার।
তা বন্ধুদের মধ্যেও কে এগিয়ে? কারও চোখে মেসি, কারও চোখে নেইমার, কারও চোখে সুয়ারেজ। কেউ কেউ তো ওসব হিসেবেই যেতে রাজি নন। তিনজনের কেউ না থাকলেই যে সুরটা কোথাও কেটে যায়। তবু ‘বোকা’ পরিসংখ্যান কী বলে? গোলের সংখ্যায় মেসি ‘ফার্স্ট বয়’—আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল ১০৪টি। সুয়ারেজ খুব একটা পিছিয়ে নেই, ৯৪। নেইমার অবশ্য অনেকটা পিছিয়ে, ৬৬টি।
গোলে মেসি, তবে ‘উদারতা’য় এগিয়ে সুয়ারেজ। তিনি গোলে সহায়তা করেছেন ৪৮টি। মেসি ‘এক’টু পিছিয়ে, ৪৭টি অ্যাসিস্ট তাঁর। নেইমার এখানেও অনেক পিছিয়ে—৩৪। তবে ব্রাজিল ফরোয়ার্ডের পক্ষেও যুক্তি হতে পারে, অন্তত বার্সেলোনার খেলা দেখে বোঝা যায়, অন্য দুজনের চেয়ে রক্ষণে নেমে তো নেইমারই বেশি সাহায্য করেন।
তিনজনের ২৬৪ গোল এসেছে সব প্রতিযোগিতা মিলিয়েই। লা লিগায় ২২৯টি, কোপা দেল রে ৬১টি, চ্যাম্পিয়নস লিগ ৬০টি। এর বাইরে সুপারকোপাতে ৬টি, ফিফা ক্লাব বিশ্বকাপে ৬টি, আর ইউরোপিয়ান সুপার কাপে তিনটি। সূত্র: গোলডটকম।