এমন অগ্নিশর্মা হজসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনির রেকর্ডভাঙা গোলের  উচ্ছ্বাস l এএফপি
রুনির রেকর্ডভাঙা গোলের উচ্ছ্বাস l এএফপি

সংবাদ সম্মেলনে প্রশ্নটা করতেই খেঁকিয়ে উঠলেন রয় হজসন, ‘গোলে দুটি শট? এসব ফালতু কথা বলবেন না। নরওয়ে ডিফেন্ডাররা যে এতগুলো শট ঠেকিয়ে দিল সেসব কোথায়? স্টারিজ যে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লব করে বলটা ক্রসবারে লাগাল ওটার কথা তো বলছেন না! আর পরিসংখ্যান নিয়ে আমার সঙ্গে কথা বলতে আসবেন না। বল ছিল আমাদের নিয়ন্ত্রণে, আর আপনি আমার কাছে গোলে দুটি শট ছিল সেটা বলতে এসেছেন?’
হজসন আদতে নিপাট ভদ্রলোক। কিন্তু ইংল্যান্ড কোচ হঠাৎ এমন খেপে উঠলেন কেন? পরশু ইংল্যান্ডের খেলার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন হজসন। খানিক আগেই নরওয়েকে ১-০ গোলে হারিয়ে এসেছে ইংল্যান্ড, হজসনের প্রসন্ন মেজাজেই থাকার কথা। কিন্তু ‘ইংল্যান্ড মাত্র দুটি শট নিয়েছে গোলে’—তথ্যটা মনে করিয়ে দিতেই ৬৬ বছর বয়সী কোচের অমন অগ্নিমূর্তি।
তবে হজসন যতই পরিসংখ্যানকে অস্বীকার করুন, সংখ্যা তো সংখ্যাই। সেটিই বলে দিচ্ছে, ইংল্যান্ডের জয়টা কষ্টার্জিত। খেলা যাঁরা দেখেছেন, তাঁরাও কমবেশি একমতই হবেন। জশুয়া কিংয়ের হেডটা জো হার্ট দারুণভাবে ফিরিয়ে না দিলে এগিয়ে যেতে পারত নরওয়েই। দ্বিতীয়ার্ধের শুরুতে নড়বড়ে ইংল্যান্ডকে কাঁপিয়েই দিয়েছিল নরওয়ে।
শেষ পর্যন্ত ৬৮ মিনিটে পেনাল্টি থেকে অচলায়তন ভাঙতে পারে ইংল্যান্ড। বক্সের ভেতর ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিংকে ফেলে দেওয়া হয়েছিল। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ওয়েইন রুনি। একটা মাইলফলকও এতে পেরিয়ে গেলেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক। মাইকেল ওয়েনকে (৪০) ছাড়িয়ে রুনি এখন ইংল্যান্ডের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা (৪১)। সামনে জিমি গ্রিভস (৪৪), গ্যারি লিনেকার (৪৮) ও স্যার ববি চার্লটন (৪৯)।
তবে গোল করলেও ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক হিসেবে অভিষেকের ম্যাচে রুনি নিষ্প্রভই ছিলেন। ২০১৬ ইউরো বাছাইয়ে ইংল্যান্ড সুইজারল্যান্ডের সঙ্গে তাদের প্রথম ম্যাচটি খেলতে যাওয়ার আগে এটি ইংলিশদের একটু উদ্বিগ্ন করে বৈকি। হজসন অবশ্য ম্যাচ শেষে বলেছেন, ‘ওয়েইন এর চেয়ে ভালো খেলোয়াড়, ভালো খেলতেও পারে। কিন্তু সব সময় আপনি নিজের সেরাটা দিতে পারবেন না। আর একটা ম্যাচে পারফর্ম না করতে পারলে কেউ খারাপ খেলোয়াড় হয়ে যায় না।’ এএফপি।
এক নজরে
ইংল্যান্ড ১ : ০ নরওয়ে
চেক প্রজাতন্ত্র ০ : ১ যুক্তরাষ্ট্র
ডেনমার্ক ১ : ২ তুরস্ক
রাশিয়া ৪ : ০ আজারবাইজান
আয়ারল্যান্ড ২ : ০ ওমান
ইউক্রেন ১ : ০ মলদোভা
* আগে স্বাগতিক দল