এমএসএনের মতো দোস্তির দরকার নেই বিবিসির!

দুভাবেই দেখতে পারেন। আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মী, তাদের সঙ্গে নিপাট পেশাদারি সম্পর্ক থাকাই ভালো। আবার অন্য দিক দিয়ে দেখলে, শুধু পেশাদারি সম্পর্কের বাইরেও আলাদা একটা বন্ধনও তো লাগে। যে বন্ধন তৈরি করে বোঝাপড়া, বৃহত্তর স্বার্থে আত্মত্যাগের মানসিকতা। ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে কিন্তু আবেগী বন্ধুত্বের চেয়ে নিখাদ পেশাদারি সম্পর্কের গুরুত্বই বেশি।
লিওনেল মেসির কদিন আগের পেনাল্টিটা আবারও আলোচনায় এনে দিয়েছে এমএসএনের বন্ধুত্ব। সেই সম্পর্ক নিঃস্বার্থতার সেই মাত্রায় গিয়ে পৌঁছেছে, যেখানে একজন পেনাল্টি থেকেও নিজে গোল না করে সতীর্থ দিয়ে করান। মাঠের পাশাপাশি মাঠের বাইরে তিনজনের সম্পর্কটার কারণেই বার্সার এমএসএন-ত্রয়ী অভিন্ন এক আত্মা হয়ে উঠেছেন।
কিন্তু কাল সংবাদ সম্মেলনে অকপট রোনালদো খোলাখুলিই বললেন, তাঁর কাছে মনে হয় না, মাঠের বাইরেও সতীর্থদের সঙ্গে দোস্তি-গলাগলি করতে হবে। উদাহরণ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের দিনগুলোর কথাই ফিরিয়ে আনলেন রিয়াল মাদ্রিদ তারকা।
বিবিসি নামে খ্যাত বেল-বেনজেমা-রোনালদো ত্রিমূর্তির মধ্যে সম্পর্কের খামতি নিয়ে প্রায়ই সংবাদ হয়। এবার রোনালদোর ব্যাখ্যাটাও জেনে নিন, ‘ম্যানচেস্টারে আমরা চ্যাম্পিয়নস লিগ জিতেছিলাম (২০০৮ সালে), আমি স্কোলস, গিগস, ফার্ডিন্যান্ডদের সঙ্গে তো হ্যালো ছাড়া তেমন কোনো কথাই বলতাম না। কিন্তু তারপরও আমাদের দলটা ছিল দুর্দান্ত। বেনজেমার সঙ্গে তো আমাকে খেতে যেতে কিংবা ওকে আমার বাড়িতে ডেকে আনার দরকার দেখি না। মাঠে আপনাদের সম্পর্কটা কেমন, সেটাই গুরুত্বপূর্ণ। আমার আলতো চুমু আর জড়িয়ে ধরে আবেগ দেখানোর দরকার নেই।’
এই মৌসুমে নতুন এক অভিজ্ঞতারও মুখোমুখি হতে হচ্ছে রোনালদোকে। ৩০ ম্যাচে ৩২ গোল করেও ‘খারাপ খেলা’র সমালোচনা শুনতে হচ্ছে। রোনালদো নাকি খুচরো গোল বেশি করছেন। বড় প্রতিপক্ষের সঙ্গে, অতি জরুরি সময়ে গোল নেই। ছোট দল পেলেই একাধিক গোল করছেন। ‘আমার চেয়ে কে বেশি গোল করেছে বলুন তো দেখি’ বলে রোনালদো রীতিমতো চটেই গেলেন কালও। তবে এই পরিস্থিতি তৈরি হওয়ার আগে বলেছেন, ‘এটা (সংবাদমাধ্যমের সমালোচনা) অনেকটা বাবা-ছেলের সম্পর্কের মতো। আপনি আপনার ছেলেকে সব দেবেন, কিন্তু যখনই এত কিছু দেওয়ার পর আর কিছু দিতে পারবেন না ও কান্নাকাটি শুরু করে দেবে। এসব জিনিস আমি স্বাভাবিকভাবেই নিই। খারাপই যদি খেলে থাকি, আমার ইচ্ছা এ রকমই খারাপ যেন মৌসুমের শেষ পর্যন্ত খেলে যেতে পারি।’