এমনও পেনাল্টি শুটআউট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইব্রেকার মানেই স্নায়ুর ওপর চাপ। সাডেন ডেথে গেলে সেই চাপটা রীতিমতো অসহনীয়। আর সেটি যদি ৫২ কিকে যায়, তাহলে খেলোয়াড়-দর্শকদের কথা একবার ভাবুন তো? চেক প্রজাতন্ত্রের পঞ্চম বিভাগের একটা লিগে গত শুক্রবার এই ‘ম্যারাথন টাইব্রেকার’ হয়েছে।

স্বীকৃত ফুটবলে এটাই সবচেয়ে দীর্ঘ সময় ধরে টাইব্রেকার। ২০০৮ সালে নামিবিয়ান কাপে কেকে প্যালেস ও সিভিকসের শুটআউট গড়িয়েছিল ৪৮ কিক পর্যন্ত। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এখন পর্যন্ত সেই ম্যাচটিরই নাম আছে। তবে এরপর আগের রেকর্ডটি নিশ্চয়ই দ্বিতীয় স্থানে চলে যাবে।

এসকে বাতভ ও এফসি ফ্রিসতাকের খেলাটা নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়েও ম্যাচটি গোল না দেখায় গড়ায় টাইব্রেকারে। সেখানেই হয়েছে নাটক। দুই দলের কেউই যেন হারতে চাইছিল না। শেষ পর্যন্ত ম্যাচটা ২২-২১ ব্যবধানে জিতেছে বাতভ। জয়ের সুযোগ বেশি পেয়েছিল ফ্রিসতাকই। ৪-৪, ১১-১১ ও ১৪-১৪তে সমতা থাকার সময় পেনাল্টি থেকে গোল করতে পারলেই তারা জিতে যাবে, এমন সমীকরণ ছিল। কিন্তু প্রতিবারই সেই সুযোগ তারা হারিয়েছে।

ওই সময় মাঠে ছিলেন সাকল্যে দেড় শ দর্শক। একজন পুরো শুটআউটের ভিডিও করেছেন। পরে সেটি তিনি পোস্ট করেছেন ইউটিউবে। সেটি নিয়েই এখন তোলপাড়। এএফপি।