‘আমার জানামতে, কোনো খেলোয়াড় চায়নি ৪৭ দিন লিগ পিছিয়ে যাক। ফেডারেশন কাপ শেষ হওয়ার পর বিরতিটা তো আসলে ৫২ দিনের। তবে বেশির ভাগ দলের জন্য তা আরও বড়। দুই মাস! কখনোই আমরা বলিনি খেলা পিছিয়ে দাও। খেলা পেছালে ফুটবলারদেরই ক্ষতি।’
ঢাকা আবাহনীর মিডফিল্ডার এবং বর্তমানে ঢাকার অন্যতম সিনিয়র ফুটবলার প্রাণতোষ দাসের কণ্ঠে ঝরে ক্ষোভ। কিন্তু অন্যদের সঙ্গে তাঁকেও নীরবে হজম করে নিতে হচ্ছে ক্লাবজোট ও বাফুফের লিগ পেছানোর যৌথ সিদ্ধান্ত।
৫ জুন ফেডারেশন কাপ শেষে ১২ জুন প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গরম, চিকুনগুনিয়া প্রভৃতি কারণ দেখিয়ে ঈদের পর ছাড়া খেলতে রাজি হয়নি মোহামেডান-শেখ জামালসহ ১২ ক্লাবের ৭টিই।
বাফুফে ঈদের পরই শুরুর সিদ্ধান্ত না নিয়ে সেটি আরও পিছিয়ে নিয়ে গেল ২৮ জুলাই। ১৯-২৩ জুলাই ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। এই কারণ দেখিয়ে বাফুফে লিগ পেছাল প্রায় এক মাস। সব মিলিয়ে প্রায় সবাই বলছেন, ফেডারেশন কাপ শেষে ৪৭ দিন লিগ পেছানো ফুটবলের জন্য শুভবার্তা নয়। যদিও বাংলাদেশে ফুটবলারের সর্দি-কাশি হলেও ক্লাবগুলো মনে হয় খেলা পিছিয়ে দিতে এক পা এগিয়ে থাকে।
এবারের এই অনির্ধারিত বিরতির সঙ্গে সঙ্গেই বেশির ভাগ ক্লাবই খেলোয়াড়দের ছুটি দিয়ে দিয়েছে। খেলোয়াড়েরা কেউ এখন ঘুরে বেড়াচ্ছেন, কেউ বিষয়-সম্পত্তি নিয়ে ব্যস্ত। কিন্তু ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর অধিনায়ক মামুন মিয়া এই বিরতি চাননি মোটেও, ‘আমরা কখনো দাবি করিনি খেলা পেছাও।’ খেলা পেছানোর কুফলও তাঁর জানা, ‘ফিটনেস অনুশীলন করে নিজেকে একটা পর্যায়ে এনেছিলাম আমরা। এখন অনির্ধারিত বিরতি। এটা কাম্য ছিল না। আমাদের আবার প্রথম থেকে শুরু করতে হবে।’
বাংলাদেশে আসলে এখনো কোনো নিয়ম প্রতিষ্ঠিত হয়নি। নিয়ম কাগজে থাকলেও কেউ মানতে চায় না। প্রতিবছরই এ সমস্যা দেখা দেয়। কখন কোন খেলা তার কোনো ঠিক থাকে না। খেলাবিহীন ক্যাম্পকেও অর্থবহ মনে করেন না ফুটবলাররা। এই বিরতিতে আবাহনী, শেখ জামাল, শেখ রাসেলসহ কয়েকটি ক্লাব ক্যাম্প চালিয়ে ঈদের ছুটি দিয়েছে এখন। কিন্তু এক ফুটবলার বললেন, ‘এমন ক্যাম্পে ইয়ার্কি, ফাজলামিই বেশি হয়। কেউ সিরিয়াস থাকে না।’
মজার ব্যাপার, সব দেশেই লিগ শেষ হয়ে গেছে আরও আগে। বাংলাদেশে প্রতিবছর খেলা এত পেছায় যে এএফসি কাপের জন্য লিগ চ্যাম্পিয়নের নাম দিতে পারে না বাফুফে। এসব নিয়ে হতাশ ফুটবলাররা। শেখ জামালের মিডফিল্ডার জাহিদ পারভেজ বলছিলেন, ‘সারা বিশ্বে প্রাক-মৌসুম হয় একবারই, আমাদের এখানে দেখছি দুবার হচ্ছে! খেলোয়াড়দের জন্য এটা বড় একটা চাপ। খেলা বন্ধ করলে খেলোয়াড়দেরই ক্ষতি হয়।’
চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার মামুনুল ইসলাম অবশ্য বিষয়টাকে অন্যভাবে দেখেন। তাঁর দৃষ্টিতে লিগের মাঝখানে বন্ধ না দিয়ে নতুনভাবে একবারে শুরু করাই ভালো। তবে তাঁরই সতীর্থ স্ট্রাইকার শাখাওয়াত রনির মতটা অন্যদের সঙ্গে মিলে যাচ্ছে, ‘এভাবে খেলা বন্ধ রাখা ভালো সিদ্ধান্ত হয়নি। এতে মনোযোগ থাকে না।’
সমস্যা হচ্ছে. ২৮ জুলাই লিগ শুরু হবে সেই নিশ্চয়তাও কি আছে?