এমন করতে গেলেন কেন ফাঙ্গিসো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যারন ফাঙ্গিসো।
অ্যারন ফাঙ্গিসো।

অনেক সময় অবিবেচকের মতো কাজ করে ফেঁসে যান কেউ কেউ। কোনো দরকারই হয়তো ছিল না, কিন্তু অপ্রয়োজনীয় সেই কাজ বিপদের কারণ হয়ে যায় কখনো কখনো। দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসোর অবস্থা এখন তেমনই। কী দরকার ছিল তাঁর টেলিভিশন ক্যামেরার সামনে ওভাবে মাদক সেবনের ভঙ্গি করার!
সতীর্থদের সঙ্গে মজা করেই অমনটা করেছিলেন ফাঙ্গিসো। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার ডাগ আউটে দুষ্টুমি করেই কোকেন সেবনের ভঙ্গি করেছিলেন তিনি। কিন্তু ব্যাপারটা যে এত দূর গড়াবে সেটা হয়তো ভাবেননি। এখন তো রীতিমতো তদন্তের মুখেই পড়তে হয়েছে। কারণ, যে সব ব্যাপারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ‘জিরো টলারেন্স’, মাদকদ্রব্য সেবন সে​টার অগ্রভাগেই। টেলিভিশন ক্যামেরার সামনে যেহেতু কোকেন সেবনের ভঙ্গি করেই ফেলেছেন ফাঙ্গিসো, তাই মাদক-সংক্রান্ত তদন্তের মুখে তাঁকে পড়তেই হয়েছে। ডাগ আউটে আসলেই কোকেন নিয়ে এসেছিলেন নাকি, তদন্ত হয়েছে সেটিরও।
সামান্য একটা রসিকতা করেই যে এমন বিপদে পড়ে যাবেন, ফাঙ্গিসো তা ভাবতে পারেননি স্বপ্নেও। তাই কথা না বাড়িয়ে ক্ষমা চাওয়াকেই বুদ্ধিমানের কাজ মনে করছেন, ‘আমি আসলে আমার সতীর্থদের সঙ্গে মজা করতেই ওই ভঙ্গি করেছিলাম। একেবারে নির্দোষ মজা ছিল ওটা। কিন্তু এখন বুঝতে পারছি, ওই ভঙ্গি করাটা আমার মোটেও উচিত হয়নি। অহেতুক এই কাণ্ডের জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি।’
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, ‘ফাঙ্গিসোর ওই আচরণ টেলিভিশন ক্যামেরার সামনে খুবই দৃষ্টিকটু লেগেছে। মাদকসেবন অবশ্যই দক্ষিণ আফ্রিকার একটি বড় সমস্যা।’
ফাঙ্গিসো অবশ্য যে এসব ব্যাপারে একেবারে ধোয়া তুলসী পাতা, সেটি বলা যাবে না। এই তো কিছুদিন আগেই ভারত সফর শেষে দেশে ফেরার সময় মাত্রাতিরিক্ত মদ্যপানের জন্য দুবাই থেকে বিমানে উঠতে বাধার মুখে পড়েছিলেন! সূত্র: স্পোর্টস ২৪।