এমন শুরু আগে দেখেননি মেসি-রোনালদো

সুখবর! সুখবর!! সুখবর!!! স্প্যানিশ লিগের ফরোয়ার্ডদের জন্য সুখবর। দুটো ম্যাচের রাউন্ড শেষ। কিন্তু এখনো গোলের দেখা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি!
গত ছয় মৌসুম ধরে পিচিচি ট্রফি এই দুজনের দখলে। সেখানেও দুজনের মধ্যে কী দারুণ ‘দোস্তি’! তিনবার জিতেছেন মেসি, তিনবার রোনালদো। লা লিগার সর্বোচ্চ গোলদাতার লড়াইটা শুরুই হয় কে তৃতীয় হবে, তা ধরে নিয়ে। সে ক্ষেত্রে মেসি-রোনালদোর দুই ম্যাচে গোল না পাওয়া বাকি ফরোয়ার্ডদের জন্য সুখবর তো বটেই। সবচেয়ে আশ্চর্যের হলো, রোনালদো লা লিগায় নাম লেখানোর পর এমন ঘটনা আর ঘটেনি।
মেসি তো প্রথম ম্যাচে পেনাল্টি থেকেই গোল করতে পারলেন না। একই দিন রোনালদোর একের পর এক প্রচেষ্টা ঠেকিয়ে দিলেন আইভান কুয়েলার। সেই ম্যাচে গোলে চারটি শট নিয়েও গোল পাননি। যে অভিজ্ঞতা কাল হলো মেসির। তাঁর পাঁচটি শট ঠেকালেন মালাগা গোলরক্ষক। গোলে পাঁচটি শট নিয়েও গোল পাননি—এমন অভিজ্ঞতা শেষ কবে হয়েছে মেসির?
লিগের প্রথম দুই ম্যাচে গোল পাননি—এই অভিজ্ঞতাই যেমন ভুলতে বসেছিলেন মেসি। লিগ শুরু করবেন জোড়া গোল দিয়ে, মেসির ক্ষেত্রে গত চার মৌসুমে এটাই ছিল নিয়মিত ঘটনা। কখনো প্রথম ম্যাচে গোল না পেলে পরের ম্যাচেই গোলধারায় ফিরেছেন। ব্যতিক্রম কেবল এ মৌসুমে। উয়েফা ও স্প্যানিশ সুপার কাপে গোল পেলেও লিগের প্রথম দুই ম্যাচে গোলের দেখা পাননি বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড। মেসি গোল না পেলে দলের স্কোরলাইন যে হৃষ্টপুষ্ট হয় না, প্রমাণ এ দুটি ম্যাচ। লিগে অ্যাথলেটিক বিলবাও এবং মালাগার বিপক্ষে বার্সা জিতেছে ১-০ ব্যবধানে।
রিয়াল তো শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরুই করল রেলিগেশনের খাঁড়া কাটিয়ে ফেরা স্পোর্টিং গিজনের সঙ্গে গোলশূন্য ড্র করে। কাল রিয়াল বেতিসকে ৫-০ গোলে উড়িয়ে দিল রিয়াল। গোল করেছেন রিয়ালের হয়ে তিনজন। কিন্তু তাতেও রোনালদোর নাম নেই!
মৌসুমের শুরুতে বার্সেলোনা ফরোয়ার্ডের গোলশূন্য থাকার পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক। ২০১৪-১৫ মৌসুমে প্রথম ম্যাচে মেসি করেন ২ গোল, পরের ম্যাচে শূন্য। ২০১৩-১৪ মৌসুমে প্রথম ম্যাচে ২ গোল, পরের ম্যাচে শূন্য। ২০১২-১৩ মৌসুমে প্রথম ম্যাচে ২ গোল, পরের ম্যাচেও জোড়া গোল। ২০১১-১২ মৌসুমে প্রথম ম্যাচে মেসির ২ গোল, পরের ম্যাচে শূন্য। ২০১০-১১ মৌসুমে প্রথম ম্যাচে করেছিলেন ১ গোল, পরের ম্যাচে শূন্য। ২০০৯-১০ মৌসুমে প্রথম ম্যাচে গোলশূন্য থাকলেও পরের ম্যাচে করেছিলেন ১ গোল।

রিয়ালের প্রথম দুই ম্যাচে রোনালদোর নাম লেখানোর ছবিটা অবশ্য অন্য রকম। গত পাঁচ মৌসুমের তিনবারই রিয়ালের প্রথম দুই ম্যাচে রোনালদোর নাম পাবেন না গোলদাতার তালিকায়। কিন্তু একটু ধীর লয়ে শুরু করে এগিয়ে যান ঝোড়ো গতিতে, অনেকটা উসাইন বোল্টের মতো। অবশ্য এর মধ্যে এক-দুবার শুরুতে খেলেতেও পারেননি চোটের কারণে।
সে যা-ই হোক না কেন, গত আধা-যুগ ধরে এই দুই সম্রাটের শাসন দেখে অভ্যস্ত চোখ এবার ঠিকই টের পাচ্ছিল, কী যেন নেই, কী যেন নেই। লিগে দুটো ম্যাচ হয়ে গেছে, মেসি-রোনালদো দুজনের নামের পাশেই গোলসংখ্যা শূন্য! গত কবছর দুজনের মধ্যে যতই দ্বৈরথ থাকুক না কেন, মেসি-রোনালদো এবার মিলে গেলেন এক বিন্দুতে, লিগে নিজেদের প্রথম দুই ম্যাচে গোলের দেখা পাননি কেউই।