এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যেতে চান, স্বীকার করল পিএসজি
কত গুঞ্জনই না শোনা গেছে গত কদিনে! ‘কিলিয়ান এমবাপ্পে টু রিয়াল মাদ্রিদ’ নাটকের শেষ এখনো হয়নি, হবে কি না, তা-ও এখনো নিশ্চিত নয়। তবে এতটুকু এখন নিশ্চিত, এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন সত্য!
পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো যে নিজেই আজ স্বীকার করে নিয়েছেন, এমবাপ্পে পিএসজি ছাড়তে চান। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্তের সঙ্গে আজ আলাপে লিওনার্দো বলে দিয়েছেন, এমবাপ্পে আসলেই পিএসজি ছাড়তে চান। রিয়াল মাদ্রিদে যেতে চান কি না, সেটি সরাসরি বলেননি লিওনার্দো। তবে রিয়ালের কাছ থেকে যে প্রস্তাব গেছে পিএসজির কাছে, সেটাও স্বীকার করে নিয়েছেন।
পাশাপাশি এ-ও বলে দিয়েছেন, এমবাপ্পে চাইলেই সহজে দলবদল হবে না। ফরাসি স্ট্রাইকার যেতে চাইলে পিএসজি তাঁকে আটকাবে না, কিন্তু তার আগে এমবাপ্পেকে পেতে আগ্রহী ক্লাবকে পিএসজির চাওয়া পূরণ করতে হবে। অর্থাৎ, দামাদামিতে পিএসজি যা চাইবে, তা দিতে হবে।
‘কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়তে চায়, এটা পরিষ্কার। দলবদলের সময় শেষ হওয়ার আগে এক সপ্তাহ আগে আমরা আমাদের পরিকল্পনা বদলাতে পারি না। যদি ও (এমবাপ্পে) যেতে চায়, আমরা ওকে টেনে ধরে রাখব না। তবে যেতে চাইলে সেটা আমাদের শর্ত পূরণ করে যেতে হবে’—আরএমসি স্পোর্তে বলেছেন লিওনার্দো।
পিএসজিতে এমবাপ্পের চুক্তিতে আর বাকি আছে এক বছর। পিএসজি ছেড়ে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যেতে চান, এমন গুঞ্জন তো ইউরোপের ফুটবলের বাজারে ঘুরছে অনেক দিন ধরেই। এই মৌসুমে নেইমার-এমবাপ্পের মতো তারকা থাকা সত্ত্বেও পিএসজি সের্হিও রামোসের পর লিওনেল মেসিকেও নিয়ে আসার পর গুঞ্জন ছড়ায়, এমবাপ্পে আর পিএসজিতে থাকতে চান না। ফরাসি তারকার নাকি মনে হচ্ছিল, মেসি-নেইমার-রামোসদের ভিড়ে পিএসজিতে তিনিই সব মনোযোগের কেন্দ্রে থাকতে পারবেন না। পিএসজির ভবিষ্যৎ প্রকল্পের পুরোটা তাঁকে ঘিরেই হবে, এমনটাই নাকি চেয়েছেন ২২ বছর বয়সী স্ট্রাইকার।
সে কারণেই পিএসজির চুক্তি নবায়নের প্রস্তাব বারবার ফিরিয়ে দিয়েছেন এমবাপ্পে। লিওনার্দো সেটি নিয়ে বলেছেন, ‘আমরা সব সময় কিলিয়ানকে ধরে রাখারই চেষ্টা করেছি, ওর চুক্তি বাড়াতে চেয়েছি। সেটাই সব সময় আমাদের লক্ষ্য ছিল, এখনো তা-ই আছে। কিলিয়ানকে দুটি প্রস্তাব দিয়েছিলাম আমরা। একটা ছিল দুই মাস আগে, স্কোয়াডের ভালো মানের খেলোয়াড়দের সমান বেতনে। আরেকটি সম্প্রতি, ওই খেলোয়াড়দের চেয়েও বেশি বেতনে। আমরা ওর কাছে প্রমাণ করতে চেয়েছি যে ও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, আমাদের প্রকল্পের কেন্দ্রে ও। কিন্তু প্রকল্পের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেউ নয়।’
পিএসজি-এমবাপ্পের এই টানাটানির মধ্যে পরশু প্রথমে শোনা যায়, পিএসজি এমবাপ্পেকে ছাড়তে রাজি। কিন্তু তখনো রিয়াল মাদ্রিদ কোনো প্রস্তাব দেয়নি বলেই জানিয়েছিল আরএমসি স্পোর্ত, বরং ইংলিশ একটি ক্লাবই এমবাপ্পেকে পেতে আগ্রহী বলে শোনা গেছে। কিন্তু কাল খবর আসে, রিয়াল মাদ্রিদ এমবাপ্পের জন্য ১৬ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে। যদিও কালই শোনা গিয়েছিল, পিএসজি এই প্রস্তাবে রাজি নয়।
লিওনার্দোও সেটি নিশ্চিত করে দিয়েছেন। রিয়ালের ১৬ কোটির প্রস্তাব পিএসজি ফিরিয়ে দিয়েছে কি না, সে প্রশ্নে লিওনার্দোর উত্তর, ‘হ্যাঁ, আমরা মৌখিকভাবে না বলে দিয়েছি। তবে আমরা কাউকে আটকে রাখব না। কেউ যেতে চাইলে, সে ক্ষেত্রে আমাদের শর্ত পূরণ হলে আমরা সেটা ভেবে দেখব।’
রিয়ালের প্রস্তাবিত অর্থটা পিএসজির প্রত্যাশিত অর্থের চেয়ে অনেক কম বলেও জানিয়ে দিলেন লিওনার্দো, ‘এবারের গ্রীষ্মকালীন বাজারে (জুলাই-আগস্ট) আমরা দারুণ সব খেলোয়াড় নিয়ে স্বপ্নের একটা দল গড়েছি, কাউকে সেটা নষ্ট করতে দেব না। কিলিয়ানের এ মুহূর্তে যে দাম হওয়া উচিত, (রিয়ালের) প্রস্তাবটা আমাদের কাছে তার চেয়ে অনেক কম মনে হয়েছে। আমরা এখনো (২০১৭ সালে মোনাকো থেকে এমবাপ্পেকে কেনার দাম বাবদ) মোনাকোর কাছে দেনা আছি, এমন অবস্থায় এ প্রস্তাব আমাদের কাছে যথেষ্ট মনে হচ্ছে না।’
তাহলে রিয়াল কত দাম হাঁকালে পিএসজি রাজি থাকবে? সে ইঙ্গিতও যেন কিছুটা দিয়ে রাখলেন লিওনার্দো। মোনাকো থেকে এমবাপ্পেকে ১৮ কোটি ইউরোতে কিনে এনেছিল পিএসজি। সেই অঙ্কের আশপাশেই কিছু চাইছে পিএসজি, ‘(রিয়াল কত দর হাঁকিয়েছে) সেই অঙ্কটা আমি একেবারে নির্দিষ্ট করে বলব না, তবে (সংবাদমাধ্যমে গুঞ্জন চলতে থাকা ১৬ কোটি ইউরোর) আশপাশেই। আমরা ওকে কিনতে যা খরচ করেছি, তার চেয়ে এই অঙ্কটা কম।’
তার মানে ১৮ কোটি ইউরো বা তার বেশি অঙ্কই চাইছে পিএসজি। ফরাসি সংবাদমাধ্যম অবশ্য কাল জানিয়েছিল, রিয়াল ২০ কোটি ইউরো প্রস্তাব করলেই কেবল এমবাপ্পেকে ছাড়তে রাজি হবে পিএসজি।