এমন গোল শুধু বার্সার পক্ষেই সম্ভব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাকিটিচের অসাধারণ সেই গোলের গ্রাফিকস। ছবি: মেইল অনলাইন
রাকিটিচের অসাধারণ সেই গোলের গ্রাফিকস। ছবি: মেইল অনলাইন

এ যেন ফুটবল মাঠ নয়, দাবার বোর্ড। কখনো মন্ত্রীকে এগিয়ে নেওয়া হচ্ছে, কখনো পেছনে। আড়াই ঘর লাফিয়ে চলে গেল ঘোড়া। কোনাকুনি এগোল হাতি। একের পর এক চাল চলছে। প্রতিপক্ষ রীতিমতো ধন্দে। কী হচ্ছে, কীভাবে হচ্ছে, কেন হচ্ছে! সেই ধন্দের ঘোরেই অলক্ষ্যে যে ভেঙে যাচ্ছে তাদের রক্ষণ দেয়াল, সেই ধারণাই তাদের নেই। যতক্ষণে হুঁশ হলো, কিস্তি মাত! মাত্র ৪ মিনিটে জুভেন্টাসের জালে বার্সেলোনার গোল!
সবার পেছনে গোলরক্ষক আন্দ্রে টের-স্টেগেন। সবার সামনে স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এই দুজনের আফসোস হতেই পারে। কাল বার্সেলোনার প্রথম গোলটাই হলো ‘টিকিটাকা’র শিল্পিত প্রদর্শনীর সাক্ষ্য হয়ে। আর সেই গোলে শুধু টের-স্টেগেন আর সুয়ারেজের কোনো স্পর্শ নেই। এ ছাড়া বার্সার নয় খেলোয়াড়ের প্রত্যেকে একবারের জন্য হলেও সেই টানা পাসে অংশ নিয়েছেন। প্রায় মাঠের পুরো অংশ ঘুরে টানা ১৬ পাসে জুভেন্টাসকে দর্শক বানিয়ে নয় খেলোয়াড়ের প্রত্যেকের অংশগ্রহণে গোল—এ শুধু বার্সার পক্ষেই সম্ভব!
প্রথমে বাঁ প্রান্ত থেকে জর্ডি আলবাকে দিয়ে শুরু। আলবা বল ঠেললেন নেইমারকে। সামনে পথ খোলা নেই দেখে নেইমার নিজেদের অর্ধে বল পাঠালেন মাসচেরানোর কাছে। মাসচেরানো স্কয়ার পাসে সোজা ডানে বল দিলেন দানি আলভেজকে। আলভেজ পাস দিলেন ডান উইংয়ে দাঁড়ানো মেসিকে। মেসি খানিকটা ড্রিবল করলেন। ততক্ষণে তাঁর কাছাকাছি এসে গেলেন আলভেজ। আলভেজ বল নিয়ে সোজা সামনে এগোলেন। আবারও পথ বন্ধ দেখে বল দিলেন বুসকেটসকে। বুসকেটস দিলেন পাশে দাঁড়ানো পিকেকে।
পিকে বল টেনে নিলেন সোজা বাঁ দিকে। সেন্টারের বৃত্তের ভেতর থেকে বাঁয়ে, একটু সামনে এগোনো ইনিয়েস্তাকে দিলেন। ইনিয়েস্তা মাঝারি মাপের শটে বল দিলেন নেইমারকে। নেইমার বল টেনে নিয়ে গেলেন ডান দিকে। দিলেন বুসকেটসকে। বুসকেটস দিলেন আলভেজকে। আলভেজ পাশেই দাঁড়ানো মেসিকে। ছোট আর মাঝারি পাস খেলতে খেলতেই হুট করে মেসি লং বল ঠেললেন দৌড়ে জুভদের বক্সের বাঁয়ে চলে যাওয়া আলবাকে। আলবা বল পাঠালেন বক্সে ঢুকে পড়া নেইমারকে।
জুভেন্টাস রক্ষণ তখন নেইমার-আতঙ্কে কাঁপছে। নেইমারকে আটকাতে তারা নিয়োগ করল সব শক্তি। এরই ফাঁকে বক্সে ঢুকে পড়লেন ইনিয়েস্তা। সবই হচ্ছে ওয়ান টাচ পাসে। ইনিয়েস্তার আলতো পাস চলে গেল রাকিটিচের কাছে। জুভেন্টাসের রণকৌশলে যাঁর নাম নিশ্চিতভাবেই গোলদাতার তালিকায় ছিল না, সেই রাকিটিচই নিখুঁত ফিনিশিংয়ে করলেন গোল।
গোল? নাকি এক শিল্প!