এমএসের পাশে আজ ডি
‘এমএসএন’ যুগ তো শেষ মাসখানেক আগেই। আজই কি সেই জায়গায় শুরু হচ্ছে ‘এমএসডি’ যুগ?
বার্সেলোনা ছেড়ে গত মাসে পিএসজিতে চলে গেছেন নেইমার। দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে, ২২২ মিলিয়ন ইউরোয় (২১০৬ কোটি টাকা)। মেসি-সুয়ারেজ-নেইমারের ত্রিরত্নেরও মাঠের ফুটবলে হলো বিচ্ছেদ। নেইমারের বিকল্প হিসেবে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ২০ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড উসমান ডেম্বেলেকে নিয়ে এসেছে বার্সা। মূল্য ১০৫ মিলিয়ন ইউরো (১০৩৩ কোটি টাকা)! বার্সেলোনার রেকর্ড!
তবে এসব তো পুরোনো খবর। নতুন খবর, আজ ন্যু ক্যাম্পেই বার্সেলোনা-ভক্তরা প্রথমবারের মতো প্রিয় জার্সিতে দেখবেন ডেম্বেলেকে। সেটিও বার্সেলোনা ডার্বিতে! আন্তর্জাতিক বিরতির পর আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদও। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ঘরের মাঠে জিনেদিন জিদানের দলের প্রতিপক্ষ লেভান্তে।
ডেম্বেলের অভিষেক আর ডার্বি ম্যাচ বলে আজ বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় বার্সেলোনার ম্যাচটাই মূল আকর্ষণ। বার্সেলোনার আক্রমণে ‘এমএসডি’ (মেসি-সুয়ারেজ-ডেম্বেলে) ত্রয়ীরই যে অভিষেক আজ। ডেম্বেলের পাশাপাশি আজ মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন চোট কাটিয়ে ফেরা লুইস সুয়ারেজও। তা নেইমারের অভাব ঘোচাতে পারবেন ডেম্বেলে? আন্তর্জাতিক বিরতির পরের ম্যাচে খেলতে গিয়ে বার্সেলোনা বরাবর যে ‘ফিফা-ভাইরাসে’ আক্রান্ত হয়, সেটি কাটিয়ে উঠতে পারবে। বার্সেলোনা কর্তৃপক্ষ অবশ্য আশাবাদী যে ডেম্বেলেই হবে তাদের সেই ভাইরাসনাশক ওষুধ। নিজের পরিচিত অনুষ্ঠানে অবশ্য ডেম্বেলে অবশ্য জানিয়ে রাখলেন তাঁর পক্ষে নেইমারের শূন্যতা পূরণ করা একটু বাড়াবাড়িই হবে, ‘নেইমার আর আমার মধ্যে এক পৃথিবী তফাত। সে বিশ্বের সেরাদের একজন। আর আমি পেশাদার ফুটবলই খেলছিই মাত্র দুই মৌসুম।’ তবে বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে নিশ্চয়ই তাঁকে পেয়ে খুশি। দুটি ২-০ গোলের জয় দিয়ে লিগ মৌসুম শুরু করেছে বার্সা। এবার প্রায় পূর্ণ শক্তির দলই পাচ্ছেন।
রিয়াল কোচ জিনেদিন জিদানের সেই সৌভাগ্য হচ্ছে না। লিগে প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচেই ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল। ক্রিস্টিয়ানো রোনালদোর পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞা পুরতে এখনো দুই ম্যাচ বাকি। তার ওপর আন্তর্জাতিক বিরতিতে গিয়ে চোট পেয়েছেন দানি সেবায়োস। চোট কাটিয়ে উঠতে পারেননি রাফায়েল ভারানে, কাসেমিরো ও গোলকিপার কেইলর নাভাসও। এত এত চোট-নিষেধাজ্ঞার খবরের মধ্যে জিদানের জন্য সুখবর, নিষেধাজ্ঞা কাটিয়ে আজ ফিরছেন অধিনায়ক সার্জিও রামোস।
তবে প্রতিপক্ষ লেভান্তে বলেই হয়তো খুব বেশি ভাবতে হবে না রিয়ালকে। অ্যাসেনসিও-ইসকোরা আছেন না! গোলডটকম।