এমন কীর্তির কথা কখনোই ভাবেননি মেসি

নিজের সাফল্য-মুকুটে আরও একটি রত্ন যুক্ত করলেন লিওনেল মেসি। বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৪০০ গোলের এক দুরন্ত মাইলফলক এখন তাঁর দখলে। এটা এমন এক কীর্তি, যা যেকোনো খেলোয়াড়ের স্বপ্নের দিগন্তে থেকে যায় আজীবন। কিন্তু মেসি সেটা অর্জন করেই প্রমাণ করে দিয়েছেন, কেন তাঁকে এই পৃথিবীর সেরা ফুটবলার হিসেবে বারবার অভিহিত করা হয়। এই ৪০০ গোলের কীর্তি সম্পর্কে দারুণ একটা কথা বলেছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। বলেছেন, আমরা যারা ফুটবল খেলেছি, তারা তাদের ক্যারিয়ারের সব গোল একসঙ্গে জোড়া লাগালেও সে সংখ্যা ৪০০-এর কাছাকাছি যাবে না।’ মেসির এই অর্জন তাই মহিমাণ্ডিত, অপরূপ এক কীর্তিগাথা। এই যুগের শ্রেষ্ঠ ফুটবল তারকাকে চিনে নেওয়ার অসাধারণ এক বিজ্ঞাপন।
যে মেসির কীর্তি নিয়ে এত কথা, সেই মেসির অনূভূতিটা আসলে কী! ৪০০ গোল করেই সামাজিক যোগাযোগে তাঁর প্রিয় মাধ্যম ফেসবুকে বসে গিয়েছিলেন মেসি। সেখানে তিনি জানিয়েছেন, ৪০০ গোলের কীর্তি নাকি তাঁর ফুটবল-ক্যারিয়ারের দূরতম কল্পনাতেও ছিল না। বিনয়ী মেসি বরং ব্যতিব্যস্ত যাঁরা এই কীর্তির পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন তাঁদের নিয়ে, ‘বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে ৪০০ গোল করার পর যাঁরা আমাকে অভিনন্দন জানিয়েছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।’
এই মৌসুমে মেসিই বার্সেলোনার একমাত্র খেলোয়াড়, যাঁকে কোচ এনরিকে প্রতিটি ম্যাচেই শুরু থেকে খেলিয়েছেন। এখনো পর্যন্ত মৌসুমে আট গোল ঝুলিতে ভরে ফেলা মেসির ব্যাপারে আপাতত নিজের কৌশল বদলাচ্ছেন না বলেই সোজা জানিয়ে দিয়েছেন এনরিকে, ‘আমি আসলে মেসির খেলা প্রচণ্ড পছন্দ করি। মেসিকে বিশ্রাম দিয়ে ওর খেলা মিস করতে চাই না।’ গ্রানাডার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হালকা রসিকতার আড়ালে নিজের মনের কথাটাই যেন বলে দিয়েছেন এনরিকে।
মেসির পায়ে জাদু আছে বলেই বিশ্বাস এনরিকের, ‘মেসির পায়ে অবশ্যই জাদু আছে। আমার মনে হয় সে ফুটবল খেলাটাকে মনে-প্রাণেই উপভোগ করে। আমি মেসিকে বার্সেলোনার প্রতিটি ম্যাচেই মাঠে দেখতে চাই। আমি চাই প্রতিটি ম্যাচেই মেসি তাঁর জাদুবলে প্রতিপক্ষকে কঠিন সময় উপহার দিক।’ সূত্র: এএফপি।