এমবাপ্পেকে মেসি-নেইমারের সঙ্গ ছাড়তে মানা ফ্রান্সের প্রেসিডেন্টেরও

পিএসজির তিন তারকা নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী হবে!

কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে এ উৎকণ্ঠা। জুলাইয়ে পিএসজির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ফুরাবে। পিএসজি তাঁকে ধরে রাখার চেষ্টা করছে, রিয়াল মাদ্রিদ তাঁকে উড়িয়ে আনতে চায়।

এটাই সাধারণ সমীকরণ হলেও দুটি দেশের রাষ্ট্রপ্রধান এই টানাটানিতে যোগ দেওয়ায় বিষয়টি ক্রমশ জটিল হয়ে উঠছে।

পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো এক এক করে সব বলা যাক। এমবাপ্পে নামটা যখন পরিচিত হয়েছে, তার আগ থেকেই আগ্রহ ছিল রিয়ালের। ফরাসি স্ট্রাইকার তবু পিএসজিতে যোগ দিয়েছেন, কিন্তু মনে মনে রিয়ালে যাওয়ার ইচ্ছা পুষে রেখেছেন।

কিছুদিন আগে মুখ ফুটে বলেও ফেলেছেন। ওদিকে রিয়ালও অপেক্ষায় ছিল সঠিক সময়ের। ২০১৮ থেকে এত দিন অপেক্ষার পর এবার এমবাপ্পেকে প্যারিস থেকে মাদ্রিদে উড়িয়ে আনতে চায় রিয়াল।

২০১৮ বিশ্বকাপ জয়ের পর এমবাপ্পেকে অভিনন্দন জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ
ছবি: টুইটার

এর মধ্যে খবর বেরিয়েছে, এমবাপ্পেকে পিএসজিতেই চুক্তি নবায়নের অনুরোধ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। কাতারের আমিরও যেকোনো মূল্যে এমবাপ্পেকে প্যারিসের ক্লাবটিতে ধরে রাখার চেষ্টা করছেন। ফরাসি ফুটবলের হাঁড়ির খোঁজ রাখা সংবাদকর্মী রোমাইন মলিনা খবরটি জানিয়েছেন।

মলিনা জানিয়েছেন, মাখোঁ এখন নির্বাচনী কাজে ব্যস্ত থাকলেও চোখ রাখছেন এমবাপ্পের ওপরও। ফরাসি ফুটবলের ‘পোস্টার বয়’ দেশ ছেড়ে অন্য কোথাও গিয়ে খেলুক, তা কোনোভাবেই চান না মাখোঁ।

এদিকে কাতারি মালিকের ক্লাব পিএসজি ও কাতার স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ (কিউএসআই) এমবাপ্পেকে ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় বানাতে চায়। চ্যাম্পিয়নস লিগ জয়ে এমবাপ্পেকে চাবিকাঠি বানিয়ে আগামী কয়েক বছরের পরিকল্পনা হাতে নিতে চায় পিএসজি।

কিছুদিন আগে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানায়, পিএসজিতে নেইমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়। বেতনে এরপরই মেসি, তারপর এমবাপ্পে।

পিএসজির সঙ্গে চুক্তি নবায়নেও এর আগে গড়িমসি করেছেন এমবাপ্পে। তখন অনেকে ধরেই নিয়েছিলেন, পিএসজি তাঁকে সেভাবে দাম না দেওয়ায় এমবাপ্পের পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে রিয়াল। কিন্তু লিগ আঁ-তে রোববার সর্বশেষ ম্যাচে জোড়া গোলের পর এমবাপ্পের কথায় আশা খুঁজে নিতে পারেন পিএসজির সমর্থকেরা, ‘এখনো সিদ্ধান্ত নিইনি। ভাবছি। নতুন অনেক বিষয়-আশয় নিয়ে ভাবতে হবে। আমি ভুল করতে চাই না।’

লে’কিপ জানিয়েছে, এমবাপ্পেকে নতুন টোপ দেওয়া হচ্ছে। সপ্তাহে ১০ লাখ ইউরোর টোপ তো আগেই ছিল, সে ক্ষেত্রে দলের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড় হবেন এমবাপ্পে।

এবার দলের অধিনায়কত্বও তাঁকে দেওয়ার প্রলোভন দেওয়া হচ্ছে। প্যারিসে জন্ম নেওয়া এক ফুটবলারের জন্য প্যারিস সেন্ট জার্মেইয়ের অধিনায়কত্ব অনেক কাঙ্খিত। এর মধ্যে চুক্তি নবায়ন নিয়ে এমবাপ্পের পরিবারও নাকি আগ্রহী—এমন খবরও দিচ্ছে ফ্রান্সের সংবাদমাধ্যম।

যে খেলোয়াড় পিএসজিতে যোগ দেওয়ার কিছুদিন পরই রিয়ালের প্রতি আগ্রহ দেখান, সেই খেলোয়াড়ই এখন সিদ্ধান্তহীনতায় ভোগার পেছনে কারণ কি মাখোঁ ও কাতারের আমির? দুইয়ে-দুইয়ে অনেকে এভাবেই চার মিলিয়ে নিচ্ছেন। সামনের দুটি মাসে তাই এমবাপ্পে, পিএসজি ও রিয়াল ঘিরে যে প্রচুর কথা হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

এমনও হতে পারে, এমবাপ্পে হয়তো সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছেন। সময় হলেই তিনি পিএসজি ছেড়ে রিয়ালের পথে পা বাড়াবেন। সে ক্ষেত্রে তাঁকে কিন্তু দেশের প্রেসিডেন্টের অনুরোধকে পেছনে ফেলতে হবে।