
খেলা শেষে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি থেকে নামছিলেন জাতীয় দলের সহকারী কোচ সাইফুল বারী (টিটু)। অনূর্ধ্ব-১৮ ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের ম্যাচ প্রসঙ্গে তাঁর কথা, ‘এমন মাঠে ফুটবল!’
কথাটা সত্যি। ভারী বৃষ্টির কারণে তিন দিন আগে ব্রাদার্স-ফেনী সকার ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত। পরের ম্যাচে মোহামেডান গোলশূন্য ড্র করে উত্তর বারিধারার সঙ্গে। কিন্তু ম্যাচ শেষে কাদামাখা জার্সিতে চেনাই যাচ্ছিল না কে কোন দলের খেলোয়াড়! গত পরশু এক দিনেই হয়েছে তিনটি ম্যাচ। কাল বিকেলে এক দফা বৃষ্টির পর হলো আরও দুটি।
কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে চলছে সিনিয়র ডিভিশন ফুটবল। আর বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে অনূর্ধ্ব-১৮ ক্লাব ফুটবল টুর্নামেন্ট। মাঠের কোনো বিশ্রাম নেই। তাড়াতাড়ি প্রতিযোগিতা শেষ করার মধ্যেই যেন সাফল্য খুঁজতে হয় বাফুফেকে!
মাঠের মাঝখানে ঘাসের চিহ্ন পর্যন্ত নেই। থিকথিকে কাদায় এমন অবস্থা, দেখে মনে হয় ধানের চারা রোয়ার জন্য তৈরি খেত। এমন মাঠে খেলতে গিয়ে ক্যারিয়ারের শুরুতেই চোটে শেষ হতে পারে সম্ভাবনাময় ফুটবলারদের ভবিষ্যৎ।
জলকাদায় একাকার মাঠেও আবাহনী-মোহামেডান ম্যাচটি যথারীতি উত্তাপ ছড়িয়েছে। ২৫ মিনিটে দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় হাতাহাতি। রেফারির গায়ে হাত তোলার মধ্য দিয়ে যেটির শেষ। রেফারি সুজিত ব্যানার্জি লাল কার্ড দেখিয়েছেন তৎক্ষণাৎ। আবাহনীর রানা হামিদ কার্ড দেখে মাঠ ছাড়েন, পেনাল্টি পায় মোহামেডান। সুযোগ কাজে লাগিয়ে দলকে ২৬ মিনিটে এগিয়ে নেন বদরুল (১-০)। বাকি ৬৪ মিনিট ১০ জনের দলে পরিণত হওয়া আবাহনী মোটেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। ৬৮ মিনিটে জয় নিশ্চিত করে সমৃদ্ধির গোল (২-০)।
একে তো কাদা মাঠে খেলা, তার ওপর রেফারির ওই সিদ্ধান্ত। ম্যাচ শেষে আবাহনী কোচ অমলেশ সেনের ক্ষোভ ঝরল রেফারির ওপর, ‘এই ম্যাচে রেফারিই আমাদের হারিয়েছে। একটি দলকে জেতানোর পরিকল্পনা করেই তিনি মাঠে এসেছিলেন। তা ছাড়া এমন কাদা মাঠে খেলাও সম্ভব নয়।’ মাঠ নিয়ে অভিযোগ মোহামেডানের কোচ জসিমুদ্দিন জোসির কণ্ঠেও, ‘কাদা মাঠে ছেলেরা স্বাভাবিক খেলতে পারেনি। তা না হলে গোল আরও বেশি হতো।’
এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠল মোহামেডান। ‘এ’ গ্রুপ থেকে লটারি-ভাগ্যে সেমিতে উঠেছে বিজেএমসি। কারণ বিজেএমসি ও মুক্তিযোদ্ধার পয়েন্ট সমান ৪। গোলগড়ও ছিল এক। ২৮ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে মুখোমুখি শেখ রাসেল ও ব্রাদার্স। পরদিন দ্বিতীয় সেমিতে মোহামেডানের প্রতিপক্ষ বিজেএমসি।