এমন পাগল ভক্ত দেখেছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই উল্কি এঁকে নিয়ে কি কেইনকে চাপে ফেলেছেন সমর্থক? ছবি: টুইটার
এই উল্কি এঁকে নিয়ে কি কেইনকে চাপে ফেলেছেন সমর্থক? ছবি: টুইটার

‘ইটস কামিং হোম!’

টুইটার বলুন আর ফেসবুক। ইনস্টাগ্রাম হোক কিংবা স্ন্যাপচ্যাট—সবখানেই এখন ফুটবলের ঘরে ফেরার ডাক। সেই কবে ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড, এরপর ১৯৯০ সালে সেমিফাইনাল। ব্যস, বিশ্বকাপে নিজেদের ফুটবলের জনক বলে দাবি করা দেশের এই সবেধন নীলমণি সাফল্য। এবার একদিকে সব ফেবারিট বাদ পড়েছে, আর প্রায় ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো করেই এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড।

প্রায় কোনো বড় পরীক্ষা না দিয়েই বিশ্বকাপের সেমিফাইনালে চলে এসেছে ইংল্যান্ড। ইংলিশ সংবাদমাধ্যমে শোরগোল ও সমর্থকদের চিৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ঢোকাই কঠিন হয়ে যাচ্ছে। সমর্থকদের উত্তেজনা রূপ নিচ্ছে পাগলামিতে। এ বিশ্বকাপে এর মধ্যেই ৬ গোল করে ‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়ে সবার আগে হ্যারি কেইন। অধিনায়কের এমন পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে ভক্তদের।

তবে সাহসী ভক্তের তালিকা করতে গেলে সবার আগে এখন আসবে টেডি অ্যালেনের নাম। এই ভক্ত নিজের ঊরুতে হ্যারির ছবি উল্কি করিয়েছেন। সবচেয়ে বড় ব্যাপার, উল্কির সঙ্গে টেডি যা লিখে নিয়েছেন—স্যার হ্যারি, ২০১৮ বিশ্বকাপ বিজয়ী! বিশ্বকাপজয়ী হিসেবে ঘোষণা করে আঁকা উল্কি যেন মুছতে না হয়, এখন সেই প্রার্থনাই করতে হবে অ্যালেনকে। উল্কি আঁকিয়ে ব্র্যাড ফ্লেমিং তাই ছবি শেয়ার করে বলেছেন, হ্যারি, কোনো চাপ নিয়ো না! কিন্তু মনের কথা যে উল্টো, সেটা বুঝতে দুবার ভাবতে হয় না।

হ্যারি ম্যাগুয়ারও বড় তারকা হয়ে উঠেছেন এ বিশ্বকাপে। ছবি: টুইটার
হ্যারি ম্যাগুয়ারও বড় তারকা হয়ে উঠেছেন এ বিশ্বকাপে। ছবি: টুইটার

এই হ্যারি কিন্তু বিশ্বকাপের আগেই ইংল্যান্ডের নায়ক। তবে দলের অন্য হ্যারি অর্থাৎ হ্যারি ম্যাগুয়ারও কিন্তু রাতারাতি তারকা বনে গেছেন। কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষে গোল করেছেন এই ডিফেন্ডার। বিশ্বকাপজুড়েই ভালো পারফরম্যান্স তাঁর। তবে এক সমর্থকের বুকে ম্যাগুয়ার আশ্রয় পেয়েছেন গোল করেই। না, কাব্যিকভাবে বুকে আশ্রয় নয়। একদম আক্ষরিকভাবেই কালির দাগে ম্যাট বেন্টনের বুকে স্থায়ী হয়ে গেছেন ম্যাগুয়ার।  

টুইটারে বেন্টন পোস্ট করেছিলেন, সুইডেনের বিপক্ষে ম্যাগুয়ার গোল করলেই নিজের বুকে তাঁর ছবি উল্কি করে নেবেন। বেন্টন সে কথা রেখেছেন এবং উল্কি করে নিয়েছেন ম্যাগুয়ারের মুখ। ইংলিশ ডিফেন্ডার নিজেও সেটা দেখেছেন। এবং এমন ভক্তের প্রশংসা করেছেন পাল্টা টুইটে, ‘বিশ্বাসই হচ্ছে না, কী দেখছি। দারুণ কাজ। আমাকে সরাসরি একটা মেসেজ দিন এবং আমি দলের সবার স্বাক্ষরযুক্ত একটা জার্সি পাঠাব!’

ভালোবাসার দাম তাহলে পাচ্ছেন বেন্টন!