এমবাপ্পের কাছে রিয়াল-রোনালদো এখন অতীত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিএসজির হয়ে দারুণ ছন্দে আছেন এমবাপ্পে। ছবি: রয়টার্স
পিএসজির হয়ে দারুণ ছন্দে আছেন এমবাপ্পে। ছবি: রয়টার্স

মাত্র কয়েক মাসেই কতটা বদলে গেলেন কিলিয়ান এমবাপ্পে! মৌসুমের শুরুতে মোনাকো ছেড়ে তাঁর রিয়ালে যাওয়া প্রায় নিশ্চিতই ছিল। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর আশৈশব ভক্ত এই কিশোর প্রতিভাকে ছিনিয়ে নিয়ে গিয়েছে পিএসজি। তাই নেইমারের বর্তমান সতীর্থের কাছে রিয়াল মাদ্রিদ এখন অতীত।

মাদ্রিদে এসেছিলেন এমবাপ্পে, তবে রিয়ালের সঙ্গে কথা বলতে নয়। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে একান্তে সাক্ষাৎকার দিয়েছেন ফরাসি ফুটবল প্রতিভা। সেখানেই স্বীকার করেছেন রিয়ালের সঙ্গে যে আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছিল সেটা। নিজের ‌‘হলেও-হতে-পারত’ ক্লাবের বিপক্ষে খেলাটা কতটা অদ্ভুত ঠেকছে এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘না, এটা তো ফুটবলেরই অংশ। দলবদলের অনেক গুজব ছড়িয়েছে, হ্যাঁ, আমরা কথাবার্তাও চালাচ্ছিলাম। কিন্তু আমি বিশ্বাস করি, আমার আর রিয়াল মাদ্রিদের মাঝে যা-ই ঘটেছে, তা এখন অতীত। আমি এখন পিএসজির হয়ে খেলি এবং এর জন্য ১০০ ভাগ ঢেলে দিতে তৈরি।’

লস ব্লাঙ্কোদের হয়ে খেলতে না যাওয়াটাকে সঠিক সিদ্ধান্ত মানছেন এমবাপ্পে। পিএসজিতে যাওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ‘পিএসজি আমার শহরের ক্লাব। এটা মাদ্রিদের কোনো ছেলের রিয়ালে না গিয়ে অন্য দেশে অন্য ক্লাবে খেলতে যাওয়ার মতো হতো। আমি পিএসজির হয়ে খেলতে চেয়েছিলাম।’

অথচ এ বছর আগস্টেই মোনাকো ছেড়ে রিয়ালে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন এমবাপ্পে। তখন রিয়াল আর রোনালদো নিয়ে তাঁর কতশত স্বপ্নের কথা জানা যাচ্ছিল। ছোটবেলা থেকেই রোনালদোর ভক্ত ছিলেন এমবাপ্পে, শোবার ঘরের দেয়ালে সাঁটাতেন তাঁর পোস্টার। তবে মনে হচ্ছে পিএসজিতে এসে নেইমারের ভক্ত বনে গেছেন।

মোনাকোতে থাকাকালীন এমবাপ্পের শোবার ঘরে রোনালদোর পোস্টার। ছবি: দ্য ১৮
মোনাকোতে থাকাকালীন এমবাপ্পের শোবার ঘরে রোনালদোর পোস্টার। ছবি: দ্য ১৮

নেইমারের প্রশংসা করে বলেছেন, ‘এখানে নেইমার আছে এবং সে রোনালদোর সমমানের খেলোয়াড়...ফুটবলে তাঁর মতো কোনো ড্রিবলার নেই। অনেকেই তাঁকে অহংকারী মনে করলেও আসলে সে ও রকম নয়। সে অনেক সহানুভূতিশীল ও নরম মনের।’

নেইমারও এই উঠতি তারকাকে নিজের শিষ্যের মতো করে বড় করছেন। দুজনের দারুণ বোঝাপড়ার সঙ্গে এডিনসন কাভানির গোলে ফরাসি লিগের শীর্ষস্থানে রয়েছে পিএসজি।

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বার্নাব্যুতে রিয়ালের মুখোমুখি হতে হবে এমবাপ্পে-নেইমারদের পিএসজির। এতে ছোটবেলার ‘হিরো’ রোনালদোর বিপক্ষে খেলবেন এমবাপ্পে। তবে এ নিয়ে নাকি আবেগে ভেসে যাচ্ছেন না ফরাসি ফরোয়ার্ড। রিয়ালের অনুশীলন মাঠে এসে ছবি তুলে গিয়েছিল বেশ আগে। সে স্মৃতি মনে করিয়ে দিতেই বললেন, ‘তিনি অবশ্যই আমার ছোটবেলার হিরো। ভালভাদেসে তাঁর সঙ্গে দেখা হওয়াটা বিশেষ ব্যাপার ছিল। ছোট থাকতে আমি তাঁকে আদর্শ মানতাম, কিন্তু সেসব এখন অতীত। আমি এখন বার্নাব্যুতে এসে পিএসজির হয়ে জিততে চাই।’

কৈশোর ছেড়ে বড় হয়ে উঠছেন এমবাপ্পে। ক্লাবের প্রতি আনুগত্যকে নিজের ভালোবাসার চেয়েও বেশি প্রাধান্য দিতে শিখেছেন। নকআউট পর্বের আগে যা পিএসজির জন্য দারুণ খবর। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মুখোমুখি হবে এই দুই দল।