এমন আয়োজনেও ওয়াকওভার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা ফুটবল অ্যাসোসিয়েশন বা ডিএফএর নিষ্ক্রিয়তায় দেশের বেশির ভাগ জেলাতেই নিয়মিত লিগ হচ্ছে না। পাইপলাইনে ফুটবলার না থাকার বড় কারণ এটাই। অনেক দেরিতে হলেও বাফুফে এবার জাতীয় যুব ফুটবল মাঠে নামিয়েছে, যা জেলার ফুটবলে নতুন অক্সিজেন। ৯ মার্চ সারা দেশের আটটি ভেন্যুতে শুরু হয়েছে এই প্রতিযোগিতার প্রাথমিক পর্ব।
এই পর্ব শুরুর আগে বাফুফের কোচরা জেলায় জেলায় গিয়ে দল গড়ায় সহায়তা করেছেন। জেলায় অনুশীলনও হয়েছে তাঁদের তত্ত্বাবধানে। বলা যায়, বেশ ঘটা করেই শুরু হয়েছে যুব ফুটবল। কিন্তু এত কিছুর পরও দুটি জেলা ওয়াকওভার দিয়েছে। পরশু ভোলা ওয়াকওভার দিয়েছে পটুয়াখালীকে। মেহেরপুরের বিপক্ষে ওয়াকওভার পেয়েছে নারায়ণগঞ্জ।
বাফুফে প্রতিটি জেলাকে আর্থিক সুবিধা দিলেও এভাবে ওয়াকওভার কেন, সেই প্রশ্ন উঠছেই। উত্তর পেতে দল দুটিকে শোকজ নোটিশ পাঠিয়েছে বাফুফে। ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি বাদল রায় হতাশা ব্যক্ত করলেন, ‘এটা খুবই দুঃখজনক। নির্বাচন এলে যেসব সংগঠক বড় বড় কথা বলেন, এবার তাঁদের জেলাই অংশ নিচ্ছে না। অথচ অংশগ্রহণ ফি বাবদ প্রতিটি জেলাকে টাকা দেওয়া হয়েছে।’
অনূর্ধ্ব-১৮ জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া প্রতিটি জেলাকে বাফুফে দিচ্ছে ৪৫ হাজার টাকা করে। কিন্তু এই টাকা কম মনে হয়েছে তাদের কাছে। ওয়াকওভার দেওয়া ভোলা ডিএফএর সভাপতি হামিদুল হক বাহালুল টাকার এই অঙ্কটাকে যথেষ্ট মনে করছেন না, ‘এত ফুটবলারের হোটেলভাড়া, খাওয়া, আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা লাগবে। কিন্তু মাত্র ১৫ হাজার টাকার একটা চেক পেয়েছি। বাকি টাকা কে দেবে? আসলে আর্থিক সমস্যার কারণেই আমরা অংশ নিচ্ছি না এই খেলায়।’
রাঙামাটি ডিএফএর সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের ভেন্যু ফেনী, কিন্তু ছেলেদের সেখানে প্রতিদিন খেলতে যেতে কষ্ট হয়। আয়োজকেরা থাকা-খাওয়ার কোনো ব্যবস্থা করেনি। এমনকি নাশতার ব্যবস্থাও করেনি। এভাবে ভালো খেলা সম্ভব না। আরও একটু বেশি বাজেট করলে ফেনীতে কোনো হোটেলে ছেলেদের রেখে খেলাতে পারতাম।’
টাকা সংগ্রহ করে খেলায় অংশ নেওয়ার দায়িত্ব জেলার। কিন্তু অল্প কিছু টাকার জন্য এই যুগে না খেলাটা কোনো কাজের কথা নয়। অথচ নির্বাচনের সময় লাখ লাখ টাকা উপঢৌকন নিয়ে অনেক জেলার কর্মকর্তারাই ঢাকা থেকে বাড়ি যান!