এমবাপ্পেকে বিক্রি করে দিতে বলছেন পিএসজির সমর্থকেরা

এমবাপ্পে আর ভালো লাগছে না সমর্থকদেরছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’—কিলিয়ান এমবাপ্পের ব্যাপারে পিএসজির সমর্থকদের মনোভাবটা এখন অনেকটাই এমন। ফ্রান্সের তারকা ফরোয়ার্ড যখন আর প্যারিসে থাকতে চাচ্ছেন না, তাঁকে যেতে দেওয়াই ভালো মনে করছেন ক্লাবটির সমর্থকেরা।

ক্রিস্টিয়ানো রোনালদো যখন রিয়াল মাদ্রিদে ছিলেন তখনই এমবাপ্পেকে পেতে চাচ্ছিল রিয়াল। রোনালদো চলে যাওয়ার পর তো সে ইচ্ছা চেষ্টা করেও লুকানো যায়নি। ওদিকে এমবাপ্পেও কৈশোরবেলা থেকেই স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। অবশেষে দুই পক্ষের ইচ্ছাটা একবিন্দুতে মিলল। কয়েক দিন ধরে খবর, রিয়ালে যাওয়ার জন্য রীতিমতো মুখিয়ে উঠেছেন এমবাপ্পে। এ কারণে ক্লাবের দেওয়া একের পর এক চুক্তি নবায়নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এমবাপ্পে।

এমবাপ্পে-নেইমার জুটি কি আর দেখা যাবে না?
ছবি: টুইটার

এমবাপ্পের ওপর তাই ক্ষুব্ধ হয়ে উঠেছেন পিএসজির সমর্থকেরা। লিওনেল মেসি, নেইমার ও এমবাপ্পেকে নিয়ে সমর্থকেরা যখন স্বপ্নের আক্রমণভাগের খেলা দেখার অপেক্ষায় আছেন, সেখানে ক্লাব ছাড়ার ইচ্ছা জানিয়ে বাগড়া দিয়েছেন এমবাপ্পে। মেসিকে আনুষ্ঠানিকভাবে যেদিন পার্ক দে প্রিন্সেসে পরিচয় করিয়ে দেওয়া হলো, সেদিন এমবাপ্পের নামে দুয়ো দেওয়া হয়েছে।

এমবাপ্পে তখনো দল ছাড়ার ব্যাপারে কিছু জানাননি। আর এরপর তো রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে পেতে প্রস্তাবই দিয়ে দিল। আর এমবাপ্পেও যে ক্লাব ছাড়তে চাইছেন, সেটা স্বীকার করে নিয়েছেন ক্লাবের ক্রীড়া পরিচালক লিওনার্দো।

কয়েক দিনের মধ্যেই এমবাপ্পে রিয়ালের জার্সিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলেই আন্তর্জাতিক গণমাধ্যমের খবর। সমর্থকেরা আরও এক ধাপ এগিয়ে ভাবছেন। এমবাপ্পে এরই মধ্যে রিয়ালের সঙ্গে চুক্তি সেরে নিয়েছেন বলেও মনে করেন অনেক সমর্থক। পিএসজির তরুণ সমর্থক থমাসন ল পারিসিয়ানকে বলেছেন, ‘আমি মনে করি, এরই মধ্যে চুক্তি করে ফেলেছেন।’

এমবাপ্পের দল ছাড়ার নাটকে ক্ষুব্ধ থমাসন। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘যদি এখানে থাকেন, ভালো। কিন্তু তাঁর স্বপ্ন যদি হয় রিয়াল মাদ্রিদে যাওয়া, সে ব্যাপারে আমাদের কিছুই করার নেই। সবচেয়ে হতাশার বিষয় হলো এখানে সবকিছু আছে তাঁর। তাঁকে কেন্দ্র করে দল গঠনের জন্য সবকিছুই করা হয়েছে পিএসজিতে। এটাই ফুটবল। তিনি এখনো অনেক বড় খেলোয়াড়। কিন্তু অনেক বড় বড় নাম ও কিংবদন্তি যোগ দেওয়ার পরও যদি তিনি দল ছাড়েন, তবে পিএসজির সমর্থকদের মধ্যে তিক্ততা ছড়াবেই।’

মেসি যোগ দেওয়ার পরও মত বদলাচ্ছেন না এমবাপ্পে
ছবি: টুইটার

হতাশ হয়ে ওরেলিয়েঁ নামের এক সমর্থক তো এমবাপ্পেকে বিক্রি করে দেওয়ারই আহবান জানিয়েছেন, ‘যদি ক্লাব ছাড়েন আমি আনন্দিত হব। অনেক দিন ধরেই এমন করছেন, তাঁকে আমাদের ছেড়ে দিতে হবে। সে টাকায় নতুন খেলোয়াড় নিতে হবে। রিয়াল মাদ্রিদের কাছ থেকে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করা যাবে না...তাঁকে বিক্রি করতে হবে।’

বার্সেলোনা থেকে মেসি আসার পর অনেক সমর্থক এরই মধ্যে নতুন জার্সি কিনেছেন। এমন একজন এস বাস্তিয়েন। গত সপ্তাহে পিএসজি দোকান থেকে ছেলেকে জার্সি কিনে দেওয়া এই সমর্থকের দাবি, ‘১৮০ মিলিয়ন ইউরো পেলে আমি মনে করি তাঁর যাওয়া উচিত। আমি দলে লেভানডফস্কি বা হরলান্ডকে চাই, তাহলেই সব ঠিক হয়ে যাবে।’