এমবাপ্পে-কাভানি পেরেছেন, নেইমার পারবেন?

অঘটনের পর অঘটন। এবার বিশ্বকাপ যেন অঘটনের ডালি সাজিয়ে বসেছে। জার্মানি দিয়ে শুরু, এরপর আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন—কোনো দলই বিশ্বকাপ–যুদ্ধে টিকে থাকতে পারেনি। ব্রাজিল এবার টপ ফেবারিট হলেও জোর গলায় বলা যাচ্ছে না, আজকের ম্যাচটা শুধু নেইমারদেরই হবে।
বড় দলগুলো ঝরে পড়লেও পিএসজির তারকা খেলোয়াড়েরা এখন পর্যন্ত বেশ সফলই বলা যায়। কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। সেই ধাক্কায় ছিটকে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। পরের ম্যাচেই এডিনসন কাভানিও দুবার লক্ষ্য ভেদ করেছেন। তাঁর সুবাদেই ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়েছে বিশ্বকাপ। পিএসজির আক্রমণের ‘ত্রিফলা’র অন্যজন কি পারবেন দুই সতীর্থের পথে হাঁটতে? হাজার হলেও তারকাখ্যাতিতে সবচেয়ে এগিয়ে তো নেইমারই।
বিশ্বকাপ থেকে জার্মানিকে ছাঁটাই করতে মেক্সিকোই প্রথম পেরেকটি ঠুকেছিল। তাই ব্রাজিলের জন্য মেক্সিকানরা যে অশনিসংকেত হয়ে উঠবে না, তা বলা যায় না। এক দিক দিয়ে ব্রাজিল–সমর্থকেরা একটু স্বস্তি পেতেই পারেন, এ পর্যন্ত মেক্সিকো কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে মাত্র দুবার। সর্বশেষ তারা কোয়ার্টার ফাইনালে গিয়েছিল ১৯৮৬ বিশ্বকাপে।
থিয়াগো সিলভার আশা, মেক্সিকোর যাত্রা থামাতে এমবাপ্পে, কাভানির পথেই হাঁটবেন নেইমার। নিজেও পিএসজির হয়েই খেলেন। তাই ক্লাব–সতীর্থদের সাফল্য তাঁকে উৎসাহিত করছে, ‘রাশিয়া বিশ্বকাপে অন্যান্য ক্লাবের তুলনায় পিএসজির তারকারাই বেশি উজ্জ্বল। আমাদেরও নেইমার আছে। আমি যখন এমবাপ্পে, কাভানিকে দেখলাম তখন আমার মনে হয়েছিল, এবার নেইমারের জ্বলে ওঠার পালা।’
তবে মেক্সিকোকে মোটেও সহজ প্রতিপক্ষ ভাবছেন না এই ডিফেন্ডার, ‘এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়, আমাদের চেষ্টা থাকবে যতটা সম্ভব কম ভুল করা। মেক্সিকো খুব ভালো খেলেই এবার দ্বিতীয় রাউন্ডে এসেছে। তাই ম্যাচটা আমাদের জন্য একদম সহজ হবে না।’