এমন গোল করেও রুবেল বলছেন - 'সিম্পল ব্যাপার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ দ্রাগো মামিচের সঙ্গে কালকের দুই গোলদাতা রুবেল ও সাদ। ছবি: প্রথম আলো
কোচ দ্রাগো মামিচের সঙ্গে কালকের দুই গোলদাতা রুবেল ও সাদ। ছবি: প্রথম আলো

গতরাতে ভালো ঘুম হয়নি রুবেল মিয়ার। না, কোনো দুশ্চিন্তায় নয়। কোনো দুঃসংবাদ তাঁর ঘুম কেড়ে নেয়নি। রুবেল ঘুমাতে পারেনি কয়েক ঘণ্টা আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেলে আসা সেই মুগ্ধকর মুহূর্তটা মনে করে, যেটির রচয়িতা তিনি নিজেই। বেঙ্গালুরু এফসির বিপক্ষে দূরপাল্লার গোলটির কথাই বলা হচ্ছে। অসাধারণ গোল!

সেই গোল রুবেলকেও আচ্ছন্ন করে রেখেছে। আজ সকালে গোলটার কথা তুলতেই কিছুটা গাইবান্ধার আঞ্চলিক টানে বললেন, ‘বেশি খুশি ছিলাম তো কাল রাতে। তাই ঘুম তেমন হয়নি, হা হা হা।’ খুশির আভা তাঁর চোখে–মুখে ছড়িয়ে আছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বুনোতলা রতনপুর গ্রামের ছেলে একের পর এক অভিনন্দন পাচ্ছেন। আনন্দময় এমন দিন তাঁর জীবনে অবশ্য আগেও দুই একবার এসেছে। তবে আজকের দিনটা একটু অন্য রকমই।
মাঝমাঠে বল পেলেন রুবেল...সামনে না এগিয়ে ওখান থেকেই পোস্টে শট নেওয়ার চিন্তাটা কীভাবে মাথায় এল? রুবেল ঝটপট বলে দেন, ‘আরে, এটা তো সিম্পল ব্যাপার।’ কী বলেন রুবেল মিয়া! এমন গোল করা ‌‘সিম্পল’ ব্যাপার!
ব্রাদার্সে খেলার সময় শেখ জামালের বিপক্ষে এভাবে একটা গোল করেছিলেন, তুলে আনেন সেই প্রসঙ্গ। তাই তাঁর নাকি আত্মবিশ্বাস ছিল। ওই মৌসুমে ওটাই ছিল তাঁর একমাত্র গোল।
সেবার গোলরক্ষক সামনে ছিল, মাথার ওপর দিয়ে তুলে দিয়েছেন। কিন্তু কাল তো ছিল ক্লাবের আন্তর্জাতিক ম্যাচ। বল পেয়েছেন মাঝমাঠে। ভীষণ চাপের পরিস্থিতি। ‘চাপটাপ কিছু নয়। কাল বলটা মেরেছি অনেক দূর থেকে। এটাই পার্থক্য।’ রুবেলের কণ্ঠে অসাধারণ এক গোলের উচ্ছ্বাস।
কিন্তু ঠিক ওই সময় কী ভেবেছিলেন? ‘বল নিয়ে সামনে এগোলে যদি পেছন থেকে ফাউল করে! তাই আমি ফাউলের ঝুঁকি নিইনি। এ জন্যই দ্রুত মেরে দিই বল।’ এক নিশ্বাসে বলে যান দেশের ফুটবলে নতুন এই সম্ভাবনা।
কিন্তু অনেক সময় দূরপাল্লার শট বাইরে চলে যায়। অথচ রুবেল নাকি জানতেন বল জালে যাবেই, ‘খেয়াল করে থাকলে দেখবেন, আমি কিন্তু বল মেরেই গোলের উদ্‌যাপন শুরু করে দিয়েছিলাম করি। বল জালে যাওয়ার অপেক্ষাও করিনি। কারণ, আমি জানতাম গোল হবেই।’
গতবারের ফেডারেশন কাপের ফাইনালে ব্যাক ভলিতে রুবেলের গোলটার কথা মনে থাকার কথা অনেকেরই। চট্টগ্রাম আবাহনীর হয়ে ঢাকা আবাহনীর জালে বল পাঠান। বিজেএমসির বিপক্ষে ছয়–সাতজনকে কাটিয়ে লিগে গোল আছে রুবেলের। এমন চোখ কাড়া গোল আছে বলে রুবেল যেন কালকের গোল নিয়ে অস্ফুট স্বরে বললেন, ‘এ আর এমন কী!’
কিন্তু তাঁর এই গোলের ভিডিও এখন এএফসির ওয়েবসাইটে। ‘ডেভিড বেকহামের মতো গোল করেছিস’ অনেকে নাকি এভাবে পিঠ চাপড়ে দিচ্ছেন। বড় দুই ভাই সিঙ্গাপুরে থাকেন, তাঁরা গোলের ভিডিও দেখে ছোট ভাইকে ফোন করে বাহবা দিলেন। সবাই নাকি তাঁকে বলছে, ‘এ রকম গোল আরও দেখতে চাই।’ আবাহনী ও দেশের ফুটবল থেকে এমন সাফল্য সংবাদও পেতে চায় দেশের মানুষ।
এএফসি কাপে আবাহনী-বেঙ্গালুরু ম্যাচটা তখন ঢুকে পড়েছে অতিরিক্ত সময়ে। ৮৭ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ এক শটে ১-০ করেন আবাহনীর বদলি ফরোয়ার্ড সাদ উদ্দিন। এএফসি কাপে গতবারের রানার্সআপ দলটি ঢাকা আবাহনীর বিপক্ষে ম্যাচে ফিরতে মরিয়া। শেষ বাঁশি শোনার অপেক্ষায় সবাই, এমন সময় দ্রুতগতির এক পাল্টা আক্রমণ আবাহনীর। বেঙ্গালুরুর গোলরক্ষক পোস্ট ছেড়ে মাঝমাঠে চলে আসেন দলের আক্রমণে সহায়তা করতে। এই সুযোগে ৫০ গজেরও বেশি দূর থেকে রুবেল মাথা ঠান্ডা রেখে দেখে শট নিলেন দূরের ফাঁকা। বল আকাশে উড়তে উড়তে চলে গেল জালে। ২-০!
এএফসি কাপে টানা তিন ম্যাচ হারের বৃত্ত থেকে বেরিয়ে এল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এএফসি কাপে প্রথম তিন ম্যাচ জেতা বেঙ্গালুরু নিল এই প্রথম হারের তেতো স্বাদ।
এবার প্রথম ঢাকা আবাহনীতে এসেছেন রুবেল। উইঙ্গার জুয়েল রানা দল ছাড়লে দিশেহারা আবাহনী রুবেলকে নিল। ঢাকার মাঠে ২০১২-১৩ মৌসুমে অভিষেক ব্রাদার্সের জার্সিতে। শুরুতেই গোপীবাগের দলটিতে নিয়মিত সুযোগ পেয়েছেন, গোল করেছেন চারটি। এরপর শেখ জামালে বেঞ্চেই কাটত বেশি সময়। তবে সুযোগ পেলেই নিজেকে মেলে ধরেছেন। ভুটানের কিংস কাপে গোল করেছেন শেখ জামালের জার্সিতে। গতবার চট্টগ্রাম আবাহনীতে এসেই নিজেকে চেনাতে শুরু করেন ছোটখাটো গড়নের এই তরুণ। মনে রাখার মতো এক গোল করে ঢাকা আবাহনীকে এবার এএফসি কাপে যেন দিলেন নতুন প্রাণ!