এমবাপ্পের ওপর রাগ নেই ফ্রান্সের

এমবাপ্পে কতটা হতাশ, সেটি এ ছবিই বলে দিচ্ছে।ফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্স বিদায় নিল ইউরো থেকে। আর সেটি ঘটল দলের সেরা খেলোয়াড়ের কারণেই। সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কিলিয়ান এমবাপ্পের টাইব্রেকার মিসেরই খেসারত দিয়েছে তারা।

ম্যাচ শেষেই ক্ষমা চেয়েছিলেন এমবাপ্পে। সেটি ছাড়া আর কীই-বা করতে পারতেন। তবে টাইব্রেকার এমন একটা ব্যাপার, সেটি তো ভাগ্য পরীক্ষা ছাড়া আর কিছু্ই নয়। সে পরীক্ষায় দুর্ভাগ্যের শিকার তো যে কেউ হতেই পারে। তাই এমবাপ্পেকে ‘দোষী’ বানানোর কিছু নেই। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তো বলেই দিলেন, দলের কেউই রাগ করে নেই এমবাপ্পের ওপর।

ভাগ্যবিপর্যয়ের শুরুটা হয়েছিল আগে থেকেই। ম্যাচের ৯ মিনিট বাকি থাকতে ৩-১ গোলে এগিয়ে থাকার পরও শেষদিকে দুই গোল খাওয়া তো ভাগ্যবিপর্যয়ই। তবে সুইজারল্যান্ডের কৃতিত্বকে খাটো করার কিছু নেই, সেদিন তারা যোগ্য দল হিসেবেই ফ্রান্সকে টপকে পৌঁছে গেছে কোয়ার্টারের লড়াইয়ে।

ইউরোর শেষ ষোলো থেকে বিদায়ের পর খেলোয়াড়দের সঙ্গে দিদিয়ের দেশম।
ফাইল ছবি: রয়টার্স

৩-১ গোলে এগিয়ে থাকা ম্যাচ টাইব্রেকারে নিয়েই ফ্রান্সকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল সুইসরা। টাইব্রেকারে প্রথম ৯টি শটের সব কটিতে গোল হওয়ার পর শেষটি নিতে এসেছিলেন এমবাপ্পে। তাঁর শটটি ঠেকিয়ে দিয়েছেন সুইজারল্যান্ডের গোলকিপার ইয়ান সমার।

ফ্রান্স কোচ এমবাপ্পের এ মিস নিয়ে কথা বলারই কিছু দেখছেন না, ‘ড্রেসিংরুমের সবাই ঐক্যবদ্ধই আছে। কেউই কারও ভুল নিয়ে কথা বলেনি। কিলিয়ানও তার দায়িত্বটা জানে।’

পেনাল্টি শ্যুট আউটে ব্যর্থ হয়েছেন এমবাপ্পে।
ফাইল ছবি: রয়টার্স

এমবাপ্পে কেমন খেলোয়াড়, সেটি সবাই জানে। দেশম এ ফরাসি তারকার অতীতের সাফল্য, দলে তাঁর অবদানগুলো মনে করিয়ে দিয়েছেন সবাইকে। সেই সঙ্গে নিজেদের দলের শক্তিমত্তাও, ‘আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। আমরা এই স্কোয়াডের শক্তিমত্তা জানি। এদিনও আমরা দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি। হেরে যাওয়াটা কষ্টের। তবে সেটি মেনে নেওয়া ছাড়া আমাদের উপায় নেই।’