এমন বাজিও হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগ জিতে লেস্টার সিটি শুধু ফুটবলেই তোলপাড় বইয়ে দেয়নি, ইংল্যান্ডের অর্থনীতিতেও ফেলেছে বড় প্রভাব। লেস্টারের অবিশ্বাস্য কীর্তিতে কিছু সমর্থক যেমন হয়েছেন আঙুল ফুলে কলাগাছ, ঠিক অসংখ্য বাজিকর প্রতিষ্ঠানেরও পথে বসার দশা হয়েছে। কারণ, লেস্টারকে নিয়ে ধরা অবিশ্বাস্য বাজিতে হেরে বসেছে প্রতিষ্ঠানগুলো।
লেস্টার প্রিমিয়ার লিগ জিততে পারে, মৌসুমের শুরুতে এ নিয়ে বাজি ছিল ৫০০০-১। যত টাকা ধরবেন, তার চেয়ে ৫ হাজার গুণ বেশি পাবেন—এমন বাজি আসলেই অবিশ্বাস্য। কতটা অবিশ্বাস্য? ২৯ বছর আগে মারা যাওয়া বিখ্যাত গায়ক এলভিস প্রিসলি বেঁচে আছেন, এর পক্ষে বাজির দর ২০০০-১। অথচ লেস্টার সিটি প্রিমিয়ার লিগ জিততে পারে এর পক্ষে বাজির দর ছিল ৫০০০-১। অর্থাৎ ক্লদিও রানিয়েরির দলের ইংলিশ লিগ জিততে পারার চেয়ে প্রিসলির বেঁচে থাকায় বিশ্বাস করা লোকের সংখ্যাই বেশি ছিল! যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মেয়াদ শেষে ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলবেন—এর পক্ষেও এত বড় বাজির দর ওঠেনি!
ইংল্যান্ডের বিখ্যাত বেটিং প্রতিষ্ঠান উইলিয়াম হিলে মাত্র ১২ জন জুয়াড়ি লেস্টার সিটির পক্ষে বাজি ধরেছিলেন। আরেক প্রতিষ্ঠান স্কাই বেটে বাজি ধরেছিলেন ১২৮ জন। লেই হেরবের্ট নামের এক লেস্টার-সমর্থক উইলিয়াম হিলে ৫ পাউন্ড বাজি ধরে পরশু জিতে নিয়েছেন ২৫ হাজার পাউন্ড।
জন প্রাইক নামের আরেক সমর্থক ২০ পাউন্ড বাজি ধরেছিলেন বাজিকর প্রতিষ্ঠান লেডব্রোকের সঙ্গে। মৌসুম শেষে ১ লাখ পাউন্ড জেতার সুযোগ! কিন্তু মার্চ মাসে শোনা গেল, এত চাপ আর নিতে পারছেন না ৫৯ বছর বয়সী এই ভদ্রলোক। তাই লেডব্রোকের প্রস্তাব মেনে নিয়ে ২৯ হাজার পাউন্ডেই সমঝোতা করে নিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে আরেকজন বাজি ধরেছিলেন ৫০ পাউন্ডের, কিন্তু তিনিও ৭২ হাজার ৩৩৫ পাউন্ডে রফা করে নিয়েছেন।
সমর্থকদের এমন অবিশ্বাস্য লাভের ভারটি বইতে হয়েছে বাজিকর প্রতিষ্ঠানগুলোকে। স্কাই বেটের ক্ষতি হয়েছে ৪.৬ মিলিয়ন পাউন্ড, উইলিয়াম হিলের ক্ষেত্রে সেটি ২.২ মিলিয়ন। সব মিলিয়ে ইংল্যান্ডজুড়ে ৯ মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে বাজিকরদের। উইলিয়াম হিল তাই সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে ১০০০-১ এর ওপরে কোনো বাজিই ছোড়া হবে না।
ও, লেস্টার সিটি ২০১৬-১৭ মৌসুমে লিগ জেতার পক্ষে এবারের দর? ২৫-১! রয়টার্স, দ্য গার্ডিয়ান।