এমন গোলও দেখা যায় ঢাকার ফুটবলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল দখলের এই লড়াইয়ের মতো ম্যাচেও এগিয়ে ছিল বিজেএমসি। ছবি: প্রথম আলো
বল দখলের এই লড়াইয়ের মতো ম্যাচেও এগিয়ে ছিল বিজেএমসি। ছবি: প্রথম আলো

অধিনায়ক এলিটা কিংসলে এগিয়ে এসে আবদুল্লাহ আল মামুনের ডান পা ওপরে তুলে চুমু খেলেন। ঢাকার ফুটবলে বিরল এক দৃশ্য। আসলে মামুন একটু আগে যে কীর্তি গড়ে দেখিয়েছেন, তার মূল্যায়ন এভাবে না করলেই বুঝি হতো না। শূন্যে শরীর ভাসিয়ে সাইড ভলিতে দুর্দান্ত গোল করেছেন বিজেএমসির এই মিডফিল্ডার। কম যাননি কিংসলে নিজেও। জোড়া গোল করেছেন অধিনায়ক। মামুন-কিংসলের এমন দুর্দান্ত সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে টিম বিজেএমসি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু থেকেই সব দুর্দান্ত গোলের পসরা সাজিয়ে বসেছে। চলতি মৌসুমে একের পর এক দৃষ্টিনন্দন গোল উপহার দিয়ে যাচ্ছেন দেশের ফুটবলাররা। আজ যেন সব গোলকেই ছাপিয়ে গিয়েছেন মামুন। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে বিজেএমসির হয়ে গোলের খাতা খোলেন তিনি। ডান প্রান্ত থেকে শরীফুলের ক্রসে শূন্যে ভেসে সাইড ভলিতে দূরের পোস্টে বল জড়িয়ে দেন গাজীপুরের ছেলে। গোলরক্ষক নড়ে ওঠারও সুযোগ পাননি। যা দেখে অনেকে বলে উঠলেন, ‘বঙ্গবন্ধুতেও এমন গোল!’
এরপরই শুরু হয় এলিটা কিংসলে-ম্যাজিক। জোড়া গোল করেছেন নাইজেরিয়ান এই স্ট্রাইকার। ৭৬ মিনিটে স্বপন মিয়ার সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে ব্যক্তিগত গোলের খাতা খোলেন কিংসলে। আর ম্যাচের শেষের দিকে শোয়েব মিয়ার ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে দলের জয় নিশ্চিত করেছেন কিংসলে। লিগে এটি তাঁর পঞ্চম গোল। তবে মামুনের ওই গোলের কাছে ম্লান হয়ে গিয়েছে কিংসলের জোড়া গোল।
এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে টিম বিজেএমসি। আর ৭ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আছে দশে।