এমন দিনের কথা ভুলবেন না সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার জার্সিতে অভিষেক হয়ে গেল সুয়ারেজের। ছবি: রয়টার্স
বার্সার জার্সিতে অভিষেক হয়ে গেল সুয়ারেজের। ছবি: রয়টার্স

ডায়েরি লেখার অভ্যাস আছে লুইস সুয়ারেজের? অভ্যাস থাকলে নিশ্চিত ১৮ আগস্টের কথাটা লিখে রাখবেন। উরুগুয়ের স্ট্রাইকারের ডায়েরি-টায়েরির খবর অজানা থাকলেও টুইটারের খবর নিশ্চয় জানা। সেখানেই স্মরণীয় দিনটির কথা ঠিকই লিখেছেন। জানিয়েছেন, ‘ভুলব না কোনোদিন এ দিনটির কথা!’
দিনটি কেন সুয়ারেজের কাছে স্মরণীয়? গুরুত্বপূর্ণ কোনো শিরোপা জিতেছেন? ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছেন? নাকি ব্যক্তিগত কোনো অর্জন? না, এসবের কিছুই ঘটেনি। বার্সেলোনার জার্সিতে প্রথম মাঠে নেমেছেন উরুগুয়ের এই তারকা। কাতালান জায়ান্টদের হয়ে মাঠে নামার মধ্যে বিশেষ ব্যাপারটা আসলে কী? তাও আবার মেক্সিকোর ক্লাব লিওনের বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতিম্যাচে! আছে। বিশ্বকাপে কামড়-কাণ্ডের শাস্তি হিসেবে অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে সুয়ারেজের। ফিফার নির্দেশনা অনুযায়ী, অনুশীলনের পাশাপাশি প্রীতিম্যাচে খেলতে বারণ নেই বার্সা ফরোয়ার্ডের। তবুও সংশয় ছিল, এ ম্যাচে অভিষেক হবে কি না তাঁর। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বপ্নের ক্লাবের হয়ে মাঠে নেমেছেন ২৭ বছর বয়সী উরুগুয়ে স্ট্রাইকার।
মাঠে নেমেই ন্যু ক্যাম্পে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন সাবেক লিভারপুল তারকা। সুয়ারেজ টুইট করেছেন, ‘আজকের দিনটি ছিল অবস্মরণীয়। সবার ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।’ সুয়ারেজের অভিষেকে বার্সাও পেল বিরাট জয়। লিওনকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়েছে কাতালান ক্লাব। মেসি, রামিরেজের একটি করে, নেইমার ও তরুণ তুর্কি মুনিরের জোড়া গোলে লিওনকে ৬-০ ব্যবধানে হারিয়ে মৌসুমসূচক হোয়ান গাম্পার ট্রফি জিতেছে বার্সা। তথ্যসূত্র: এএফপি।