এমএসএনের শুধু 'এম' থাকল বার্সার

নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে...। কফি হাউসের ভেঙে যাওয়া আড্ডার মতোই। নেইমার প্যারিসে, মেসি বার্সায়...আর সুয়ারেজ হাসপাতালে! এল ক্লাসিকোর ফিরতি লেগে হাঁটুতে চোট পেয়েছিলেন লুইস সুয়ারেজ। কাল বার্সেলোনা শহরে সন্ত্রাসী হামলা আর সুয়ারেজের ছিটকে যাওয়ার দুঃসংবাদ প্রায় কাছাকাছি সময়ে পাওয়া গেল। বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে, কমপক্ষে এক মাস খেলতে পারবেন না এই স্ট্রাইকার। বার্সার হয়ে কমপক্ষে তিনটি, সর্বোচ্চ চারটি ম্যাচে খেলা হচ্ছে না সুয়ারেজের।
বার্সার এই ৪ ম্যাচে তাই কেবল মেসিই থাকছেন ভরসা হয়ে। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগেরও একটি ম্যাচেও খেলতে পারবেন না সুয়ারেজ। বার্সার দ্বিতীয় অধিনায়ক মেসির জন্য এটি দুঃসংবাদ। আবার আর্জেন্টিনা অধিনায়ক মেসির জন্য সুসংবাদ হলো, ৩১ আগস্ট বিশ্বকাপ বাছাই-পর্বের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়েও পাবে না সুয়ারেজকে।
তবে এই সুসংবাদ মেসির জন্য হাসির উপলক্ষ হয়ে আসেনি বলেই ধরে নিতে পারেন। এমনিতে নেইমার হুট করে চলে যাওয়ায় বার্সাকে ভারসাম্যহীন লাগছে। রিয়াল মাদ্রিদের কাছে টানা দুই ম্যাচে এমন অসহায় আত্মসমর্পণ বার্সা অনেক দিন হলো করেনি। এর মধ্যে সুয়ারেজকেও হারাতে হলো। রোববার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করছে বার্সা। গতবার সুয়ারেজের হ্যাটট্রিকে লিগে নিজেদের প্রথম ম্যাচে বেতিসকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।
সুয়ারেজ এরপর খেলতে পারবেন না ২৬ আগস্ট আলাভেস আর ৯ সেপ্টেম্বর এসপানিয়লের বিপক্ষেও। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে বার্সার একটি ম্যাচ পড়ার কথা। যেটির সূচি এখনো ঠিক হয়নি। তবে সেটি ১২ বা ১৩ সেপ্টেম্বর হওয়ার কথা।
বার্সার জন্য আরও একটি দুঃসংবাদ আছেন। গ্রোয়েনের চোটের কারণে প্রথম ম্যাচে নাও খেলতে পারেন ডিফেন্ডার জেরার্ড পিকে।