এমন পাগলাটে দলবদলের মৌসুম আগে দেখা গেছে?

এবারের দলবদলে ক্লাব পাল্টেছেন রোনালদো-মেসিছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় আবহাওয়ার পূর্বাভাস ছিল এমন। দেখা যেত কাল আকাশ পরিষ্কার, কোনো ঝড়-বাদলা নেই এমন পূর্বাভাস দেওয়া হলো। কিন্তু অনেক সময়ই ঘটত তার উল্টো—মেঘাচ্ছন্ন আকাশ, ঝড়-বৃষ্টির শেষ নেই। এবার ইউরোপিয়ান ফুটবলের দলবদলকে তখনকার সেই আবহাওয়ার পূর্বাভাসের মতোই লাগে।

করোনাভাইরাস মহামারির কারণে গত দলবদলের মৌসুমটা ছিল ম্যাড়মেড়ে। ক্লাবগুলোর আয় কমায় খুব বড় কোনো দলবদল ছিল না। উল্টো খেলোয়াড়দের বেতন-ভাতা কমানোর খবর ধেয়ে এসেছে প্রতিদিন। করোনা পৃথিবী থেকে বিদায় না নেওয়ায় তখনই পূর্বাভাস দিয়েছিলেন বিশেষজ্ঞরা—এবারের দলবদলের মৌসুমও হবে আবহাওয়ার পূর্বাভাসের সেই পরিষ্কার আকাশের মতো। তেমন কোনো ঝুট ঝামেলা থাকবে না, বড় দলবদল নিয়ে বিতর্ক-আলোচনার তো প্রশ্নই ওঠে না, সোজা কথায়, আবারও সেই ম্যাড়মেড়ে দলবদল।

পিএসজির জার্সি হাতে লিওনেল মেসি
ফাইল ছবি: এএফপি

কিন্তু বাস্তবে কী দেখা যাচ্ছে? ডাকসাইটে সব ফুটবল-পণ্ডিতদের মুখে ঝামা ঘষে দলবদলের এই মৌসুম হয়ে উঠেছে ইতিহাসের সেরা! অন্তত সেরা কি না, তা নিয়ে বিতর্ক থাকলেও ইতিহাসের অন্যতম সেরা তো বটেই। শেষ কবে এমন পাগলাটে কিছু দেখা গেছে, যেখানে একসঙ্গে দলবদল হয় বিশ্বের অন্যতম সেরা দুই খেলোয়াড়ের—লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। পরের প্রজন্মে এ দুজনের জায়গা নেওয়ার কথা যাঁর, সেই কিলিয়ান এমবাপ্পেও যাই যাই করছেন, ওদিকে সেরাদের খুব কাছাকাছি থাকা আর্লিং হরলান্ডের ওপরও চোখ পড়েছে অন্য ক্লাবের। পিএসজি নাকি হরলান্ডের জন্য দর–কষাকষি শুরু করেছে। অর্থাৎ হরল্যান্ডের ঠিকানাও বদলে যেতে পারে। সব হিসাব-নিকাশ এভাবে বদলে যাবে তা কেউ ভেবেছিল এবার দলবদলের মৌসুম শুরুর আগে!

ইউরো ও কোপা আমেরিকা চলাকালেও দলবদলের মাঠ গরম হয়নি। দুটি মহাদেশীয় প্রতিযোগিতা শেষে একবার খবর বের হলো, মেসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি প্রায় নিশ্চিত করে ফেলেছে বার্সা। এর কিছুদিন পর বের হলো ভেতরের খবর—লা লিগার বেঁধে দেওয়া বেতন কাঠামো নীতির মধ্যে থাকতে না পারায় মেসির সঙ্গে চুক্তিটা আটকে আছে। এই খবর দিয়েই সম্ভবত গরম হতে শুরু করে দলবদলের বাজার। তখন কে ভেবেছিল, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা অধিনায়ক নাম লেখাবেন একই দলে! সের্হিও রামোস ও মেসির সৌজন্যে এই অসম্ভব বিষয়ও বাস্তবে প্রতিফলিত হয়। মাঠে যে রামোসকে প্রায় সব সময় দেখা গেছে মেসিকে আটকানোর ছক কষতে, এখন তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন প্রতিপক্ষের বিপক্ষে—ভাবা যায়!

রামোস এখন পিএসজির
ছবি: টুইটার

মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়া এবং মুফতে পিএসজিতে যোগ দেওয়া এখনো এই দলবদলের মৌসুমের সবচেয়ে বড় চমক। আর্জেন্টাইন তারকার গায়ে অন্য ক্লাবের জার্সি দেখে হয়তো অনেকে চোখ রগড়ে ফের দেখেন—ঠিক দেখলাম তো! ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে অবশ্য তা নয়। জুভেন্টাস ছাড়ি ছাড়ি করছিলেন গত মৌসুম শেষ হওয়ার পর থেকেই। নতুন ঠিকানা হিসেবে প্রথমে উঠল রিয়াল মাদ্রিদের নাম। মাদ্রিদে ফিরবেন বলাবলি হচ্ছিল। এর মধ্যে উঠে এল ম্যানচেস্টার সিটির নাম। কাল দুপুর পর্যন্তও রোনালদোর সিটিতে যাওয়া মোটামুটি নিশ্চিত ছিল। কিন্তু এবারের মৌসুমটা তো আর দশটা দলবদলের মৌসুমের মতো স্বাভাবিক নয়।

দুপুরের পর থেকে আলোচনায় উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড। তখনও সিটি এগিয়ে থাকলেও ‘রোমান্টিক’ সমর্থকেরা স্বপ্ন দেখছিলেন, মেসির বার্সা ছেড়ে যাওয়া যদি এ মৌসুমের ‘বিষাদ-সিন্ধু’ হয় তবে রোনালদোর ইউনাইটেডে ফেরা হতে পারে ‘ঘর’-এ ফেরার সেরা গল্প। রিয়াল নয় ম্যানচেস্টারের ‘লাল’ অংশই তো রোনালদোর আসল ঘর—যেখানে তিনি বিশ্বসেরাদের কাতারে উঠে এসেছেন, ১০টি শিরোপা, ২৯২ ম্যাচে ১১৮ গোল। শেষ পর্যন্ত রোমান্টিক সমর্থকদের স্বপ্নকে সত্যি করে কাল সন্ধ্যার আগেই ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনে ম্যানচেস্টার ইউনাইটেড।

রোনালদোর এই ইউনাইটেড-যাত্রার আগে যে সময়টা কেটেছে তখন একসঙ্গে কয়েকটি সম্ভাব্য দলবদল নিয়ে মাথা ঘামাতে হয়েছে সমর্থকদের। এমবাপ্পের কথাই ধরুন। ফ্রান্স ও পিএসজির ‘পোস্টার বয়’ রিয়ালে যেতে চান—তা আরও দুই মৌসুম আগের খবর। রিয়াল এত দিন চুপ থেকে এবার তাঁর জন্য প্রথম দফায় ১৬ কোটি ইউরো পরের দফায় ১৭ কোটি ইউরো (আরও ১ কোটি শর্ত সাপেক্ষে) দাম প্রস্তাব করে। দলবদলের খবর রাখা সংবাদকর্মী ও সংবাদমাধ্যমগুলোর মতে, এমবাপ্পের রিয়াল-যাত্রা মোটামুটি নিশ্চিত। রিয়াল তাঁকে নিজেদের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় বানিয়ে শিবিরে ভেড়াতে চায়—মেসি ও রোনালদোর দলবদলের পর এমন খবরের ধাক্কা সামলানো আর যা–ই হোক সহজ নয়।

এমবাপ্পের জায়গায় কাকে বসাবে পিএসজি? প্রশ্নটির উত্তর অনুসন্ধানেও উঠে এসেছে তিন বিশ্বসেরার নাম। প্রথমে এসেছিল রোনালদোর নাম। তিনি তো ঠিকানা পাল্টে ফেললেন। রইল বাকি রবার্ট লেভানডফস্কি ও আর্লিং হরলান্ড। লেভাও বায়ার্ন মিউনিখ ছাড়ি ছাড়ি করছেন। ইএসপিএন জানিয়েছে, পোলিশ স্ট্রাইকারের ওপর নজর রেখে পিএসজি। তবে হাতে খুব বেশি সময় নেই। এর মধ্যেই জানা গেছে, পিএসজি নাকি হরলান্ডকে কিনতে ১৫ কোটি পাউন্ডও খরচ করতে রাজি!

পিএসজির পাঁচ নতুন খেলোয়াড়
ফাইল ছবি: রয়টার্স

সত্যি বলতে এবার দলবদলের বাজারকে সবচেয়ে বেশি ঝাঁকুনি দিয়েছে পিএসজি। ইতালির ইউরোজয়ী গোলকিপার দোন্নারুম্মা (ফ্রি এজেন্ট), ডাচ অধিনায়ক ভাইনালডাম (ফ্রি এজেন্ট) ছাড়াও এই মুহূর্তে অন্যতম সেরা ফুলব্যাক আশরাফ হাকিমিকেও (৭ কোটি ইউরো) দলে টেনেছে ফরাসি ক্লাবটি। এমবাপ্পেকে কিনতে রিয়ালের প্রস্তাবে পিএসজি ‘হ্যাঁ’ বলে দিলে ওই টাকা দিয়ে হরল্যান্ড কিংবা লেভাকে কিনতে মোটেও কষ্ট হওয়ার কথা নয় ক্লাবটির।

শুধু লা লিগা কিংবা লিগ আঁ নয়, ইংলিশ প্রিমিয়ার লিগও দলবদলের বাজারে শক্ত ঝাঁকুনি দিয়েছে। অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে ১১ কোটি ৭০ লাখ ইউরোয় এ মৌসুমে কিনেছে সিটি। ইংলিশ খেলোয়াড়দের মধ্যে এটাই সবচেয়ে দামি দলবদল। এক সময় হ্যারি কেইনের পেছনেও ছুটেছে সিটি, কেইন নিজে টটেনহামে থেকে যাওয়ার প্রতিজ্ঞা করার আগপর্যন্ত দৌড়ে ভালোভাবেই টিকে ছিল সিটি। তাতে ব্রিটিশ খেলোয়াড়ের দলবদলের রেকর্ডটা নিশ্চিতভাবে গ্রিলিশ থেকে কেইনের কাছেই যেত।

কিলিয়ান এমবাপ্পেও দল ছাড়তে চান
ফাইল ছবি: এএফপি

ওদিকে রোমান আব্রামোভিচের চেলসি আরেকটু হলে সিটির ১১ কোটি ৭০ লাখ ইউরো খরচের ‘মাইলফলক’ ভেঙে দিত। ইন্টার মিলান থেকে তাঁরা ১১ কোটি ৫০ লাখ ইউরোয় নিয়ে আসে সেরাদের কাতারে থাকা আরেক তারকা রোমেলু লুকাকুকে। এদের বাইরে জ্যাডন সানচোর মতো উঠতি ও রাফায়েল ভারানের মতো পরীক্ষিত তারকাকেও কিনেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সব মিলিয়ে এবারের দলবদলের মৌসুম শেষ হওয়ার আগেই প্রশ্ন উঠেছে, শেষ কোন মৌসুমে এত বড় বড় তারকারা একসঙ্গে দলবদল করেছেন?

১৯৭৭ সালের দলবদলের উদাহরণ টানা যেতে পারে। সেবার ফর্মের তুঙ্গে থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস বিয়াঞ্চি রেঁস থেকে নাম লেখান পিএসজিতে। সেল্টিক থেকে লিভারপুলে যান কেনি ডালগ্লিশ। তাঁর লিভারপুল-কিংবদন্তি হওয়ার দ্বার খোলার সে মৌসুমে অলরেডদের ছেড়ে যান আরেক কিংবদন্তি কেভিন কিগ্যান—নাম লেখান হামবুর্গে। টটেনহাম কিংবদন্তি প্যাট জেনিসং যোগ দেন উত্তর লন্ডনেরই প্রতিবেশী আর্সেনালে। বরুসিয়া মুনশেনগ্লাডবাখ থেকে রিয়ালে যোগ দেন জার্মান মিডফিল্ডার উলি স্টিলিক।

কিন্তু তাঁরা তো কেউ মেসি, রোনালদোর মতো তারকা ছিলেন না। অন্তত এখনকার তারকা ইমেজ বিচারে কথাটা বলাই যায়।