‘জোর গলায় বলতে পারব না এই মাঠে ধ্রুপদি ফুটবল খেলতে পারব। মাঠের অবস্থা খুবই খারাপ। এমন মাঠে খেলে ৩ পয়েন্ট নেওয়ায় ছেলেদেরই কৃতিত্ব দেব আমি।’—মোহামেডান কোচ জসীমউদ্দিন জোসির কণ্ঠে ফুটবলারদের প্রশংসা। কাদা থিকথিকে এবড়োখেবড়ো মাঠে ফেনী সকারকে কাল যেভাবে ২-১ গোলে হারাল মোহামেডান, তাতে এমন প্রশংসা করতেই পারেন তিনি।
ঢাকায় শুধু বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর। সপ্তাহে প্রায় প্রতিদিনই খেলা রেখেছে পেশাদার লিগ কমিটি। এতটুকু বিশ্রাম নেই মাঠের। দ্রুত লিগ শেষ করার তাড়ায় কাদা মাঠেই বাফুফে চালিয়ে যাচ্ছে খেলা! আর এতে ভোগান্তিতে পড়ছে ক্লাব। কখনো পা বাঁচিয়ে খেলছেন ফুটবলাররা। কখনো চোটে পড়ছেন। কাদা মাঠে ভারসাম্য হারিয়ে বারবার পা পিছলে পড়ে যাচ্ছেন ফুটবলাররা। মাঠ নিয়ে বিরক্ত ফেনী সকারের কোচ লাডি বাবালোলাও, ‘এই মাঠে সুন্দর ফুটবল অসম্ভব। বৃষ্টির মধ্যে যদি খেলা চালাতেই হয় তাহলে অ্যাস্ট্রোটার্ফেই চালানো উচিত। ভারতের সল্টলেকের কথাই ধরুন, ওরা কিন্তু বৃষ্টির মধ্যেও ফুটবলটা উপভোগ করছে কৃত্রিম টার্ফে খেলে।’
ফেনী সকারের সঙ্গে প্রথম পর্বে ১-১ গোলে ড্র করেছিল মোহামেডান। ৮৪ মিনিট পর্যন্ত সমতায় থেকে গতকালও যেন সেই পথে হাঁটার আভাস দিচ্ছিল সাদাকালোরা। শেষ পর্যন্ত উদ্ধার করেছেন ইসমাইল বাঙ্গুরা, ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন মোহামেডানকে।
পাঁচ মিনিটেই মোহামেডান এগিয়ে যেতে পারত। ডান প্রান্ত থেকে জুয়েল রানার ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ বাঙ্গুরা। তবে ১০ মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছে তারা। বাঙ্গুরার শট প্রথমে ফেনী সকারের গোলরক্ষক আহসান হাবিবের হাতে লেগে ফিরে আসে। ফিরতি শটে গোল করে দলকে এগিয়ে নেন বেলিঙ্গা আমাবারা (১-০)। গোল শোধে মরিয়া ফেনী সকার খেলায় ফিরেছে বদলি ফরোয়ার্ড সোহেল মিয়ার গোলে। ম্যাচের ৫১ মিনিটে জাত্তা মোস্তফার কর্নার থেকে পাওয়া বল মোহামেডান গোলরক্ষক আশরাফুলের মাথার ওপর দিয়ে জালে পাঠান সোহেল। ৮২ মিনিটে মোহামেডান মিডফিল্ডার মোবারকের পেটে লাথি দেওয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফেনী সকারের স্মরণ হালদার। মোহামেডান সুযোগটা কাজে লাগিয়েছে দুই মিনিট পরই। ৮৪ মিনিটে জুয়েল রানার ক্রস
থেকে মাথা ছুঁয়ে জয়সূচক গোলটি করেন বাঙ্গুরা।
এই জয়ে ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুয়ে মোহামেডান। ১৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সাতে ফেনী সকার।
শেখ রাসেলের জয়
প্রথম পর্বের পুনরাবৃত্তিই ঘটিয়েছে শেখ রাসেল। গত পর্বের মতো কালও ২-১ গোলেই হারিয়েছে বিজেএমসিকে। টানা দুই হারের পর এই জয়ে ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে উঠল শেখ রাসেল। সমান ম্যাচে ১২ পয়েন্ট িনয়ে নয়ে বিজেএমসি। সবার ওপরে থাকা শেখ জামালের পয়েন্ট ৪২। তাদের লিগ চ্যাম্পিয়ন হওয়াটা একরকম নিশ্চিতই। রানার্সআপ হওয়ার লড়াইয়ে কালকের জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল রাসেলের।
৭১ মিনিট পর্যন্ত শেখ রাসেলকে আটকে রাখে বিজেএমসি। কিন্তু বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পড়া কিংসলে চিগুজিকে বিজেএমসির গোলরক্ষক হিমেল লাথি দিলে পেনাল্টি পায় শেখ রাসেল। রেফারি সুজিত ব্যানার্জির এ সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে আসে বিজেএমসি। প্রায় মিনিট পাঁচেক পর কর্মকর্তারা বুঝিয়ে আবারও মাঠে পাঠান তাদের। এরপরই পেনাল্টি থেকে গোল করে শেখ রাসেলকে এগিয়ে নেন জাঁ ইকাঙ্গা। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন দাবির ইবরিচ। ৮৪ মিনিটে বিজেএমসির সান্ত্বনার গোলটি করেন মেহেদী হাসান তপু।