এমন বাজে শুরু আগে হয়নি রোনালদোর

অঙ্ক কখনো কখনো শুভংকরের ফাঁকি। পরিসংখ্যান কখনো কখনো সত্যটাকেই আড়াল করে। ২১ ম্যাচে ২১ গোল করেছেন এমন ফুটবলারের সময়টা খারাপ যাচ্ছে, কী করে বলবেন! কিন্তু এমন পরিসংখ্যানের পরও বলতেই হচ্ছে, এমন বাজে সময় খুব কমই কেটেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। আরও স্পষ্ট করে বললে, লা লিগায় আসার পর এমন বাজে শুরু কখনোই হয়নি তাঁর।
লা লিগায় ইতিমধ্যে ১৫টি ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো। এই ১৫টি ম্যাচে রোনালদোর গোল ১০টি। সামগ্রিকভাবে দেখলে বলবে, দারুণ তো। কিন্তু এর মধ্যে এক এস্পানিওলের বিপক্ষেই করেছিলেন পাঁচ গোল। ফলে বাকি ১৪ ম্যাচে মাত্র ৫ গোল! নয়টি ম্যাচ গেছে, যেখানে রোনালদো গোলই পাননি! ১০ গোলের মাত্র একটি করেছিলেন বড় দলের বিপক্ষে। শীর্ষে থাকা দলগুলোর মধ্যে সেল্টা ভিগোর বিপক্ষেই গোল পেয়েছিলেন। বাকি সব গোলই দুর্বল প্রতিপক্ষের সঙ্গে ম্যাচে।
সব মিলিয়ে ১০ গোলও যদি হিসাবের মধ্যে রাখেন, তবুও লিগের ১৫ ম্যাচ পর রোনালদোর নামের পাশে দশ গোল—এমনটাও আগে হয়নি। এর আগে ২০১২-১৩ মৌসুমে ১৫ ম্যাচে ১৩ গোলই ছিল তাঁর সর্বনিম্ন। গত মৌসুমেও এই পর্যায়ে লিগে করেছিলেন ২৬ গোল।
চ্যাম্পিয়নস লিগে গোল বন্যা। রেকর্ডও করেছেন গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোলের। কিন্তু সেখানেও শুভংকরের ফাঁকি। ৬ ম্যাচে ১১ গোল। কিন্তু এই ১১ গোলের সবগুলোই মালমো ও শাখতার দোনেস্কের বিপক্ষে। গ্রুপের একমাত্র শক্তিশালী দল প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে দুই ম্যাচে একবারও পাননি গোলের দেখা। প্রশ্নই উঠে গেছে, রোনালদো কি তাহলে বড় ম্যাচে ফ্লপ? রিয়ালের হয়ে লিগে রোনালদোর সবচেয়ে কম গোল করার রেকর্ড হলো ২৬। রিয়ালের হয়ে প্রথম মৌসুমে চোটাক্রান্ত থাকায় মাত্র ২৯টি ম্যাচ খেলেছিলেন, সে জন্যই গোল এত কম পেয়েছিলেন। এ মৌসুমে সেই রেকর্ডকে হুমকির মুখে ফেলে দিচ্ছে তাঁর ফর্ম। সূত্র: অপটা।
গত পাঁচ মৌসুমে প্রথম ১৫ ম্যাচে রোনালদোর গোল-
| মৌসুম | গোল |
| ২০১৫-১৬ | ১০ |
| ২০১৪-১৫ | ২৬ |
| ২০১৩-১৪ | ১৭ |
| ২০১২-১৩ | ১৩ |
| ২০১১-১২ | ১৭ |