এমন পরিস্থিতিতেই তো ঝলসে ওঠেন রোনালদো
প্রথম লেগটা বলতে গেলে একদম দুঃস্বপ্নের মতোই কেটেছে জুভেন্টাসের। এফসি পোর্তোর মতো দলের বিপক্ষে তাঁদের মাঠে প্রথম লেগে ২-১ গোল হেরে এসে নিজেদের কোয়ার্টারে ওঠার কাজটা আরও কঠিন করে দিয়েছে তুরিনের বুড়িরা।
কিন্তু কাজ কঠিন হলে কী হবে? দলে যে একজন ক্রিস্টিয়ানো রোনালদো আছেন! চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার অভ্যাস তো তাঁর আজকের নয়! দুবছর আগে আতলেতিকোর বিপক্ষে ম্যাচ দুটির কথাই চিন্তা করুন। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল আতলেতিকো। প্রথম লেগ জেতার পর জুভেন্টাস দর্শকদের প্রতি আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনের তুচ্ছ-তাচ্ছিল্য প্রদর্শন মোটেও পছন্দ হয়নি রোনালদোর। ব্যস, দ্বিতীয় লেগে যথারীতি স্বরূপে রোনালদো, করে বসলেন হ্যাটট্রিক। প্রথম লেগের উদ্ধত সিমিওনেকে বশ মানানো হলো।
কিংবা ভলসবুর্গের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচ দুটির কথাই-বা কে ভুলতে পারে? সেখানেও একই কাণ্ড। প্রথম লেগে ‘বেয়াড়া’ ভলফসবুর্গের স্পর্ধা দেখানো, দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করে রোনালদোর শাসন। আজও কী অমন কিছুই অপেক্ষা করছে জুভেন্টাস-পোর্তো দ্বিতীয় লেগের ভাগ্যে?
আশা করতে তো আর ক্ষতি নেই। তাই আজকের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশাবাদী মানুষদের তালিকায় থাকবে জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলোর নামটাও। ম্যাচ শুরুর আগেই সাফ জানিয়ে দিয়েছেন, আরেকটা রোনালদো-ম্যাজিকের অপেক্ষায় আছেন তিনি, ‘এটা ঠিক অমন একটা ম্যাচ যে ম্যাচগুলোয় পারফর্ম করার জন্যই রোনালদোর জন্ম হয়েছে। ও কিছুদিন বিশ্রাম পেয়েছে, ও বেশ অনুপ্রাণিত। এ ম্যাচ খেলার জন্য ও অনেক আগ্রহী। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এটা, পোর্তোর জন্যও। প্রথম লেগের বাজে ফলাফল এ লেগে ঘোচাতে হবে। আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে।’
ম্যাচ যদি না জেতে জুভেন্টাস, স্বাভাবিকভাবেই এই মৌসুমে পিরলোর অধীনে দলটা কতটুকু সফল হলো, কতটুকু ব্যর্থ হলো, সে খতিয়ান নিয়ে বসে পড়বে সবাই, যার প্রভাব পিরলোর চাকরির ওপরও পড়তে পারে। এমনিতেই অবস্থার বিশেষ কোনো পরিবর্তন না হলে সিরি আ তে এবার টানা ৯ বছর পর শিরোপা হারাতে যাচ্ছে জুভেন্টাস, তাঁদের চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়ে ইন্টার মিলান আছে শীর্ষে। এর ওপর দলে রোনালদোকে নিয়েও যদি চ্যাম্পিয়নস লিগ হারায় জুভেন্টাস, তবে পিরলোর দিকে সন্দেহবাদীদের তির আসবেই।
পিরলো কী সেসব নিয়ে চিন্তিত? মনে হলো না, ‘আমার মনে হয় না এই টুর্নামেন্টের ফলাফলের ওপর নির্ভর করবে আমার ভাগ্য, আমি দিনের কাজ দিনে করি। তবে ম্যাচটা গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই।’
কোচের চাকরি রক্ষায় রোনালদো এখন কী করতে পারেন, আরেকবার জাদু দেখাতে পারেন কি না, দেখা যাক!