এমবাপ্পেকে নতুন প্রলোভন পিএসজির
কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ আসলে কী—এই মুহূর্তে ফুটবল বিশ্বের সবচেয়ে দামি প্রশ্ন সম্ভবত এটাই। পিএসজির সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে দ্রুতই। আগামী গ্রীষ্মের দলবদলে তাঁকে মুক্ত খেলোয়াড় হিসেবে দলে ভেড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ। অন্যদিকে পিএসজিও আশায় আছে, ফরাসি তারকা শেষ পর্যন্ত প্যারিসেই থেকে যাবেন। এর মধ্যে নাকি নতুন চুক্তি নিয়ে আলোচনাও শুরু হয়ে গেছে দুই পক্ষের।
পিএসজির প্রায় প্রতিটি ম্যাচের আগে বা পরের সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন ছুটে যায় কোচ মরিসিও পচেত্তিনোর দিকে। আগামীকাল ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে পিএসজি খেলতে যাচ্ছে ক্লেরমঁর মাঠে। এর আগের সংবাদ সম্মেলনেও এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে পিএসজির আর্জেন্টাইন কোচকে। পচেত্তিনো সেই প্রশ্নের উত্তরে বলেছেন—এমবাপ্পে প্যারিসে থেকে গেলে পিএসজির জন্য যেমন ভালো, এমবাপ্পের নিজের ক্যারিয়ারের জন্যও এটাই হবে সেরা সিদ্ধান্ত। আগামী মৌসুমে তাঁকে অধিনায়ক করার যে গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা যে সত্য হচ্ছে, তা–ও অনেকটা নিশ্চিত করেছেন কোচ।
এমবাপ্পের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে জুন মাসে। ২৩ বছর বয়সী স্ট্রাইকারের নতুন চুক্তি করার কোনো আলামত দৃশ্যমান হচ্ছে না দেখেই প্রায় প্রতিদিনই তাঁকে নিয়ে নতুন নতুন গুঞ্জন ওঠে। ৩ এপ্রিল নিজেদের মাঠে লরিয়াঁকে ৫-১ গোলে হারানো ম্যাচে পিএসজির হয়ে এমবাপ্পে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩টি গোল। সেই ম্যাচের পর যা বলেছেন, তাতে পিএসজি সমর্থকেরা খুশি হলেও রিয়ালের সমর্থকদের মন খারাপ হয়ে গেছে, ‘পিএসজিতে থেকে যাওয়ার সম্ভাবনা আছে কি না? আমি তো বলব অবশ্যই আছে।’
ক্লেরমঁর বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না পিএসজির নিয়মিত অধিনায়ক মারকিনিওস। আগামীকাল ম্যাচটিতে পিএসজিকে নেতৃত্ব দেবেন এমবাপ্পে। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তাই পচেত্তিনো এসেছিলেন তাঁকে নিয়ে। সংবাদ সম্মেলনে এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে করা প্রশ্নে তাই পচেত্তিনো বলেন, ‘কিলিয়ান তো আপনাদের সামনেই আছে। ওকেই প্রশ্নটা করতে পারেন আপনারা।’
এরপর এমবাপ্পের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন পিএসজির আর্জেন্টাইন কোচ, ‘ক্লাবের জন্য সবচেয়ে ভালো ব্যাপার হবে কিলিয়ানের এখানে থেকে যাওয়া। কিলিয়ানের জন্যও এটাই সবচেয়ে ভালো ব্যাপার হবে। (নতুন চুক্তির) আলোচনা শুরু হয়েছে।’ ফ্রেঞ্চ সংবাদমাধ্যমগুলোর দাবি, নতুন চুক্তিতে ক্লাবের সবচেয়ে বেশি বেতনভোগী হবেন এমবাপ্পে, চুক্তি স্বাক্ষরের জন্য চোখ কপালে তোলা বোনাসও দেওয়া হবে। সে সঙ্গে তাঁকে অধিনায়ক বানানোর পাশাপাশি ক্লাবের দলবদলে তাঁর মত নেওয়ার প্রস্তাবও রাখা হবে।