এমন চাকরি না পাওয়াই তো ভালো!
বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার আগে সাতটি ক্লাবের দায়িত্ব সামলেছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ, পিএসজি, চেলসি, এসি মিলান, জুভেন্টাসের মতো সব ক্লাবের দায়িত্বে ছিলেন। এসব ক্লাবে ন্যূনতম দুই বছর হলেও দায়িত্ব পালন করেছেন ইতালিয়ান এ কোচ। এদিক বিচারে বায়ার্ন মিউনিখ হয়ে রইল আনচেলত্তির কোচিং ক্যারিয়ারে সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের ক্লাব। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে অন্যতম সফল কোচটি বায়ার্নে টিকতে পেরেছেন মাত্র ১ বছর ২ মাস, মৌসুমের হিসাবে মাত্র একটি পূর্ণাঙ্গ মৌসুম!
আনচেলত্তি হয়তো নিজেকে দুর্ভাগা ভাবছেন। তবে ক্লাব ফুটবলে এমন কোচ আছেন, যাঁরা দায়িত্ব পাওয়ার পর এক মৌসুম দূরের কথা এক দিনও টিকতে পারেননি! আসুন দেখে নিই দলের দায়িত্ব পাওয়ার পর খুব কম সময় টিকতে পারা কয়েকজন কোচের কথা:

লেরয় রজেনিয়র, ক্লাব: টরকোয়ায়, সাল: ২০০৭
মেয়াদ: ১০ মিনিট
নতুন কোচের সঙ্গে চুক্তি কেবলই স্বাক্ষরিত হয়েছিল। এরই মধ্যে বদলে যায় ক্লাবটির মালিকানা। নতুন মালিকেরা নিজেদের পছন্দমতো কোচ নিয়োগের সিদ্ধান্ত নেয়। তাই টরকোয়ারের কোচ হিসেবে চুক্তি স্বাক্ষরের মাত্র ১০ মিনিট পরই ছাঁটাই হয়েছিলেন রজেনিয়র। এটাই সবচেয়ে কম সময়ে কোচ ছাঁটাইয়ের রেকর্ড! এ কারণে ফুটবল ইতিহাস তাঁকে মনে রাখবে, এটা সান্ত্বনা হতে পারে রজেনিয়রের!

মার্সেলো বিয়েলসা, ক্লাব: লাৎসিও, সাল: ২০১৬
মেয়াদ: ৪৮ ঘণ্টা
পাগলাটে কোচ হিসেবে কুখ্যাতি রয়েছে মার্সেলো বিয়েলসার। খেলোয়াড়দের কাছে তাঁর পরিচিতি ‘এল লোকো’ (পাগল) নামে। আর্জেন্টাইন এ কোচ গত বছরের ৬ জুলাই লাৎসিও’র দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু ৪৮ ঘণ্টা পরই ইতালিয়ার ক্লাবটির দায়িত্ব ছেড়ে দেন বিয়েলসা। পরে এর কারণ হিসেবে তিনি বলেছিলেন, যেসব খেলোয়াড় চেয়েছিলেন ক্লাব তাঁদের কিনতে না পারায় দায়িত্ব ছেড়ে দেন।
ইয়র্গ বার্গার, ক্লাব: আর্মেনিয়া বিয়েলফ্লেড, সাল: ২০০৯
মেয়াদ: ৫ দিন
২০০৯ সালে মাত্র একটি ম্যাচের জন্যই নিয়োগ দেওয়া হয়েছিল ইয়র্গ বার্গারকে। লক্ষ্য ছিল আর্মেনিয়া বিয়েলফ্লেডকে অবনমনের হাত থেকে বাঁচানো। কিন্তু ৬৪ বছর বয়সী বার্গার জাদু দেখাতে পারেননি। আর মাত্র ৫ দিন পরেই তাঁকে বিদায় করে দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ।

মার্টিন লিং, ক্লাব: ক্যামব্রিজ ইউনাইটেড, সাল: ২০০৯
মেয়াদ: ৯ দিন
সাফল্য পেলেও ক্যামব্রিজ ইউনাইটেডের সভাপতির সঙ্গে বনিবনা না হওয়ায় কোচের দায়িত্বটা ছেড়ে দিয়েছিলেন গ্যারি ব্রাবিন। তাঁর জায়গায় আনা হয়েছিল মার্টিন লিংকে। কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র ৯ দিন পরে ঠিক একই কারণে বিদায় নিয়েছিলেন এই ইংলিশ কোচ। কিছুদিন পরে অবশ্য ফিরেও এসেছিলেন। তবে মূল কোচ হিসেবে নয়, সহকারী হিসেবে!
কেভিন কুলিস ও মাইকি অ্যাডামস, ক্লাব: সোয়ানসি, সাল: ১৯৯৬ ও ১৯৯৭
মেয়াদ: ৭ ও ১৩ দিন
১৯৯৫ সালের আগস্ট থেকে ১৯৯৭ সালের অক্টোবর পর্যন্ত শুধু কোচ বদলের মহড়াই চালিয়েছিল সোয়ানসি সিটি। সংক্ষিপ্ত এই সময়ের মধ্যে ছয়বার কোচ বদলিয়েছে ইংলিশ এই ক্লাবটি। আর সেই ডামাডোলের মধ্যেই পড়তে হয়েছিল কেভিন কুলিস ও মাইকি অ্যাডামসকে। তাঁরা কোচের পদটিতে ছিলেন যথাক্রমে ৭ ও ১৩ দিন।

হোসে আন্তোনিও কামাচো, ক্লাব: রিয়াল মাদ্রিদ, সাল: ২০০৪
মেয়াদ: ২৩ দিন
খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদে সফল একটা সময়ই কাটিয়েছিলেন কামাচো। কোচ হিসেবে কেমন করতে পারতেন, সেটা যাচাইয়ের খুব বেশি সময় পাননি সাবেক স্প্যানিশ ফুটবলার। ২০০৪-০৫ মৌসুমে রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই টানা দুটি হারের মুখ দেখেছিলেন কামাচো। তার পর নিজেই ঘোষণা দিয়েছিলেন সরে দাঁড়ানোর।

পল গ্যাসকোয়েন, ক্লাব: কেটারিং টাউন, সাল: ২০০৫
মেয়াদ: ৩৯ দিন
ব্যাপক জনপ্রিয়তার কথা মাথায় রেখেই পল গ্যাসকোয়েনকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল কেটারিং টাউন। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই বিপদটা টের পেয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তারকাখ্যাতি থাকলেও মাদকাসক্তিটা কাটিয়ে উঠতে পারেননি গাজ্জা। ফলে মাত্র ৩৯ দিনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হয় তাঁর কোচিং ক্যারিয়ারটা।